হাসনাত মোবারক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সরকারি অর্থ মানেই জনগণের টাকা। এ অর্থ খুব হিসাব করে খরচ করতে হয়। এ টাকার রক্ষক সরকারকে ব্যয়ের ব্যাপারে করতে হয় জবাবদিহিও। গুরুত্ব দিতে হয় অনেক বিষয়কেই। তা না দিলে এ অর্থকে অভিহিত করা হয় ‘সরকার কা মাল’ কিংবা ‘গৌরী সেনের টাকা’ বলে। ‘দেশব্যাপী বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম ২০২৬’-এর আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নামে বরাদ্দ করা সরকারি অর্থ তেমন গৌরী সেনের টাকা বা সরকার কা মালের মতোই খরচের অভিযোগ উঠেছে।
চলতি বছরের ৯ ও ১০ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘দেশব্যাপী বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম ২০২৬’-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছয় মাসব্যাপী এ পাইলটিং কার্যক্রমে অংশ নেবেন দেশের ২০০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ কার্যক্রমের আওতায় থাকবে দেশের ৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫০০টি মাধ্যমিক বিদ্যালয়।
প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো হবে ২৫টি শিরোনামের বইÑ যার পরিমাণ এক লাখ আশি হাজার কপি। এই বইগুলো বিভিন্ন সময়ে সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সহায়ক গ্রন্থ হিসেবে পড়ানো হয়েছে। তবে বইগুলোর যথাযথ সংখ্যক মুদ্রিত কপি না থাকায় তা পুনর্মুদ্রণ করা হয়েছে। বইগুলোর পুনর্মুদ্রণ করেছে প্রকল্প বাস্তানবায়নকারী প্রতিষ্ঠান ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে কথা বলে জানা যায়, ছয় মাসব্যাপী এই প্রকল্পের সাকুল্য খরচ ধরা হয়েছে ৬ কোটি টাকা। এতে ৫০০টি প্রাথমিক বিদ্যালয়ে যে বই পড়ানো হবে তার মুদ্রণ খরচ ১ কোটি ২৬ লাখ টাকা। আর ১৫০০টি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে ৪৮টি শিরোনোমের বইÑ যার পরিমাণ ১ লাখ ৮০ হাজার কপি। এ বইগুলোর ক্রয় মূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলে আরও জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত ৪৮টি বই কেনা হয়েছে দেশের মোট আটটি প্রকাশনা সংস্থা থেকে। একেকটি বই কেনা হয়েছে ৩,৭৫০ কপি করে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের (বিশ্বসাহিত্য কেন্দ্র) নিজস্ব প্রকাশনা থেকে কেনা হয়েছে ২৯টি শিরোনামের বই।
সরকারি অর্থায়নে বিপুল সংখ্যক বই বিজ্ঞপ্তি ছাড়া কেনার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন, দেশের স্বনামখ্যাত সৃজনশীল বইয়ের প্রকাশকরা। এ ছাড়াও দরপত্রবিহীন বই কেনার তালিকায় স্থান দেওয়া হয়েছে ফ্যাসিস্ট আমলে সুবিধাপ্রাপ্ত প্রকাশকের বইকে। এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অনেক প্রকাশক। সূচীপত্র প্রকাশনীর প্রকাশক সাঈদ বারী এ প্রসঙ্গে বলেন, ‘এই কর্মসূচির জন্য বই বাছাইয়ের দায়িত্বে কারা ছিলেন? কোন নীতিমালা আর কী কী নির্দিষ্ট মানদণ্ড মেনে বইগুলো নির্বাচন করা হয়েছে? তালিকায় থাকা প্রতিটি বইয়ের লেখক ও প্রকাশক কারা? বই বাছাইয়ের জন্য কিÑ মানে বই বাছাইয়ের জন্য কি কোনো কমিটি বা বিশেষজ্ঞ প্যানেল করা হয়েছিল? হয়ে থাকলে সেখানে কারা ছিলেন? তাদের যোগ্যতা কী ছিল? তাদের দায়িত্ব কী ছিল? সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাই বা কেমন ছিল?’ এ বিষয়ে তার মতো অনেক প্রকাশকেরই ক্ষোভ রয়েছে। এ প্রসঙ্গে দিব্য প্রকাশনীর স্বত্বাধিকারী কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের বলেছেন, ‘আমার প্রকাশনা থেকে বই ক্রয় করা হয়নি। যদিও নেওয়ার মতো অনেক বই আছে। তালিকাও চাওয়া হয়নি।’
সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদের কাছে এই প্রকল্প প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ‘এ রকম কোনো প্রজেক্টে আমার প্রকাশনা থেকে কোনো বই কেনা হয়নি। আমি এ রকম কোনো বিজ্ঞপ্তি দেখি নাই। দেশব্যাপী কোনো কর্মসূচি হলে তো তার একটা প্রচার থাকে। কোনো প্রচার বা বিজ্ঞপ্তি আমার চোখে পড়েনি।’
কলি প্রকাশনার প্রকাশক এসএম মহির উদ্দিন কলি জানিয়েছেন, ‘এই প্রকল্পে শুধু প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হয়নি, একই সঙ্গে বাংলাদেশের লেখকরাও বঞ্চিত হয়েছেন। কেননা তালিকায় ভারতীয় লেখকদের বইও রয়েছে।’
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামানের কাছে প্রতিদিনের বাংলাদেশের এ প্রতিবেদক প্রকল্পের বিজ্ঞপ্তি ছাড়া বই কেনার প্রসঙ্গে বলেন, ‘এটা ছয় মাসের একটা পাইলট কার্যক্রম। সরকারের পক্ষ থেকে দ্রুত বই নির্বাচন করার সিদ্ধান্ত দেওয়া হয়। এই মুহূর্তে আলাদা করে বই নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে না সরকার। এটা জাস্ট পাইলট প্রকল্প। উদ্দেশ্য হচ্ছে এই কর্মসূচি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা দেখে পরবর্তীতে বৃহৎ আকারে দীর্ঘমেয়াদের কার্যক্রমের উদ্যোগ নেওয়া। তখন সারা দেশের সব স্কুলে এ প্রকল্প পরিচালিত হবে। এখন মূলত দুটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশে হলে তখন সরকারের পক্ষ থেকে নিজ উদ্যোগে বই সংগ্রহ করা হবে।’
বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি নিয়মিত কর্মসূচি আছে। যার নাম ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’। এই প্রোগ্রামে ১৩০০টির বেশি স্কুলে ৯৬টি শিরোনামের বই পড়ানো হয়। তাই ওই চলমান প্রোগ্রাম থেকে ৪৮টি বই সরকারের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে।’
প্রকাশকদের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ ফ্যাসিস্ট আমলে সুবিধাপ্রাপ্ত প্রকাশকদের বই তালিকায় অন্তর্ভুক্ত প্রসঙ্গে প্রতিবেদক জানতে চাইলে মেজবাহ উদ্দিন আহমেদ দাবি করেন, ‘একজন প্রকাশক তার ব্যক্তিগত কারণে বা পার্সোনাল চয়েস বা কোন মতাদর্শে বিশ্বাসী, সেটা আমাদের পক্ষে নির্ধারণ করা কঠিন।’ তিনি আরও বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্র বই নির্বাচন করে, প্রকাশক নির্বাচন করে না। বইটা প্রোগ্রামের জন্য যথাযথ কি না, সেটা দেখা হয়, বইটি প্রকাশ করেছেন কে বা কোন ব্যক্তি, তার ব্যক্তিগত চরিত্র কী, তার রাজনৈতিক বিশ্বাস কী, এগুলো তো জানা সম্ভব হয় না। এই যে ভারতীয় লেখকের বইয়ের (অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা সূর্য সেন) কথা বললেন আপনি, এই বইগুলো তো পড়ানো হচ্ছে ২৫ বছর ধরে। এই সময়ে দেখা যাবে যে প্রকাশকের মধ্যে বহু রকম পরিবর্তন, বিভিন্ন রাজনৈতিক আমলে এসেছে তিনি একেক সময় একেক রকম আচরণ করেছেন, কখনও পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন। এই ইতিহাস কি আমাদের সংরক্ষণ করার দরকার আছে?’
তিনি আরও বলেন, ‘দেশব্যাপী বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম ২০২৬’-এ সরকারের পক্ষে কোঅর্ডিনেট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এ বিষয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য জানার জন্য প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা এবং সেলফোনে কল করা হলেও কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি।
কথা উঠেছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র একটি পরীক্ষিত প্রতিষ্ঠান। তারা দীর্ঘদিন ধরে বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। বিগত সময়ে একাধিক সরকারের সঙ্গেও তাদের নানা ধরনের প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তাহলে এখন কেন এত তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি ছাড়া বই কিনতে হলো। এ বিষয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামানকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে এই পরিকল্পনাটা ও উদ্যোগটা ডিরেক্ট ফ্রম প্রাইম মিনিস্টার।’