× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি সংকট মোকাবিলায় এবার দৃষ্টি কয়লায়

দীপক দেব

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০২ এএম

সরকার চাইছে সিদ্ধান্তহীনতার বলয় থেকে বেরিয়ে আসা ছয় দশকেরও বেশি সময় আগে আবিষ্কৃত কয়লা খনিকে যথোপযুক্ত উপায়ে কাজে লাগাতে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকার চাইছে সিদ্ধান্তহীনতার বলয় থেকে বেরিয়ে আসা ছয় দশকেরও বেশি সময় আগে আবিষ্কৃত কয়লা খনিকে যথোপযুক্ত উপায়ে কাজে লাগাতে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও এলএনজির সরবরাহ ব্যবস্থা সংকুচিত হয়ে পড়েছে। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও চাইছে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প হিসেবে কয়লার ওপর নির্ভরতা বাড়াতে।

সরকার চাইছে সিদ্ধান্তহীনতার বলয় থেকে বেরিয়ে আসা ছয় দশকেরও বেশি সময় আগে আবিষ্কৃত কয়লা খনিকে যথোপযুক্ত উপায়ে কাজে লাগাতে।

প্রসঙ্গত, খনি থেকে কয়লা উত্তোলনের পদ্ধতিগত বিতর্ক ছাড়াও পরিবেশদূষণ, বিদেশি কোম্পানির হস্তক্ষেপ ইত্যাদি ইস্যু ও বিতর্ক কয়লা উত্তোলনের পথে বড় অন্তরায় হিসেবে কাজ করছে। তবে বৈশ্বিক জ্বালানি সংকট ও বৈদেশিক মুদ্রার ওপর থেকে চাপ কমাতে সরকার এবার কয়লা উত্তোলনের দিকে বিশেষ নজর দিচ্ছে। 

গত মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে এই বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি তা দেশের জন্য ভালো হবে। কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে গেলে বসতবাড়ি ও কৃষিজমির বিষয় আছে। আগে সেখানকার স্থানীয় মানুষের পুনর্বাসন ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। পরিবেশের বিষয়টি দেখতে হবে। এসব ক্ষেত্রে গুরুত্ব দিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উন্মুক্ত পদ্ধতির জন্য সেখানে কতটুকু জমি অধিগ্রহণ করতে হবে এবং স্থানীয়দের কীভাবে পুনর্বাসন করা যাবে, সেই বিষয়ে শিগগির উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে সেখানকার সামাজিক যে চ্যালেঞ্জ রয়েছে, সরকার আগে সেটাকেই সমাধান করার উদ্যোগ নেবে।’ সরকারপ্রধানের এমন বক্তব্যের পর অনেকেই মনে করছেন, বিষয়টি নিয়ে সরকার দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে। 

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, পাঁচটি খনিতে যে পরিমাণ কয়লা মজুদ আছে, তার মধ্যে শুধু বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দিঘিপাড়া থেকেই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা সম্ভব হলে তা দিয়ে আগামী ৩০ বছর কয়লাভিক্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর চাহিদা পূরণ করা যাবে এবং গ্যাসের ওপর থেকে চাপ কমানো যাবে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। তবে এজন্য স্থানীয় জনগণের সম্মতি দরকার। সংশ্লিষ্টরা এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।

এই প্রসঙ্গে পেট্রো বাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) এবং পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) (অ. দা.) প্রকৌশলী মো. শোয়েব গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা শুরু থেকেই ফুলবাড়ী খনি উন্নয়নের জন্য আন্তরিক। এখন আমরা সেখানে কতটা জমি অধিগ্রহণ করতে হবে এবং সেখানকার সাধারণ মানুষকে কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে শিগগির উদ্যোগ নিতে যাচ্ছি। মাটির খুব কাছাকছি থাকায় ওখানে উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের বিষয়ে শুরু থেকেই সিদ্ধান্ত নেওয়া আছে; তাই সেই পদ্ধতিতেই এটা করা হবে। তবে এটা নিয়ে আগে থেকেই একটা সামাজিক চ্যালেঞ্জ রয়েছে। সেজন্য আমরা আগে সেটি সমাধানের ব্যাপারেই গুরুত্ব দিচ্ছি।’ 

দেশের পাঁচটি কয়লা খনিতে মোট কয়লার মজুদ রয়েছে ৭ হাজার ৮০০ মিলিয়ন টনের কিছু বেশি। এর মধ্যে শুধু দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ছাড়া বাকি চারটি থেকে কয়লা উত্তোলন হচ্ছে না। এদিকে দেশে অন্তত সাত হাজার মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। প্রতি বছর এসব কেন্দ্রের জন্য অন্তত ১৫ হাজার কোটি টাকার কয়লা আমদানি করতে হচ্ছে সরকারকে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাতসহ অতীতের বিভিন্ন সময় দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের আর্থিক চাপ ও সংকট তৈরি হয়েছে। কিন্তু এ সংকট কাটাতে জ্বালানি চাহিদা পূরণে স্থানীয় কয়লা উত্তোলনের বিষয়টি বারবার সামনে এলেও সরকার ও পেট্রোবাংলা কার্যকর সিদ্ধান্ত নিতে পারেনি। তবে চলতি জ্বালানি সংকট ও বৈদেশিক মুদ্রার তথা অর্থনৈতিক চাপ সামাল দিতে কয়লা নিয়ে নতুন করে ভবনা শুরু করেছে সরকার। বিষয়টি প্রথমে সামনে আনেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পর ফুলবাড়ীর কয়লা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে সারা বিশ্বে শুধু কয়লা ব্যবহার করে প্রায় ১১ হাজার টেরাওয়াট-ঘণ্টা (টিডব্লিউএইচ) বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ২০৩০ সাল পর্যন্ত বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার একচ্ছত্র আধিপত্য বজায় থাকতে পারে।

যা বলেছেন অর্থমন্ত্রী

গত ১৬ আগস্ট রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে সরকার নতুন নীতিগত পদক্ষেপ নিচ্ছে।’ বিকল্প পথ খোঁজার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা ফুলবাড়ী এবং অন্যান্য স্থানে ওপেন-পিট কয়লা উত্তোলনের দিকে যাচ্ছি।’ অর্থমন্ত্রীর পর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানও একই ধরনের বক্তব্য দেওয়ায় বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এ বিষয়ে সরকার এক ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

ফুলবাড়ীতে নতুন করে উত্তেজনা

অর্থমন্ত্রীর বক্তব্যের পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে দিনাজপুরের ফুলবাড়ীতে। গত ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডির ২০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মীরা। এদিন দিনাজপুরের ফুলবাড়ীতে শোক মিছিল ও সমাবেশ হয়। প্রসঙ্গত, ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীতে কয়লা খনিবিরোধী আন্দোলনে তৎকালীন বিডিআরের গুলিতে তিনজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়। দিবসটি উপলক্ষে ওইদিন সকাল ৯টায় ‘ফুলবাড়ীবাসী’ ব্যানারে স্থানীয়রা দোকানপাট বন্ধ রাখেন। তারা অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে লাঠি ও শোক মিছিলও করেন।

এ প্রসঙ্গে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য একটি বিশ্বাসঘাতকতা ও অত্যন্ত দায়িত্বহীন বক্তব্য।’ তিনি বলেন, ‘২০০৬ সালে বিএনপি সরকারের আমলে ফুলবাড়ীতে গণঅভ্যুত্থান হয়েছিল। আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার জনগণের সঙ্গে একটি চুক্তি করেছিল। জনগণের সঙ্গে করা ওই চুক্তির ঐতিহাসিক মূল্য অসীম। খালেদা জিয়ার পুত্র যখন প্রধানমন্ত্রী, তখন আবারও সেই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গের পানি, সম্পদ, আবাদি জমি ও জনবসতি ধ্বংস করে কয়লা উত্তোলনের দিকে নজর দেওয়া অত্যন্ত হতাশাজনক।’ 

দেশের পাঁচ কয়লা খনির অবস্থা

দেশের পাঁচটি কয়লা খনির মধ্যে একমাত্র বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করছে পেট্রোবাংলা। এ খনিতে এখনও ৩৯০ মিলিয়ন টন কয়লা মজুদ থাকার তথ্য পাওয়া গেছে। এ খনি থেকে প্রতি বছর সর্বোচ্চ সাড়ে নয় লাখ টনের মতো কয়লা উত্তোলন করছে পেট্রোবাংলার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। এছাড়া দেশের সবচেয়ে বেশি গভীরতার কয়লা খনি অবস্থিত জয়পুরহাটের জামালগঞ্জে। এ খনির গভীরতা ৬৪০ থেকে ১ হাজার ১৫৮ মিটার। খনিটিতে ৫ হাজার ৪৫০ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে। বড়পুকুরিয়া-জামালগঞ্জ ছাড়াও আরও তিনটি খনি রয়েছে। এর মধ্যে দিনাজপুরের দিঘিপাড়া খনিতে ৮৬৫ টন কয়লা মজুদ রয়েছে। এছাড়া রংপুরের খালাসপীর কয়লা খনিতে মজুদ রয়েছে ৬৮৫ মিলিয়ন টন। আর ফুলবাড়ীতে রয়েছে ৫৭২ মিলিয়ন টন কয়লা।

আমদানি করতে হয় ২০ মিলিয়ন টন কয়লা

দেশে স্থাপিত কয়লাভিত্তিক সাতটি বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ৭ হাজার ৩১২ মেগাওয়াট। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বাদে বাকি ছয়টি কেন্দ্রের জন্য বছরে অন্তত ২০ মিলিয়ন টন কয়লা আমদানি করতে হয় বিপিডিবিকে। এ কয়লার স্থানীয় বাজারমূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে কয়লা আমদানির ঋণপত্র (এলসি) নিষ্পত্তি হয় ১১৯ কোটি ১১ লাখ ডলারের। প্রতি ডলার ১২২ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এ কয়লার আমদানি মূল্য দাঁড়ায় ১৪ হাজার ৫৩১ কোটি টাকা। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর হিস্যা (আমদানিসহ) ২৮ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় কয়লা উত্তোলন করে পূর্ণ সক্ষমতায় এসব কেন্দ্র চালানো গেলে আমদানি ব্যয় কমানো ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমবে।

৭৫ শতাংশ চাহিদা পূরণ হবে ফুলবাড়ী খনি থেকে

ফুলবাড়ী কয়লা খনিতে ৫৭২ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে। এ খনি থেকে ৪৭২ মিলিয়ন টন উত্তোলন করা যাবে। বিসিএমসিএলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরে ফুলবাড়ী খনি থেকে ১৫ মিলিয়ন টন কয়লা তোলা যাবে। দেশে ছয়টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বছরে ২০ মিলিয়ন টন কয়লা আমদানি হচ্ছে। ফুলবাড়ী থেকে বছরে ১৫ মিলিয়ন টন কয়লা পাওয়ার অর্থ দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য আমদানি করা কয়লার ৭৫ শতাংশ চাহিদা পূরণ হওয়া। ফুলবাড়ী খনির ফিজিবিলিটি স্টাডি প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা