× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিছুতেই থামছে না হাম-ডেঙ্গুতে মৃত্যু

হাসনাত শাহীন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০০ এএম

প্রতীকী ছবি/ এআই

প্রতীকী ছবি/ এআই

মানুষের ঘরে ঘরে এখন পাশাপাশি বসবাস করছে দুই আতঙ্কÑ হাম ও ডেঙ্গু। এর মধ্যে ‘হাম’ বাতাসের অদৃশ্য কণায় মিশে আক্রান্ত করছে নানা বয়সী মানুষকে, আর ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ডানায় ভর করে উড়ে আসা এডিস মশার কামড়ে। দেশজুড়ে অনেকটা স্থায়ী আসন গেড়ে বসা ‘হাম’, অন্যদিকে দ্রুত বাড়তে থাকা ‘ডেঙ্গু’Ñ এই দুই রোগের ছোবলে প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে এবং কারও কারও মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, হাম ও হামের উপসর্গে চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় প্রতিদিন ৬ জন (৫ দশমিক ৭ জন) এবং ডেঙ্গুতে প্রতিদিন গড়ে শূন্য দশমিক ৪৫ জন বা প্রায় ২ দিনে ১ জন মারা যাচ্ছে। তবে হামের উপসর্গজনিত মৃত্যুও ধরলে ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই দুই রোগ মোকাবিলা করতে সরকারি উদ্যোগের কমতি নেইÑ কোথাও বিশেষ টিকাদান কর্মসূচি, কোথাও লার্ভা ধ্বংস ও ফগিং; হাসপাতালেও বাড়ানো হয়েছে চিকিৎসার প্রস্তুতি। তবু পুরোপুরি থামছে না মৃত্যুর মিছিল। ফলে মানুষ এক অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। যে কারণে এখন সবার কণ্ঠে যেন একটা প্রশ্নÑ হামে এবং ডেঙ্গুতে কেন এত মৃত্যু?

বিশেষজ্ঞরা বলছেন, দুই রোগের প্রকৃতি আলাদা। হাম ছড়ায় অত্যন্ত দ্রুত; ডেঙ্গু ছড়ায় এডিস মশার মাধ্যমে। কিন্তু মৃত্যুর জায়গায় এসে দুটি রোগের গল্পে একটি অভিন্ন প্রশ্ন সামনে আসেÑ আক্রান্ত হওয়ার পর সময়মতো শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা এবং কার্যকর প্রতিরোধে কোথায় ঘাটতি থেকে যাচ্ছে?

তারা বলছেন, টিকাদানে ঘাটতির কারণে বিপুলসংখ্যক শিশু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি অপুষ্টি, বিশেষ করে ভিটামিন ‘এ’ ঘাটতি, দেরিতে হাসপাতালে আসা, চিকিৎসা ও আইসিইউ সুবিধার সীমাবদ্ধতা এবং রেফারেল বিলম্বে মৃত্যুঝুঁকি বাড়ছে। অন্যদিকে, এডিস নিয়ন্ত্রণে সমন্বিত ও এলাকাভিত্তিক কার্যক্রমের ঘাটতিতে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। আবার রোগী দেরিতে চিকিৎসা নেওয়া ও গুরুতর অবস্থায় হাসপাতালে আসায় মৃত্যুঝুঁকি বাড়ছে। ফলে হাম ও ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু হাসপাতাল কিংবা মশা নিধন অভিযানে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিরোধের শুরুটা করতে হবে মানুষের ঘর থেকে, আর শেষ করতে হবে দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়ে।

হামে মৃত্যুর কারণ

বিশেষজ্ঞদের মতে, অপুষ্টি, টিকাদানের ঘাটতি, দ্বিতীয় দফার সংক্রমণ, নিউমোনিয়া-ডায়রিয়ার মতো জটিলতা এবং চিকিৎসা নিতে বিলম্বÑ সব মিলেই পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের মতে, হামে মৃত্যুর অন্যতম বড় কারণ পুষ্টিহীনতা। অপুষ্ট শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় টিকা দেওয়ার পরও প্রত্যাশিত মাত্রায় সুরক্ষা তৈরি হতে সময় লাগে। একই সঙ্গে সংক্রমণের সময়ে মানুষের ব্যাপক চলাচল ও জনসমাগমও হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের বিশ্লেষণে এর সঙ্গে যুক্ত হচ্ছে গত কয়েক বছরের নিয়মিত টিকাদান কর্মসূচির ঘাটতি। তার মতে, জরুরি গণটিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হলেও আগের বছরগুলোর বাদপড়া সব শিশুকে একসঙ্গে সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়নি। ফলে শিশুদের মধ্যে একটি ‘ইমিউনিটি গ্যাপ’ রয়ে গেছে।

ডেঙ্গুতে মৃত্যুর কারণ

ডেঙ্গুতে মৃত্যুর ক্ষেত্রে সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগী কখন হাসপাতালে এলেন, ক্রিটিক্যাল পর্যায়ে কীভাবে ব্যবস্থাপনা হলো এবং তরল বা স্যালাইন কতটা সঠিকভাবে দেওয়া হলোÑ এসবের ওপর অনেকটাই নির্ভর করে পরিণতি।

ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের মতে, ডেঙ্গুর জটিলতা অনেক সময় জ্বর কমে যাওয়ার পরই শুরু হয়। এ সময় রক্তনালি থেকে তরলের অংশ বের হয়ে রক্তচাপ কমে যেতে পারে। যথাসময়ে সঠিক পরিমাণ তরল না দিলে রোগী শকে যেতে পারেন। আবার প্রয়োজনের চেয়ে বেশি তরল দিলে ফ্লুইড ওভারলোড তৈরি হয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এর সঙ্গে রক্তপাত, বিভিন্ন অঙ্গের কার্যকারিতা নষ্ট হওয়া এবং মাল্টি-অর্গান ফেইলিওরও মৃত্যুর কারণ হতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশারের মতে, ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ রোগ শনাক্তকরণ ও চিকিৎসা নিতে বিলম্ব। অনেকেই জ্বরকে সাধারণ অসুস্থতা ভেবে অপেক্ষা করেন। হাসপাতালে আসতে আসতে রোগীর অবস্থা জটিল হয়ে যায়।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেনও মনে করেন, ডেঙ্গু চিকিৎসাকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া জরুরি। জ্বর হলে দ্রুত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার সুযোগ যদি স্থানীয় পর্যায়ে না থাকে, তাহলে রোগীকে দূরের হাসপাতালে গিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হয়। এতে নিম্নআয়ের মানুষের ভোগান্তি বাড়ে এবং চিকিৎসা নিতে দেরি হয়।

তবে ডেঙ্গুর আরেকটি বড় কারণ চিকিৎসার বাইরেÑ এডিস মশার বংশবিস্তার। চলতি বছর জুন থেকে ডেঙ্গু দ্রুত বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে জুনে রোগী ছিল ২ হাজার ৯০৭ জন, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে বেড়ে হয়েছে ২০ হাজার ৫৩৬ জন।

অধ্যাপক ডা. বেনজির আহমেদের আশঙ্কা, বৃষ্টি ও উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকলে অক্টোবরেও ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে। তার মতে, এখনই জমে থাকা পানি ও সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস না করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে।

মৃত্যু কমানোর উপায় কী

ডা. মুশতাক হোসেনের মতে, মাঠপর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারি শক্তিশালী করা জরুরি। আক্রান্ত শিশুকে দ্রুত শনাক্ত, চিকিৎসা এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। বড় হাসপাতালের ওপর সব চাপ না দিয়ে প্রাথমিক পর্যায়েই রোগ ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে হাম নিয়ে ব্যাপক জনসচেতনতা দরকার। কোন উপসর্গে হাসপাতালে যেতে হবে, আক্রান্ত হলে কীভাবে অন্যদের সংস্পর্শ এড়াতে হবে এবং কেন টিকা জরুরিÑ এসব তথ্য পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে হবে।

ডেঙ্গুর ক্ষেত্রে মৃত্যু কমাতে প্রয়োজন দ্রুত পরীক্ষা, দ্রুত চিকিৎসা এবং দক্ষ রোগ ব্যবস্থাপনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা ও সিটি পর্যায়ের হাসপাতাল পর্যন্ত চিকিৎসক-নার্সদের ডেঙ্গু ব্যবস্থাপনায় প্রশিক্ষিত করতে হবে। গুরুতর রোগীদের জন্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে হবে।

আর আক্রান্তের সংখ্যা কমাতে হলে এডিসের প্রজননস্থল ধ্বংস করাই মূল কাজ। ডা. কবিরুল বাশারের মতে, শুধু সিটি করপোরেশনের কর্মসূচির ওপর নির্ভর করলে হবে না; ‘হোম টু হোম’ ভিত্তিতে প্রতিটি বাড়ি ও স্থাপনা নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে। কোথায় মশার ঘনত্ব বেশি, কোথায় রোগী বেশিÑ তথ্যের ভিত্তিতে হটস্পট চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তার গবেষক দলের উদ্ভাবিত ‘ডেন এক্স ট্র্যাপ’-এর মতো নতুন পদ্ধতিও পরীক্ষামূলকভাবে কাজে লাগানো যেতে পারে। তবে কোনো একটি পদ্ধতিকে একমাত্র সমাধান না ধরে রাসায়নিক নিয়ন্ত্রণ, জৈবিক পদ্ধতি, প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত মশা নজরদারিÑ সবকিছুকে সমন্বিত করতে হবে।

২৪ ঘণ্টায় ৭ মৃত্যু 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও চারজন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হাম ও ডেঙ্গু বিষয়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময়ে নতুন করে ৯৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে। নিশ্চিত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা