বাধ্যতামূলক অবসর
ফসিহ উদ্দীন মাহতাব ও তানভীর হাসান
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০২ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৫ পিএম
বাংলাদেশ পুলিশের লোগো।
বিসিএস (পুলিশ) ১৮তম ব্যাচের কর্মকর্তা কাজী জিয়া উদ্দিন। দীর্ঘ চাকরিজীবনে তিনি কখনও কোনো জেলার পুলিশ সুপার (এসপি) কিংবা কোনো বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) ছিলেন না। এমনকি কোনো অপারেশনাল পদেও ছিলেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও তিনি নিয়মিত চাকরিতে ছিলেন। তখনও তাকে রাজনৈতিক ট্যাগ দিতে একটি মহল তৎপর হয়ে ওঠে। যদিও পেশাদার, সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে তার পরিচিতি রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর তার চাকরির মেয়াদ আর দীর্ঘায়িত হয়নি। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
কাজী জিয়া উদ্দিন শুধু নন। তার মতো পুলিশের বিভিন্ন স্তরের আরও ১৩৫ কর্মকর্তাকে বর্তমান সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৬ জন ক্যাডার কর্মকর্তা ও ৪৯ জন ইন্সপেক্টর। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে পাঠানো এসব কর্মকর্তা এখন তাদের আইনানুগ পাওনা পাওয়ার অপেক্ষায় আছেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাপ্য সুবিধা পেতে আবেদনও করেছেন (পিআরএল)। কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকেই প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে অকালে অবসরে পাঠানো এই কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাদের প্রশ্নÑ বাধ্যতামূলক অবসর দেওয়া হলে আইন অনুযায়ী যে আর্থিক সুবিধা পাওয়ার কথা, সেটি পেতে তাদের এতদিন অপেক্ষা করতে হবে কেন? আরও বড় প্রশ্নÑ অন্তর্বর্তী সরকারের সময়ে যাদের একই ধরনের অবসর দেওয়া হয়েছিল, তারা যদি তাদের পাওনা পেয়ে থাকেন, তাহলে পরবর্তী সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে ভিন্ন আচরণ কেন?
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাপ্য সুবিধা পেতে তারা একাধিকবার যথাযথ কর্তৃপক্ষের কাছে ধরনাও দিয়েছেন। কিন্তু পাওনা পরিশোধের বিষয়ে তাদের স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। ফলে চাকরি হারানোর পর আর্থিক অনিশ্চয়তার পাশাপাশি প্রশাসনিক অনিশ্চয়তাও তৈরি হয়েছে তাদের মধ্যে। অথচ নিয়ম অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়ায় যারা অবসরে যান তারা এক মাস আগেই মন্ত্রণালয়ে পিআরএলের আবেদন করেন। এরপর অবসরে যাওয়ার ১০ দিন আগেই তাদের অবসর উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর হয়ে যায়। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা পাওনা পেয়ে যান। অপরদিকে যাদের জনস্বার্থে অবসর দেওয়া হয়, তারা চিঠি পাওয়ার পর মন্ত্রণালয়ে আবেদন করেন। এরপর ১৫ দিনের মধ্যে তাদের অবসর উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়। কিন্তু বর্তমান সরকারের সময় ৮৬ জন ক্যাডার কর্মকর্তার মধ্যে মাত্র চারজনকে পিআরএল মঞ্জুর করে পাওনা পরিশোধ করা হয়েছে। তারা হচ্ছেনÑ অতিরিক্ত আইজিপি তৌফিক মাহমুদ, আলিম মাহমুদ, মাসুদুর রহমান ও ডিআইজি মো. রেজাউল হায়দার। অভিযোগ উঠেছে তারা বিশেষ তদবিরে পাওনা আদায় করেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিশেষ তদবির নয়, অবসরে যাওয়া এসব কর্মকর্তার অতীতের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে পিআরএল মঞ্জুর করতে দেরি হচ্ছে।’
পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে আগের আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করে পুলিশের বিভিন্ন পর্যায়ের ৫৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তাদের অনেকেই পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী অবসরকালীন পাওনা সুবিধা পেয়েছেন। কিন্তু নতুন সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত সেই প্রক্রিয়া এগোয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তাদের অবসরের আদেশ হয়েছে, চাকরি শেষ হয়েছে অথচ প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় কর্মকর্তাদের মধ্যে বৈষম্যমূলক আচরণের প্রশ্নও উঠেছে। তাদের ভাষ্য, কোনো কর্মকর্তা চাকরিতে থাকবেন কি না, সেটি সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় হতে পারে। কিন্তু চাকরি থেকে অবসর দেওয়ার পর তার আইনানুগ পাওনা আটকে রাখার সঙ্গে সেই সিদ্ধান্তের সম্পর্ক থাকার কথা নয়।
একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সরকার চাইলে কাউকে চাকরিতে রাখতে পারে আবার প্রশাসনিক কারণে বাধ্যতামূলক অবসরও দিতে পারে। কিন্তু অবসর দেওয়ার পর প্রাপ্য সুবিধা কেন আটকে থাকবে, সেটিই আমাদের বোধগম্য নয়।’
কেন আটকে আছে, স্পষ্ট নয়
পাওনা পরিশোধ না হওয়ার কারণ নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তাদের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এরপর ফাইলের অগ্রগতি কী, কোনো আপত্তি আছে কি না কিংবা অর্থ পরিশোধে কোনো প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে কি নাÑ এসব বিষয়ে তাদের স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, তাদের অবসর আদেশের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রশাসনিক বা আইনগত বিষয়কে কারণ দেখিয়ে অর্থ ছাড়ের প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকায় এসবের কোনোটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একজন বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমাদের প্রশ্ন হলোÑ আমাদের যে পাওনা, সেটি কেন দেওয়া হচ্ছে না? আবেদন করার পরও যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের জানানো হোক। কিন্তু কোনো কারণ না জানিয়ে বছরের পর বছর অপেক্ষায় রাখা হলে হতাশা তৈরি হওয়াটাই স্বাভাবিক।’
প্রশাসনে নতুন প্রশ্ন
বাধ্যতামূলক অবসর প্রশাসনে নতুন কোনো বিষয় নয়। সরকারের প্রয়োজন ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে বিভিন্ন সময়ে কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তবে এ ধরনের সিদ্ধান্তের পর প্রাপ্য আর্থিক সুবিধা দ্রুত নিষ্পত্তি করা প্রশাসনিক শৃঙ্খলারই অংশ বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। কারণ একজন কর্মকর্তা চাকরিতে থাকা অবস্থায় যে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান, চাকরি শেষ হওয়ার পর তার আর্থিক নিরাপত্তার বড় অংশ নির্ভর করে অবসরকালীন পাওনার ওপর। বিশেষ করে চাকরির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে পরিবারের আর্থিক পরিকল্পনায়ও বড় ধরনের প্রভাব পড়ে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, তাদের চাকরি শেষ হয়ে যাওয়ার পর অন্তত প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুত হওয়া উচিত। একই সঙ্গে তাদের মধ্যে কেউ কেউ মনে করেন, একই ধরনের ঘটনায় আগে অবসরে যাওয়া কর্মকর্তারা যদি তাদের পাওনা পেয়ে থাকেন, তাহলে পরবর্তী সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে ভিন্ন কোনো নীতি প্রয়োগ করা হচ্ছে কি না, সেটিও স্পষ্ট করা দরকার।