জাহাঙ্গীর সুর
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩২ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এ বনের প্রতিবেশগত ধস নিয়ে ৩১ আগস্ট দ্য কনভারসেশনে একটি নিবন্ধ লিখেছেন কনকর্ডিয়া ইউনিভার্সিটির জীববিজ্ঞানের পিএইচডি গবেষক স্নিগ্ধদেব দত্ত ও ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির উইমেন্স স্টাডিজের পিএইচডি গবেষক আর্যমা ভট্টাচার্য। তাদের সেই সরেজমিন অভিজ্ঞতার আলোকেই সুন্দরবনের শুকিয়ে যাওয়া জলাশয় ও বিপন্ন জনপদের করুণ চিত্র এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন। নাম শুনলেই আমাদের মনোজগতে ভেসে ওঠে গরান, গেওয়া, আর সুন্দরী গাছের এক দুর্ভেদ্য চিরহরিৎ বর্মের ছবি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ভয়াল জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের সামনে দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে।
প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে পরিবেশবিজ্ঞানীÑ সবার কাছেই সুন্দরবন এক জীবন্ত আশ্চর্যের নাম। কিন্তু গবেষক স্নিগ্ধদেব ও আর্যমা সতীর্থদের নিয়ে যখন এই অনন্য বদ্বীপে পা রাখেন, তখন তাদের দৃষ্টিতে উজাড় হওয়া বনের চেয়েও এক ভয়াবহ শূন্যতা ধরা পড়ে। সেটি হলো মিঠাপানির শূন্যতা। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মতো প্রমত্তা নদীগুলোর মিলনস্থলে যে বদ্বীপে অনন্তকাল ধরে জলধারার কোনো অভাব হওয়ার কথা ছিল না, সেখানে ফাটল ধরা শুকনো পুকুরের খাঁখাঁ প্রান্তর আজ এক মহাবিপর্যয়ের অশনিসংকেত দিচ্ছে। যে পুকুরগুলো কয়েক বছর আগেও মাছে টইটম্বুর ছিল এবং পরিবারের অন্নের জোগান দিত, আজ সেগুলো শুকিয়ে গেছে। সর্বস্বান্ত হয়ে পড়া মৎস্যচাষিরা এখন বেঁচে থাকার শেষ সম্বল হিসেবে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সমবায় বা ক্ষুদ্র সঞ্চয় দল গড়ছেন। ম্যানগ্রোভ বন ধ্বংস হওয়ার যেকোনো তাত্ত্বিক বা খটমটে পরিসংখ্যানের চেয়ে এই শুকিয়ে যাওয়া জলাশয়গুলো অনেক বেশি গভীর ও মানবিক ক্ষতের ইঙ্গিত দেয়। গবেষকরা বলছেন, এটি হয়তো একটি ছোট, নির্দিষ্ট বা বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে, কিন্তু ৪০ লাখ মানুষের জীবন-জীবিকা, খাদ্য ও আশ্রয়ের ওপর নির্ভরশীল এই বাস্তুতন্ত্রের সর্বত্রই আজ এমন নীরব বিপর্যয় নেমে এসেছে।
নোনাজলের আগ্রাসন ও ভঙ্গুর রক্ষাকবচ
সুন্দরবনের গল্প কেবল গাছপালা, রয়েল বেঙ্গল টাইগার বা বন্য প্রাণীর নয়; এর পরতে পরতে জড়িয়ে আছে এখানকার খেটে খাওয়া মানুষের টিকে থাকার এক নির্মম লড়াই। জোয়ারের নোনাপানির আগ্রাসন থেকে ফসলি জমি ও লোকালয়কে বাঁচানোর জন্য যে বাঁধগুলো নির্মাণ করা হয়েছিল, সেগুলো এখন এতটাই ভঙ্গুর যে, স্থায়ীভাবে মেরামত করার আগেই তা বারবার ভেঙে পড়ছে। বর্ষার আগে তড়িঘড়ি করে কাদা আর বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে কোনোমতে বাঁধ টিকিয়ে রাখার যে আপ্রাণ চেষ্টা চলে, তা জোয়ারের এক ধাক্কাতেই ভেসে যায়। এর মারাত্মক পরিণতি ভোগ করতে হচ্ছে প্রান্তিক কৃষকদের।
লবণাক্ত জল প্রবল বেগে প্রবেশ করছে উর্বর কৃষিজমিতে। যে মাটিতে একসময় বছরে দুবার সোনার ধান ফলত, সেখানে এখন একটি ফসল ফলানোই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। মিঠাপানির পুকুরগুলো ধীরে ধীরে আধা-লবণাক্ত বা স্বাদু-নোনাজলের জলাশয়ে পরিণত হচ্ছে। একবার পুকুরের পানিতে নোনাজলের অনুপ্রবেশ ঘটলে তা আর কখনোই আগের অবস্থায় ফেরে না। এই পরিবর্তিত ও বৈরী পানিতে যে প্রজাতির মাছগুলো কোনোমতে বেঁচে থাকে, তা দিয়ে একটি পরিবারের ভরণপোষণ, চিকিৎসা ব্যয় বা সন্তানদের পড়ালেখার খরচ মেটানো কোনোভাবেই সম্ভব হয় না। মাছগুলো আকারে যেমন ছোট হয়ে যায়, তেমনি বাজারে এর অর্থনৈতিক মূল্যও অনেক কমে যায়।
টিকে থাকার নিরন্তর ও নিভৃত সংগ্রাম
প্রতিকূল এই পরিবেশের সঙ্গে মানুষ যেভাবে খাপ খাইয়ে নিচ্ছে, তা বাইরে থেকে খুব একটা চোখে পড়ার মতো ঘটনা নয়। এটি অত্যন্ত নীরব, নিভৃত ও নৈমিত্তিক এক সংগ্রাম। মানুষ যখন বাধ্য হয়ে দিনমজুরের কাজ নেয়, সমবায় গঠন করে অথবা সন্তানদের এমন কোনো অচেনা শহরে পাঠিয়ে দেয়, যেখানে তাদের যাওয়ার কোনো কথাই ছিল না; তখনই বোঝা যায় জলবায়ু অভিযোজন আসলে কোনো সরকারি পলিসি বা নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন প্রান্তিক মানুষের জীবন-মরণের প্রশ্নে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের আঘাত একদিনে বা হঠাৎ করে আসে না। এটি ধীরে ধীরে সঞ্চিত হতে থাকে এবং একসময় চরম সীমায় পৌঁছে। যখন এই কাঠামোগত ক্ষতি মানুষের চোখে ধরা পড়ে, তখন আর তা সামাল দেওয়ার কোনো উপায় থাকে না। গবেষকরা বলছেন, লবণাক্ততা একদিনে কোনো জলাশয়কে ধ্বংস করে না, বছরের পর বছর ধরে জমতে জমতে তা ব্যবহারের অযোগ্য করে তোলে। সুন্দরবনের বর্তমান পরিস্থিতি সেই ধীরগতির আগ্রাসনেরই এক দৃশ্যমান ও চূড়ান্ত রূপ।
জলবায়ু তহবিলের কাঠামোগত বৈষম্য
এই বহুমুখী সংকট সুন্দরবনের ভারত ও বাংলাদেশ অংশের ভৌগোলিক সীমানায় আবদ্ধ নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বিশ্বে যে তহবিল ব্যবস্থা রয়েছে, তার একটি বড় কাঠামোগত দুর্বলতা হলোÑ এটি মূলত ঘূর্ণিঝড় বা বন্যার মতো আকস্মিক ও বড় মাপের দুর্যোগ মোকাবিলাতেই বেশি ব্যবহৃত হয়। দাতা সংস্থাগুলো সহজেই এসব দুর্যোগের ‘আগে ও পরের’ হিসাব মেলাতে পারে। কিন্তু বছরের পর বছর ধরে চলা লবণাক্ততার মতো ধীরগতির দুর্যোগ ঠেকাতে এই তহবিলের খুব সামান্যই বরাদ্দ দেওয়া হয়। ঘূর্ণিঝড় থামলে হয়তো কিছু জরুরি ত্রাণ পৌঁছে, কিন্তু দীর্ঘমেয়াদি লবণাক্ততার কারণে যারা চিরতরে কৃষিকাজ বা মাছ ধরা ছাড়তে বাধ্য হচ্ছেন, তাদের কাছে কোনো সহায়তাই পৌঁছে না। জলবায়ু তহবিলের অর্থ মূলত বাঁধ নির্মাণ বা বৃক্ষরোপণের মতো বড় অবকাঠামোগত প্রকল্পেই আটকে থাকে। এই উদ্যোগগুলো নিঃসন্দেহে প্রশংসনীয় ও প্রয়োজনীয়। কিন্তু যে প্রান্তিক মানুষটি তার মৃতপ্রায় পুকুরের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের চিন্তায় দিশেহারা, তার জীবনে এই তহবিলের কোনো ইতিবাচক ছাপ পড়ে না।
অন্যান্য বদ্বীপের জন্য এক জীবন্ত সতর্কবার্তা
স্নিগ্ধদেব দত্ত ও আর্যমা ভট্টাচার্য তাদের প্রবন্ধে লিখেছেন, সুন্দরবনের এই করুণ পরিণতি আসলে বিশ্বের অন্যান্য বদ্বীপের জন্যও এক ভয়ংকর অশনিসংকেত হিসেবে দাঁড়িয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মেকং, মিসরের নীল নদ এবং দক্ষিণ নাইজেরিয়ার নাইজার বদ্বীপেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে অত্যন্ত ধীরগতিতে। তবে সুন্দরবন যেন সবার আগেই এই ভয়াবহ পরিণতির শিকার হয়েছে। এখানকার জেলে ও কৃষক সম্প্রদায়ের এই নীরব পতন কেবল কোনো দূরবর্তী ভবিষ্যতের সতর্কতা নয়; বরং এটি প্রমাণ করে যে, একটি বাস্তুতন্ত্রের ধীরগতির ধস যখন প্রতিরোধের সব প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে হার মানায়, তখন তার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে। সুন্দরবন যেন আজ গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তনের শিকার হতে যাওয়া অন্যান্য বদ্বীপগুলো হয়তো প্রস্তুতির জন্য এতটুকু সময়ও পাবে না।