× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ

সৌরভ হোসেন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাজারে ফের বেড়েছে ভোজ্য তেলের দাম। সরকার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর পর গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে নিম্ন আয়ের মানুষের সংসারে নতুন করে বাড়ছে ব্যয়ের চাপ। তবে সবজি ও মসলার বাজার নিয়ে তুলনামূলক কিছুটা স্বস্তিতে ক্রেতারা।

শান্তিনগরের বাসিন্দা মো. আকরাম উদ্দীনের ছয় সদস্যের পরিবারে প্রতি মাসে সয়াবিন তেল লাগে প্রায় ৫ লিটার। গতকাল শান্তিনগর বাজারে তেল কিনতে গিয়ে প্রতি লিটারে ৫ টাকা বাড়তি দাম দিতে হয় তাকে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে। এতে ব্যবসায়ীদের লাভ হবে। কিন্তু আমাদের মতো নিম্ন আয়ের মানুষের তো আয় বাড়েনি। এমনিতেই সংসারে সব সময় চাপ থাকে। কোনো পণ্যের দাম বাড়লেই সেই চাপ আরও বেড়ে যায়। সরকার আসে, সরকার যায়; কিন্তু তেলের দাম আর কমে না।’

গতকাল শান্তিনগর, মৌচাক, মালিবাগ, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, এসব বাজারে সয়াবিন তেল সরকার নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা বেশি, প্রতি লিটার ২০৪ টাকায় বিক্রি হচ্ছে। শান্তিনগরের ব্যবসায়ী মো. সাহাদাত হোসেন বলেন, ‘সরকার দাম বাড়িয়েছে, তাই কোম্পানিও বাড়িয়েছে। কোম্পানির নির্ধারিত দামেই আমাদের তেল বিক্রি করতে হয়। আজ তিন কার্টন ২ ও ৫ লিটারের তেল এনেছি বাড়তি দামে। এখন সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে হবে।’

তবে ভোজ্য তেলের দাম বাড়লেও কাঁচাবাজারে তুলনামূলক স্বস্তি রয়েছে। রামপুরা বাজারে অধিকাংশ সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পটোল ৬০, শসা ৬০, করলা ৭০, বরবটি ৭০, ধুন্দল ৫০, ঝিঙা ৬০ ও চিচিঙ্গা ৫০ টাকা কেজি। গোলবেগুন ও কাঁকরোল ৭০ টাকা, পেঁপে ৩০, ঢেঁড়স ৫০, আলু ৩০, কচু ৬০, মিষ্টিকুমড়া ৫০, মুলা ও কচুর লতি ৭০ টাকা কেজি। গাজর ও টমেটো ১২০ এবং কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি। কাঁচকলা ৪০ টাকা হালি এবং লাউ ৫০ টাকা পিস।

মৌসুম না থাকায় শিমের দাম বেশি; কেজি ১৬০ থেকে ১৮০ টাকা। মসলার বাজারেও স্বস্তি রয়েছে। পেঁয়াজ ৫০, রসুন ১৫০ ও আদা ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মালিবাগে ব্রয়লার মুরগি ২০০, সোনালি ৩২০-৩৪০, হাইব্রিড ২৯০-৩০০ এবং লেয়ার ৩৫০ টাকা কেজি। হাঁসের ডিম ২২০ টাকা এবং ফার্মের লাল মুরগির ডিম ১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা