× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে বাংলাদেশের চিঠি

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ এএম

বেনজীর আহমেদ। ফাইল ছবি

বেনজীর আহমেদ। ফাইল ছবি

নানাকাণ্ডে আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোথায় আছেন, তা জানতে চেয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে গতকাল বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের কাছে একটি ই-মেইল পাঠিয়ে বেনজীরের অবস্থান জানতে চাওয়া হয়েছে। দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেনÑ গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর এনসিবির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম গতকাল বুধবার রাতে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আজকেই (বুধবার) একটি ই-মেইল পাঠানো হয়েছে ইন্টারপোলের কাছে। তাতে আমরা সাবেক আইজিপি বেনজীরের অবস্থানের তথ্য জানতে চেয়েছি। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতাও জানা দরকার।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কারামুক্তির পর গত ১৭ আগস্ট দুবাই থেকে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ। ওই দেশের পাসপোর্ট এবং দেশটিতে যৌথ বিনিয়োগ রয়েছে তার। সেন্ট লুসিয়ার গ্রোস আইসলেট এলাকায় তার ফ্ল্যাট রয়েছে বলেও প্রকাশিত সংবাদে দাবি করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেনজীর গত ২৭ জুলাই দুবাইয়ের আদালত থেকে জামিন পান এবং আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই কারামুক্ত হন। এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দেয়। তার জামিনের জন্য ইউরোপের একাধিক আওয়ামী লীগ নেতা দুবাইয়ে বিভিন্ন চ্যানেলে জোর লবিং করেন। দুবাইয়ের আদালত থেকে তার জামিন ও কারামুক্তির খবরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হইচই পড়ে যায়। তাৎক্ষণিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়; তবে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

সূত্র আরও জানায়, জামিন পাওয়ার পরই দুবাই থেকে অপেক্ষাকৃত নিরাপদ দেশে যাওয়ার চেষ্টা করেন বেনজীর। স্পেনসহ একাধিক দেশে যাওয়ার কথা চিন্তা করলেও বেশি সুযোগ-সুবিধা ও নিরাপদ বিবেচনা করে শেষমেশ তিনি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়াকেই বেছে নেন। 

তনু হত্যায় অভিযুক্ত সাবেক দুই সেনাসদস্যকে ধরতে রেড নোটিস জারি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অভিযুক্ত পলাতক অবসরপ্রাপ্ত দুই সেনাসদস্যকে ধরতে রেড নোটিস জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোল। গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে পৃথক রেড নোটিস জারি করা হয়েছে বলে তথ্য দিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ওই দুই অভিযুক্ত হলেনÑ সাবেক সার্জেন্ট মো. জাহিদুজ্জামান ও সাবেক সৈনিক মো. শাহীন আলম। 

তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পলাতক দুই সন্দেহভাজনকে শনাক্ত, তাদের অবস্থান চিহ্নিত এবং গ্রেপ্তারের ব্যবস্থা নিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অনুরোধে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির উদ্যোগ নেয়। প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাইয়ের পর মঙ্গলবার ইন্টারপোল দুইজনের বিরুদ্ধে পৃথক রেড নোটিস জারি করে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম গতকাল রাতে রেড নোটিস জারির বিষয়টি স্বীকার করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওই দুজন বিদেশে পালিয়ে গেছেন। এ কারণে গত জুলাই মাসে ইন্টারপোলের কাছে রেড নোটিস জারির আবেদন জানিয়েছিলাম আমরা। ইন্টারপোল গত মঙ্গলবার রেড নোটিস জারির পর বিষয়টি আমাদেরকে জানিয়েছে। রেড নোটিস জারির ফলে ইন্টারপোলের সদস্য দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান শনাক্ত ও আটকের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। কোনো দেশে তাদের অবস্থান শনাক্ত হলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা