গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর সড়কে ‘টেসলা’ নামে পরিচিত অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সরকার এবার হার্ডলাইনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নানা বাস্তবতা ও সংশ্লিষ্ট পক্ষের চাপের কারণে কঠোর পদক্ষেপ না নিয়ে ধাপে ধাপে এসব যান নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সরকারের চূড়ান্ত নির্দেশনা পেলেই ‘টেসলা’ নিয়ন্ত্রণে অভিযানে নামবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে রাজধানীর গ্যারেজ, চালক ও অবৈধ চার্জিং পয়েন্টেও বাড়ানো হয়েছে নজরদারি।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানায়, সড়কে চলাচল করা টেসলা অবৈধ। সরকারও এসব যান বন্ধে হার্ডলাইনে যেতে চাইছে। তবে গ্যাস, বিদ্যুৎসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে একবারেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘টেসলার বিষয়টি পুলিশ সদর দপ্তরের নজরে রয়েছে। যেকোনো সময় ব্যবস্থা নেবে পুলিশ। রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এসব অবৈধ টেসলার বিরুদ্ধে জোরালো অ্যাকশনে নামবে।’
এদিকে দেশে পায়ে চালানো বা পেডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করে নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং প্রাইভেটকারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবিও উঠেছে। এ দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সরকারের মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বিআরটিএ চেয়ারম্যান এবং এনবিআর চেয়ারম্যানকে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। একই দিন একটি কার্যকর নীতিমালা চালু করে বর্তমানে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সড়কের বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা কমানোর কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর ১৭টি রিকশা গ্যারেজে ৬৭২ চালকের ওপর প্রতিদিনের বাংলাদেশের জরিপ অনুসন্ধানে ১৬৯ জনের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার এবং ২২৮ জনের নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবনের তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, এসব চালকের একটি অংশ ২০২৪ সালের আগস্টের পর ঢাকায় এসে গ্যারেজে আশ্রয় নিয়ে টেসলা চালাচ্ছেন।
তবে রাজনৈতিক পরিচয় বা মাদক সেবনের অভিযোগে সব চালককে এক কাতারে ফেলতে নারাজ পুলিশ। অপরাধে সংশ্লিষ্টতার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘আমাদের নজরে সবাই আছেন। শুধু গ্যারেজ নয়, আরও অনেক বিষয়কেই আমরা অবজেক্ট ধরে কাজ করছি।’ তিনি বলেন, ‘অপরাধের আলোকে যেসব বিষয়কে থ্রেট মনে হয়, সেসব ক্ষেত্রে অভিযান পরিচালনা করা হয়। গ্যারেজেও সম্প্রতি অভিযান হয়েছে। নজরদারির পাশাপাশি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধেও অভিযান জোরদার হয়েছে। গত ২০ আগস্ট মিরপুরের কয়েকটি এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৭০টি ব্যাটারি জব্দ এবং ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৩০ আগস্ট রাতে মিরপুরে অভিযান চালিয়ে প্রায় ৫০০টি চার্জিং পয়েন্ট, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম জব্দ এবং ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর নিম্ন আয়ের মানুষের একটি বড় অংশের জীবিকা টেসলা-নির্ভর। তাই হঠাৎ সব যান বন্ধ করলে কর্মসংস্থান ও জনদুর্ভোগের প্রশ্ন উঠবে। এ কারণে সরকার ধাপে ধাপে এগোতে চাইছে। তবে একই সঙ্গে অবৈধ যান, অনিয়ন্ত্রিত গ্যারেজ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার, মাদক ও অপরাধের যোগসূত্র বিচ্ছিন্ন করাও জরুরি।