× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি দলের লোকদের কাজ দিতে চাপ বাড়ছে আইন সংশোধনে

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি দলের নেতাকর্মীরা যাতে ঠিকাদারির কাজ পেতে পারেন, সে লক্ষ্যে বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) সংশোধনে দেরি হচ্ছে। এ কারণে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে সরকারি দলে। গত ৬ জুলাই আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। জাতীয় সংসদের চলমান অধিবেশনে এ নিয়ে সংসদ সদস্যরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও এমপিদের ক্ষোভের সঙ্গে সুর মিলিয়ে সরকারের দুই মন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, ‘মাননীয় মন্ত্রী, ছয় মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’

গত রবিবার জাতীয় সংসদের অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এ বিষয়ে একটি জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিস আনেন। নোটিসটি উত্থাপনকালে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্ট যদি একদিন বা সাত দিনে ই-টেন্ডার প্রক্রিয়া সহজ করতে পারে, তাহলে আমাদের সরকারের ৬ মাস লাগবে কেন? এ প্রক্রিয়া সহজ করতে আর কত দিন লাগবে?’ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়ে ৭১ বিধিতে দেওয়া নোটিসে তিনি এ কথা জানতে চান।

জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘জনগণের স্বার্থে বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।’

আইন সংশোধন কমিটির প্রধান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তখন বলেন, ‘অন্তর্বর্তী সরকার যেভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পেরেছিল, বর্তমান সরকার সেভাবে কাজ করার সুযোগ পায়নি। কারণ বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আইন-কানুন ও নিয়মের মধ্য দিয়ে কাজ করতে হয়। তবে এই কমিটি কয়েকটি বৈঠক করেছে। শিগগিরই এ সম্পর্কিত রিপোর্ট উত্থাপন করা হবে।’ 

সংসদ সদস্যের অভিযোগ স্বীকার করে তিনি ওই সময় বলেন, ‘ভালো কাজ করতে গেলে অনেক সময় একটু সময় লাগে। আইন অনুসরণ করতে হয়, নিয়ম-কানুনের ভেতর দিয়ে যেতে হয়। তাড়াহুড়ো করে আমরা যদি কোনো আইনের ব্যত্যয় করি, তাহলে কিন্তু দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকব।’

সরকারি নেতাকর্মীরা কাজ পাচ্ছেন না যে কারণে 

বর্তমানে সরকারি সব ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুযায়ী। এই বিধিমালার বিধান অনুযায়ী, ৫ কোটি টাকা পর্যন্ত কাজের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা চাওয়া যাবে না। তবে এই বিধানে অনলাইনে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়া যায়। তা ছাড়া কাজ বণ্টন করা হয় লটারিতে। ফলে সরকারি দল সমর্থকরা ঠিকাদারির কাজ না-ও পেতে পারেন।

একইভাবে পিপিআরে বড় ক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে উন্মুক্ত ক্রয় প্রক্রিয়ায় (ওটিএম) দরপত্র গ্রহণ এবং এসএলটির মাধ্যমে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়ার বিধান রয়েছে। চলতি অর্থবছর বিধিমালায় এই এসএলটি প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। কেউ যাতে অস্বাভাবিক কম দর দিয়ে কাজ বাগিয়ে নিয়ে পরবর্তী সময় কাজ অসমাপ্ত রাখতে না পারেন এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার বা অতিরিক্ত টাকা দাবি করার মতো ঝুঁকি তৈরি করতে না পারেন, সে লক্ষ্যে এ প্রক্রিয়া চালু করা হয়। এ ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টি বাধ্যতামূলক। কিন্তু গত ১৮ বছরে বিএনপির নেতাকর্মীরা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। তাই তাদের অভিজ্ঞতাও তৈরি হয়নি। পিপিআরের এই ধারায় তারা টেন্ডার প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাচ্ছেন কিংবা অংশগ্রহণের সুযোগই পাচ্ছেন না।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চার মাসে সড়ক ও জনপথ, এলজিইডি, পাবলিক হেলথ, গণপূর্ত, এইচইডি, শিক্ষা প্রকৌশলসহ বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে সরকারি দলের নেতাকর্মীরা এই প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও তাদের দলীয় নেতাকর্মীদের কাজ দিতে গিয়ে বিদ্যমান ক্রয় প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হচ্ছেন। এ কাজগুলো পেতে তাই সরকারি দলের নেতাকর্মীদের আওয়ামী লীগ আমলের দাপুটে ঠিকাদারদের আশ্রয় নিতে হয়েছে।

যা বলেছিলেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রী

বিষয়টি নিয়ে এর আগে জবাবদিহিতার মধ্যে পড়েছিলেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। গত ৮ জুন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল এ বিষয়ে জাতীয় সংসদে একটি জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিস উত্থাপন করেন সে সময়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘ই-জিপি টেন্ডারে আওয়ামী লীগ আমলের ঠিকাদারদের কাজ পাওয়া ঠেকাতে সরকার পিপিএ ২০০৬ এবং পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে। মাঠপর্যায়ের এই বাস্তব সমস্যা ও ভোগান্তি সম্পর্কে সরকার অবগত রয়েছে। এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা ও কাজের ক্ষতিকর হাতবদল ঠেকাতে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে সরকারের উচ্চপর্যায়ে আলোচনাও হয়েছে।’

স্থানীয় সরকার মন্ত্রীর ঘোষণার এক মাসের মধ্যে গত রবিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও অর্থবহ করতে কমিটি পুনর্গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের (কমিটি ও অর্থনৈতিক) অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সার্বিক কার্যক্রম সংস্কার ও সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ৯ সদস্যের এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

যা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী

সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান বলেন, ‘দেশের উন্নয়ন কাজের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা, জেলা-উপজেলা এবং অন্যান্য ক্রয়কারী কার্যালয় থেকে বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ অনুযায়ী ক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ক্রয়কার্যে মূলত দুটি পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথমটি সীমিত দরপত্র পদ্ধতি বা এলটিএম, যার নির্দিষ্ট প্রাক্কলিত মূল্য সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত হতে পারে। দ্বিতীয়টি উন্মুক্ত দরপত্র পদ্ধতি বা ওটিএম, যা যেকোনো পরিমাণ মূল্যের জন্য প্রযোজ্য।’

মন্ত্রী বলেন, ‘সর্বক্ষেত্রে পিপিআর-এর আইন ও বিধি সরকার সঠিকভাবে পালন করে থাকে।’ পাবলিক প্রকিউরমেন্টের আইন ও বিধি পরিকল্পনা মন্ত্রণালয় প্রণয়ন করে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে সেই অনুযায়ী দরপত্র আহ্বানসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হচ্ছে।’ ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব যথাসময়ে অনুমোদন করা হবে বলে জানান তিনি।

সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, ‘গত ১৭ থেকে ২০ বছরে অনেক শিক্ষিত যুবক বেকার হয়ে পড়েছেন। তাদের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়নে টেন্ডার প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন।’ 

তিনি বলেন, ‘বিগত সরকার তাদের টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সাধারণ কাউকেও সেখানে অংশ নিতে দেয়নি। ওই অংশগ্রহণ প্রক্রিয়া থেকে তারা গলা চিপে ধরে তাদের সেখান থেকে বের করে এনেছে।’ চাকরির বয়স পেরিয়ে যাওয়া ব্যক্তিরাও এ ক্ষেত্রে কাজের সুযোগ পেতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তার এ দাবিতে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে সমর্থন জানান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা