যে চাঁদাবাজদের ভয়ে সাধারণ ব্যবসায়ী থেকে শিল্পপতি তটস্থ থাকতেন, সেই চাঁদাবাজরাই এবার পড়েছে এক বিশেষ ওয়েবসাইটের কবলে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বন্দর নগরী চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় দিনেদুপুরে প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাট ও মারধরের একাধিক আলোচিত ঘটনা, রাজধানী ঢাকা কিংবা দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের দৌরাত্মের খবর সবারই জানা। তবে প্রযুক্তির বদলে যাওয়া সমীকরণে উল্টে গেছে ক্ষমতার এ পুরনো হিসাব।
যে চাঁদাবাজদের ভয়ে সাধারণ ব্যবসায়ী থেকে শিল্পপতি তটস্থ থাকতেন, সেই চাঁদাবাজরাই এবার পড়েছে এক বিশেষ ওয়েবসাইটের কবলে।
অপরাধীদের নাম-পরিচয় প্রকাশ, গোপন অপকর্মের তথ্য উন্মোচন ও ভুক্তভোগীদের সরাসরি অভিযোগের ভিত্তিতে গড়ে ওঠা এই ডিজিটাল প্লাটফর্ম বেকায়দায় ফেলতে শুরু করেছে খোদ চাঁদাবাজদের।
পেশিশক্তির বিরুদ্ধে সাইবার বিশ্বের এই পাল্টা আঘাত অপরাধ দমনে নতুন অধ্যায়ের সূচনা করবে। যেখানে অন্যায়ের রাজত্বকে কোণঠাসা করতে ভূমিকা রাখছে উন্মুক্ত নজরদারির প্রযুক্তি।
চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও প্রকাশের জন্য চালু হওয়া ‘চান্দাবিডিডটকম’ ওয়েবসাইটের বয়স ৮ দিন। এই কয়দিনে প্রায় ১১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ পেয়েছে এ প্লাটফর্মটি। চাঁদাবাজির শিকার কিংবা কোথাও চাঁদা দাবির তথ্য এই অনলাইন প্লাটফর্মে পরিচয় গোপন রেখে দেওয়ার সুযোগ রয়েছে। যদিও এর আগে একাধিক ওয়েবসাইট চালু করা হয়েছে চাঁদাবাজির অভিযোগ জানার জন্য। তবে সেসবে অভিযোগের পরিমাণ হাতেগোনা হলেও ‘চান্দাবিডিডটকম’ ওয়েবসাইটে জমা পড়েছে শত শত অভিযোগ। প্রতিদিনই অভিযোগের সংখ্যা বাড়ছে। তার সাথে বাড়ছে চাঁদা দাবির পরিমাণও।
এর আগে ঘুষের অভিযোগ নথিভুক্ত করার জন্য প্রথম উদ্যোগ হিসেবে চালু হয় ghush. Site। মাত্র কয়েক দিন আগে চালু হওয়া এই সাইটে ঢুঁ মারলেই চোখে পড়ে দেশজুড়ে সরকারি দপ্তরগুলোতে ঘুষ লেনদেনের ভয়াবহ চিত্র। এর পথ ধরেই এসেছে ‘চান্দাবিডিডটকম’।
‘চান্দাবিডিডটকম’-এর জন্ম হলো কীভাবেÑ এমন প্রশ্নের লিখিত মেইলের উত্তরে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ। যে দেশে একজন শ্রমিক, ব্যবসায়ী কিংবা সাধারণ নাগরিককে ভয় ও জুলুমের কাছে মাথা নত করতে হবে না; নিজের পরিশ্রমের উপার্জন নিয়ে তিনি নিশ্চিন্তে বাঁচতে পারবেন। এ বিষয়ে ভূমিকা রাখার জন্যই এ সাইটের জন্ম। একই সঙ্গে চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি ও সেবা বা কাজকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করার জন্য চালু করা হয়েছে এটি। বিদেশি বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্লাটফর্ম দেখে অনুপ্রাণিত হয়ে ও ঘুষ-সংক্রান্ত অভিযোগ নথিবদ্ধের প্লাটফর্ম ঘুষ ডট সাইট (ghush. site)-এর অভিজ্ঞতার ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেনি।
প্লাটফর্মটিতে যে কেউ নাম-পরিচয় প্রকাশ না করে চাঁদা দাবি, চাঁদার জন্য ভীতি প্রদর্শন, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির অভিজ্ঞতা জানাতে পারবেন। অভিযোগে ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবি করা অর্থের পরিমাণ ও ঘটনার সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করার সুযোগ রয়েছে।
এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে ইমেলে উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়েবসাইটে জমা পড়া তথ্যকে কোনোভাবেই আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাই করা অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিক অভিজ্ঞতার একটি উন্মুক্ত নথি, যার মাধ্যমে কোন এলাকা বা খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছেÑ সে বিষয়ে প্রাথমিক একটি চিত্র পাওয়া সম্ভব।
ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ, কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ রোধে অভিযোগগুলো প্রকাশের আগে মডারেশনের আওতায় আনা হয়। কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হয় না। সাইটে প্রকাশ করা হয় না অভিযোগকারীর নাম-পরিচয়সহ সুনির্দিষ্ট তথ্য।
চাঁদাবিডি কর্তৃপক্ষ বলছে, কাউকে অপমান বা অপরাধী ঘোষণা করা তাদের উদ্দেশ্য নয়, বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, সচেতনতা বৃদ্ধি করা ও প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরা। এখানে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই, ব্যবহারকারীর নাম, ইমেইল বা ফোন নম্বরও নেওয়া হয় না।
২৫ আগস্ট মঙ্গলবার চালু হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটটির পাবলিক লেজারে নয়টি রিপোর্ট জমা পড়ে। এসব রিপোর্টে মোট চাওয়া বা দেওয়া অর্থের পরিমাণ দেখানো হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। যার মধ্যে বেশি রিপোর্ট এসেছে ঢাকা বিভাগ থেকে।
আট দিনে প্রায় ১১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
ChandaBD.com-এ মাত্র আট দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৪২৬টি চাঁদা দাবির অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে দাবিকৃত অর্থের সম্মিলিত পরিমাণ ১০ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ৩৩৩ টাকা।
বিভাগভিত্তিক হিসাবে অভিযোগ ও দাবিকৃত অর্থÑ উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ঢাকায় ১৭৯টি অভিযোগে ৬ কোটি ৯ লাখ ৭৯ হাজার ১৫৫ টাকা চাঁদা দাবির তথ্য উল্লেখ করা হয়েছে, যা মোট রিপোর্ট করা অর্থের প্রায় ৫৫. ৬ শতাংশ। অভিযোগের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ৮৮টি অভিযোগে ১ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৬৫৩ টাকা দাবি করা হয়েছে। রাজশাহীতে ৪১টি অভিযোগে ১ কোটি ৫ লাখ ৬১ হাজার ৯৮০ টাকা এবং রংপুরে ৩৩টি অভিযোগে ৯৫ লাখ ৩৩ হাজার ২৩০ টাকা দাবির তথ্য পাওয়া গেছে।
অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ২৫টি অভিযোগে ৯ লাখ ১৫ হাজার ৮৩৫ টাকা, খুলনায় ২৮টি অভিযোগে ৩২ লাখ ৫২ হাজার, ময়মনসিংহে ২০টি অভিযোগে ১২ লাখ ৬৩ হাজার ৯৪০ এবং সিলেটে ১২টি অভিযোগে ২৮ লাখ ৫৬ হাজার ৫৪০ টাকা দাবির তথ্য জমা পড়েছে। এ হিসাবে অভিযোগের সংখ্যা ও দাবিকৃত অর্থের অনুপাত সব বিভাগে সমান নয়। চট্টগ্রামে অভিযোগ বেশি হলেও দাবিকৃত অর্থ তুলনামূলক কম। অন্যদিকে রাজশাহী ও রংপুরে অভিযোগ কম হলেও টাকার অঙ্ক তুলনামূলক বেশি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইটটিতে নতুন সুবিধা হিসেবে ‘চাঁদার ম্যাপ’ যুক্ত করা হয়েছে। এ মানচিত্রে বিভাগ, জেলা ও উপজেলা বা থানা অনুযায়ী অভিযোগের অবস্থান দেখা যায়। কোনো চিহ্নের ওপর মাউস রাখলে বা মোবাইলে স্পর্শ করলে দাবিকৃত অর্থের পরিমাণ দেখা যায়। চিহ্নে ক্লিক করলে অভিযোগের স্থান, ঘটনার ধরন, দাবিকৃত অর্থ, ফলাফল ও সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। একই বা কাছাকাছি স্থানে একাধিক অভিযোগ থাকলে সেগুলো গুচ্ছ আকারে দেখানো হয়। ম্যাপ বড় করলে অভিযোগগুলো আলাদা চিহ্নে দেখা যায়। অভিযোগের ঘনত্ব বেশি থাকা বিভাগগুলো তুলনামূলক গাঢ় রঙে দেখানো হয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা বা থানা অনুযায়ী ফিল্টার করে নিজের এলাকার অভিযোগও আলাদাভাবে দেখা যায়।
প্রকাশিত অভিযোগে দর্শনার্থীরা ‘সঠিক’ অথবা ‘সঠিক নয়’ প্রতিক্রিয়া জানাতে পারেন। এ রিপোর্ট লেখার সময় (মঙ্গলবার রাত সাড়ে ৮টা) পর্যন্ত অভিযোগগুলোতে প্রায় সাড়ে চার হাজারবার ‘সঠিক’ প্রতিক্রিয়া জানানো হয়েছে। তবে ওয়েবসাইট কর্তৃপক্ষ বলছে, এ ধরনের প্রতিক্রিয়া কোনো অভিযোগের স্বাধীন বা চূড়ান্ত সত্যতা প্রমাণ করে না। কোনো অভিযোগে ভুল তথ্য, ব্যক্তিগত পরিচয়, আপত্তিকর ভাষা, ভুল স্থান বা টাকার অঙ্ক থাকলে দর্শনার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে রিপোর্ট করতে পারবেন। এসব রিপোর্ট প্রশাসনিক প্যানেল থেকে পর্যালোচনা, সংশোধন বা মুছে ফেলার ব্যবস্থা রয়েছে।
প্রকাশিত অভিযোগ সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা লিগ্যাল এইড কার্যালয় ও অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে ইমেইলে পাঠানোর ব্যবস্থাও রয়েছে। এ পর্যন্ত অভিযোগ সংক্রান্ত ৬২৫টি ইমেইল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একটি অভিযোগ একাধিক দপ্তরে পাঠানো হয় বলে ইমেইলের সংখ্যা অভিযোগের চেয়ে বেশি।
ওয়েবসাইটটিতে ব্যবহারকারীদের জন্য কয়েকটি বিভাগ রাখা হয়েছে। এর মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান, ভবন ও রিয়েল এস্টেট, সড়ক নির্মাণ ও উন্নয়নকাজসহ বিভিন্ন খাত রয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহÑ এই প্রশাসনিক আট বিভাগ অনুযায়ী রিপোর্ট দেখার সুযোগ রয়েছে।
‘চান্দাবাজডটকম’ চালুর পর ৬ মাসে পেল ৬টি অভিযোগ
গত ১১ ফেব্রুয়ারি দেশজুড়ে চাঁদাবাজির ঘটনা প্রতিরোধে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেন ঢাকা-৮ আসনের ১১-দলীয় ঐক্যজোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন বিকালে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে লাইভ করা হয়। সেদিন থেকেই ব্যবহারকারীরা chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে সরাসরি অভিযোগ জানাতে পারছেন। চালুর পরপরই সারা দেশ থেকে অন্তত ৮টি রিপোর্ট জমা পড়ে। সংশ্লিষ্টরা এসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেবেন বলে তখন জানিয়েছিলেন উদ্যোক্তারা।
গতকাল ‘চান্দাবাজ’ ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, জমা পড়া রিপোর্টের সংখ্যা ৬টি। তার মধ্যে যাচাইকৃত ঘটনার সংখ্যা শূন্য। লেজারে দেখা যায়, সর্বশেষ ১৪ আগস্ট একটি রিপোর্ট জমা পড়েছে ওই ওয়েবসাইটে।
‘চান্দাবাজ’ ওয়েবসাইটের উদ্যোক্তা এনসিপির মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে গতকাল সন্ধ্যায় কয়েক দফায় মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কোনো সাড়া মেলেনি। তাই সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ প্লাটফর্ম চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ভূমিকা কতটুকু রাখছেÑ এ প্রশ্নের উত্তর জানা সম্ভব হয়নি।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি চাঁদাবাজির ওপর নজরদারি চালাতে ‘চান্দাওয়াচ’ ওয়েবসাইট তৈরি করেন রেহানুজ জামান নামের এক তরুণ। এই প্লাটফর্মে দেশের বিভিন্ন স্থানে কোথায় কোথায় চাঁদা তোলা হচ্ছে, কত টাকা দাবি করা হচ্ছে, এবং সেটি বৈধ না অবৈধÑ এসব তথ্য তুলে ধরা হচ্ছে।