দীপক দেব ও নুর মোহাম্মদ মিঠু
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৫ এএম
ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে (এমআরএ) দুই নির্বাহী পরিচালকের নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে (এমআরএ) দুই নির্বাহী পরিচালকের নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। একজনের বিরুদ্ধে তদন্তে তথ্য ও সনদ-সংক্রান্ত অনিয়মের অভিযোগের পরও অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যজনের বিরুদ্ধে নিয়োগের সময় চাকরির অভিজ্ঞতা নিয়ে তথ্য গোপন ও ভুল তথ্য দেওয়ার অভিযোগের তদন্তে প্রমাণিত হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণ দেখিয়ে বিভাগীয় মামলা থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে।
দুই কর্মকর্তার ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তের মধ্যে বৈপরীত্য নিয়ে এমআরএর ভেতরে প্রশ্ন উঠেছে। এ ছাড়া সংস্থাটির যুগ্ম পরিচালক মুহাম্মদ শাহজালালের নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রেও বিভিন্ন অভিযোগ রয়েছে।
জানা গেছে, ২০১০ সালে এমআরএতে সরাসরি উপ-পরিচালক ও সিনিয়র সহকারী পরিচালক পদে নিয়োগের সময় নির্ধারিত যোগ্যতা পূরণ বাধ্যতামূলক ছিল। উপ-পরিচালক পদের জন্য সরকারি, সংবিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির চাকরিতে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায়ে সাত বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।
নূরে আলম মেহেদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (সাধারণ সেবা) পদে চাকরির অভিজ্ঞতাকে সরকারি প্রথম শ্রেণির চাকরির অভিজ্ঞতা হিসেবে দেখিয়ে আবেদন করেন। এমআরএর তদন্তে বিষয়টি যাচাই করা হয়। গত ১৯ আগস্টের অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২৫ আগস্ট পাওয়া অভিযোগের পর নিয়োগ বিজ্ঞপ্তি, যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য যাচাই করতে চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নথি অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি ২০১০ ভিত্তি ধরে মেহেদী ওই পদে ছয় বছর তিন মাস সাত দিনের অভিজ্ঞতা দেখান। তবে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) জানায়, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ওই পদ সরকারি চাকরি ছিল না। এর পরিপ্রেক্ষিতে মেহেদীর কর্মকাণ্ডকে এমআরএর কর্মচারী চাকরি বিধিমালা, ২০২২-এর ৫০(খ) অনুযায়ী অসদাচরণ এবং ৫০(চ) অনুযায়ী প্রতারণা হিসেবে বিবেচনা করা হয়। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়।
জবাবে মেহেদী অভিযোগ অস্বীকার করে মামলা খারিজ ও অব্যাহতি চান। এরপর ২১ জুলাই এমআরএর পরিচালনা বোর্ডের ৮২তম সভায় বিষয়টি ওঠে। সভায় বোর্ড মত দেয়, তৎকালীন নিয়োগ কর্তৃপক্ষ যথাযথ যাচাই-বাছাই না করেই মেহেদীকে নিয়োগ দিয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এখন তাকে শাস্তি দেওয়া সমীচীন নয় বলে সিদ্ধান্ত নেয় বোর্ড। একই সঙ্গে তাকে অভিযোগ থেকে দায়মুক্তি দিয়ে স্বপদে বহাল রাখা হয় এবং বিভাগীয় মামলাটিও নিষ্পত্তি করা হয়।
নূরে আলম মেহেদী বলেন, প্রতিষ্ঠানের একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। বোর্ড সব তথ্য-উপাত্ত যাচাই করেই সিদ্ধান্ত দিয়েছে বলেও দাবি করেন তিনি।
একই নিয়োগ প্রক্রিয়া ঘিরে নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হকের বিরুদ্ধেও প্রশ্ন উঠেছে। অভিযোগ, এমআরএতে উপ-পরিচালক পদে নিয়োগের সময় তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তি প্রকল্পের মনিটরিং পদকে ২০০২ সাল থেকেই প্রথম শ্রেণির সরকারি চাকরি হিসেবে দেখান। অথচ সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ওই পদটি তখন দ্বিতীয় শ্রেণির ছিল। ২০০২ সালের মূল প্রজ্ঞাপন, ২০১০ সালের গেজেট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মতামত পর্যালোচনায় এ অসঙ্গতি ধরা পড়ে। ২০১০ সালের এপ্রিলে পদটি প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়। অভিযোগটি আমলে নিয়ে মাজেদুল হককে ছুটিতে পাঠিয়েছে এমআরএ।
মাজেদুল হকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার, সম্পদ অর্জন এবং অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাসহ আরও অভিযোগ রয়েছে। সনদ প্রদানে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এর আগে তাকে সাত দিনের বেতন কর্তনের শাস্তিও দেওয়া হয়েছিল। এসব বিষয়ে তদন্তের পর তাকে অব্যাহতি দেওয়ার অংশ হিসেবে প্রথমে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। মাজেদ সেই নোটিসের জবাব দিয়েছেন বলেও জানা গেছে। তবে বিষয়টি আমলে না নিয়ে তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।
আইনি ব্যবস্থা না নিয়ে তাকে এক ধরনের ‘সেফ এক্সিট’ দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুহাম্মদ মাজেদুল হকের কোনো সাড়া পাওয়া যায়নি।
এমআরএতে এমন বিতর্ক শুধু দুই নির্বাহী পরিচালককে ঘিরে নয়। সংস্থাটির যুগ্ম পরিচালক মুহাম্মদ শাহজালালের নিয়োগ নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ, প্রয়োজনীয় চার বছরের অভিজ্ঞতার ঘাটতি পূরণে তিনি গবেষণা প্রকল্পে কাজের সময়কে সরকারি চাকরির অভিজ্ঞতা হিসেবে দেখান। তার প্রকৃত অভিজ্ঞতা ছিল তিন বছর ছয় মাস। নিয়োগ পরীক্ষায় প্রয়োজনীয় নম্বর না পেলেও নম্বর কেটে তাকে উত্তীর্ণ করানোর অভিযোগও রয়েছে। শাহজালালের বিরুদ্ধে নতুন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার নামে ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, তদন্ত এগিয়ে যাওয়ার সময় তিনি তদন্ত কমিটির সদস্যের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেন এবং চাওয়া ব্যাংক বিবরণী দিতে বিরত থাকেন। পরবর্তী সময়ে বিভাগীয় মামলা হলেও প্রকৃত তদন্ত ছাড়াই তাকে অব্যাহতি দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মুহাম্মদ শাহজালালের বক্তব্য জানতে ফোন করা হলে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক পরিচয় দেওয়ার পর তিনি গাড়িতে আছেন এবং বাসায় যাচ্ছেন জানিয়ে পরে কথা বলতে চান। পরে ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।
পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এমআরএর পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে। কারণ, মেহেদীর নিয়োগ নিয়ে সরকারি সংস্থার লিখিত বক্তব্য এবং তদন্তে অনিয়মের বিষয় উঠে আসার পরও শুধু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার যুক্তিতে তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে একই ধরনের নিয়োগ-সংক্রান্ত অভিযোগে মাজেদুল হককে ছুটিতে পাঠানো হয়েছে এবং তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে সূত্রে জানা গেছে।
বোর্ডের সিদ্ধান্তে ন্যায়সঙ্গত ও অভিন্ন মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে সংস্থাটির ভেতরে প্রশ্ন উঠেছে। অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দুই কর্মকর্তার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত অভ্যন্তরীণ জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে বলে সংস্থাটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও বোর্ড সদস্য ড. মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও নিয়ম-নীতির আলোকে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড যথাযথ সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করেন তিনি।