× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কতটা ধারাবাহিক, কতটা নতুন

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম

কোলাজ: এআই

কোলাজ: এআই

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির প্রায় পাঁচ দশক পর রাষ্ট্রকাঠামো সংস্কারের উদ্দেশ্যে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি তুলে ধরেছে ৩১ দফা। দুয়ের মধ্যে সময়ের ব্যবধান ৪৯ বছর। তা ছাড়া এর মধ্যে বদলেছে দেশের অর্থনীতি, জনসংখ্যা, প্রযুক্তি, নগর বিকাশের প্রকৃতি, বৈদেশিক বাণিজ্য ও সামাজিক কাঠামো। ফলে দুই কর্মসূচির মধ্যে যেমন রয়েছে একদিকে ধারাবাহিকতা, অন্যদিকে রাষ্ট্রসম্পর্কিত দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নানা পরিবর্তন।

১৯৭৭ সালে দেওয়া ১৯ দফার প্রধান লক্ষ্য ছিলÑ উৎপাদন বাড়ানো, কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, খাদ্যে স্বনির্ভরতা অর্জন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, জনগণের অংশগ্রহণ এবং বেসরকারি খাতের বিকাশ। ১৯ দফায় প্রধান লক্ষ্য হিসেবে বলা হয়েছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও ব্যক্তিখাতের শিল্প বিকাশের কথা। 

অন্যদিকে ৩১ দফার কেন্দ্রে রয়েছে রাষ্ট্রকাঠামোর সংস্কার। সংবিধান সংস্কার, নির্বাচনব্যবস্থার পরিবর্তন, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, সংসদের উচ্চকক্ষ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন, গণমাধ্যমের স্বাধীনতা, স্থানীয় সরকারকে ক্ষমতায়ন এবং নাগরিকের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত। এর অর্থ হচ্ছে, শহীদ জিয়ার ১৯ দফার মূল প্রশ্ন ছিলÑ কীভাবে একটি দরিদ্র ও উৎপাদন ঘাটতিতে থাকা দেশকে দাঁড় করানো যায়। অন্যদিকে তারেক রহমানের ৩১ দফার মূল প্রশ্নÑ কীভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে বদলানো যায়, যাতে রাষ্ট্র জবাবদিহির মধ্যে থাকে।

১৯ দফায় যা ছিল

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। কর্মসূচিগুলো হলোÑ ১. দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। ২. শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা। ৩. নিজেদের একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা। ৪. প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। ৫. কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। ৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। ৭. কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা। ৮. কোনো নাগরিক গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। ৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। ১০. দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা। ১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুবসমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। ১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। ১৩. শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা। ১৪. সরকারি চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তিতে উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। ১৫. জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। ১৬. সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। ১৭. প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। ১৮. দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করা ও ১৯. ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা।

৩১ দফায় যা আছে

বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখাটি মূলত দুভাগে বিভক্ত : প্রথম ভাগে রাষ্ট্রের সংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা এবং দ্বিতীয় ভাগে অর্থনীতি ও সমাজ সংক্রান্ত নানা বিষয়ে নীতি-সংস্কারের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। দফাগুলে হলোÑ ১. সংবিধান সংস্কার কমিশন গঠন ২. সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন। ৩. নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন। ৪. রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ৫. প্রধানমন্ত্রীর মেয়াদসীমা। ৬. দ্বিকক্ষবিশিষ্ট সংসদ। ৭. অনুচ্ছেদ ৭০ সংস্কার। ৮. নির্বাচন কমিশন ও নির্বাচনী সংস্কার। ৯. স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। ১০. জুডিসিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। ১১. প্রশাসনিক সংস্কার। ১২. মিডিয়া কমিশন গঠন। ১৩. দুর্নীতিবিরোধী পদক্ষেপ। ১৪. আইনের শাসন ও মানবাধিকার। ১৫. অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। ১৬. ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার। ১৭. শ্রমিক অধিকার ও কল্যাণ। ১৮. জ্বালানি ও অবকাঠামো খাতে স্বচ্ছতা। ১৯. পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা। ২০. প্রতিরক্ষা বাহিনীর পেশাদারত্ব। ২১. স্থানীয় সরকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ২২. মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের স্বীকৃতি। ২৩. যুবসমাজ ও কর্মসংস্থান। ২৪. নারীর ক্ষমতায়ন। ২৫. শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন। ২৬. স্বাস্থ্যসেবা। ২৭. কৃষি ও কৃষক কল্যাণ। ২৮. যোগাযোগ ও অবকাঠামো। ২৯. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা। ৩০. তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান এবং ৩১. আবাসন ও নগরায়ণ।

১৯ দফার সঙ্গে ৩১ দফার মৌলিক মিল

দুই কর্মসূচির প্রধান মিলÑ জাতীয় স্বার্থ, আত্মনির্ভরতা, উৎপাদন ও বিকেন্দ্রীকরণের ধারণায়। ১৯ দফায় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মনির্ভরতার ভিত্তি হিসেবে কৃষি, খাদ্য, শিল্প ও উৎপাদন বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ৩১ দফাতেও জাতীয় স্বার্থকে বৈদেশিক সম্পর্কের ভিত্তি ধরে শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন, কৃষকের ন্যায্যমূল্য, যোগাযোগ অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের কথা বলা হয়েছে। বিকেন্দ্রীকরণেও ধারাবাহিকতা আছে। জিয়ার ১৯ দফায় প্রশাসনের বিভিন্ন স্তরে জনগণের অংশগ্রহণ ও গ্রামীণ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল; তার সময় গ্রাম সরকার চালুর উদ্যোগও নেওয়া হয়। তবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার ঘাটতিতে তা কার্যকর ও স্থায়ী হয়নি। ৩১ দফা সেই ধারণাকে স্থানীয় সরকারকে স্বশাসিত ও ক্ষমতাবান করার প্রাতিষ্ঠানিক প্রস্তাবে রূপ দিতে চায়। বেসরকারি খাত ও উৎপাদনেও মিল রয়েছে।

যেখানে বড় পার্থক্য

মূল পার্থক্য রাষ্ট্রের অগ্রাধিকারে। ১৯ দফার সময় বাংলাদেশ ছিল দরিদ্র, কৃষিনির্ভর ও খাদ্য ঘাটতিগ্রস্ত রাষ্ট্র। তাই কৃষি, সেচ, খাদ্য, পরিবার পরিকল্পনা, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান ছিল কেন্দ্রীয় বিষয়। বর্তমানে অর্থনীতি অনেক বৈচিত্র্যময়। নগরায়ণ, পোশাক শিল্প, প্রবাসী আয়, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, সেবা ও বৈশ্বিক বাণিজ্য এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ফলে ৩১ দফায় অর্থনীতির পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার অগ্রাধিকার পেয়েছে। ৩১ দফার প্রথম ১৫ দফাতেই সংবিধান, তত্ত্বাবধায়ক সরকার, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের উচ্চকক্ষ, ৭০ অনুচ্ছেদ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, গণমাধ্যম ও দুর্নীতি দমনের মতো বিষয় এসেছে। এটি ১৯ দফার ধারাবাহিক অগ্রগমনÑ উন্নয়ন ও উৎপাদনকেন্দ্রিক কর্মসূচি থেকে প্রতিষ্ঠান ও জবাবদিহিকেন্দ্রিক রাষ্ট্রচিন্তার দিকে নতুন এক অভিযাত্রা।

১৯ দফার সাফল্য ও সীমাবদ্ধতা

শহীদ জিয়ার সময় রাষ্ট্রনির্ভর অর্থনীতি থেকে বেসরকারি উদ্যোগের দিকে যাত্রা শুরু হয়। বিশ্বব্যাংকের গবেষণায় এ উদ্যোগের কথা থাকলেও রাজনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর হাতে সম্পদ যাওয়ার প্রবণতাকে ক্রনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদের প্রাথমিক রূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃষি উপকরণে বেসরকারি অংশগ্রহণ, সেচ সম্প্রসারণ ও আধুনিক জাতের ব্যবহার পরবর্তী খাদ্য উৎপাদন বৃদ্ধির ভিত্তি তৈরি করে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও সার্ক প্রতিষ্ঠার ধারণার অন্যতম উদ্যোক্তা ছিলেন শহীদ জিয়াউর রহমান। তবে ১৯ দফার অনেক লক্ষ্য স্থায়ীভাবে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গ্রাম সরকার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার অভাবে টেকেনি; বেসরকারিকরণেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ ছিল। গণতন্ত্রের অঙ্গীকারের সঙ্গে সামরিক আইন ও সামরিক প্রভাবের রাজনৈতিক বাস্তবতারও টানাপড়েন ছিল।

৩১ দফার নতুনত্ব ও পরীক্ষা

৩১ দফার নতুনত্ব হলোÑ রাষ্ট্রীয় ক্ষমতাকে সীমিত ও জবাবদিহিমূলক করার প্রস্তাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কেন্দ্রীভবন কমানোর প্রস্তাব। শহীদ জিয়ার সময়ের প্রধান চ্যালেঞ্জ ছিল দুর্বল উৎপাদন কাঠামো ও সীমিত রাষ্ট্রক্ষমতা। ৩১ দফার পটভূমিতে রয়েছে অতিরিক্ত কেন্দ্রীভবন, দুর্বল প্রতিষ্ঠান ও জবাবদিহির সংকট। তারেক রহমান ৩১ দফাকে সংবিধান সংশোধনের বাইরে মানুষের জীবিকা, আর্থ-সামাজিক নিরাপত্তা ও পরিবারের সঞ্চয়ের সঙ্গেও যুক্ত করেছেন। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা, নদী-খাল ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক যোগাযোগের মতো বিষয় ৩১ দফায় যুক্ত হয়েছে। তবে ৩১ দফা বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ। কারণ সংবিধান সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, মেয়াদসীমা, ৭০ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার ও স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন পরস্পর নির্ভর।

দুই প্রজন্মের ‍মিশন

দুই প্রজন্মের দুই রাজনৈতিক মিশনের মধ্যে শহীদ জিয়ার ১৯ দফা ছিল উৎপাদন ও আত্মনির্ভরতা এবং তারেক রহমানের ৩১ দফা রাজনৈতিক প্রতিষ্ঠান ও তার জবাবদিহিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই দুই কর্মসূচির বড় ধারাবাহিকতা হচ্ছে, বাংলাদেশি জাতীয়তাবাদ। দুই কর্মসূচির রাজনৈতিক ভিত্তিতে জাতীয়তাবাদের ধারণা রয়েছে, তবে প্রয়োগের ভাষা বদলেছে। ১৯ দফায় জাতীয়তাবাদ রাষ্ট্রের পরিচয় ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। ৩১ দফায় এর সঙ্গে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্রের ধারণা যুক্ত হয়েছে। প্রথম দফাতেই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের কথা বলা হয়েছে।

রাজনৈতিক পরীক্ষা

শহীদ জিয়ার শাসনামলে গণতন্ত্রের অঙ্গীকার সামরিক ক্ষমতার বাস্তবতার সঙ্গে সংঘাতে ছিল। ৩১ দফা সেই অভিজ্ঞতার বিপরীতে ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ও জবাবদিহির নিশ্চয়তা দিতে চায়। কিন্তু বিরোধী অবস্থান থেকে ক্ষমতা সীমিত করার প্রতিশ্রুতি দেওয়া এবং ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করা এক নয়। তাই ৩১ দফার বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে বিএনপি নিজের দলীয় সরকারের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রয়োগ করে কি না, তার ওপর।

জিয়ার ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফা বিএনপির রাষ্ট্রচিন্তার দুটি সময়ের দলিল। শহীদ জিয়ার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, উৎপাদন ও অর্থনৈতিক সক্ষমতা ছাড়া রাষ্ট্র শক্তিশালী হয় না। তার সীমাবদ্ধতার শিক্ষা হচ্ছে, শুধু উন্নয়ন কর্মসূচি দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা যায় না। তাই ৩১ দফার প্রকৃত পরীক্ষা হবে কাগজে নয়, ক্ষমতায়। যে ক্ষমতাকে সীমিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় থেকে বিএনপি কি নিজের ক্ষমতাকেও একইভাবে সীমিত রাখতে পারবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ৩১ দফা কেবল জিয়ার ১৯ দফার রাজনৈতিক উত্তরসূরি নাকি বিএনপির রাষ্ট্রচিন্তায় সত্যিই একটি নতুন অধ্যায়ের সূচনা।

বিশিষ্টজনদের অভিমত

সদ্যনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় তার বক্তব্যে মূল্যায়ন করেছেন যে, জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে দেশবাসীকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার নতুন দিকনির্দেশনা ও স্বপ্ন দিয়েছিলেন। দেশ যখনই কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটে পড়েছে, তখনই জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং তার আদর্শ দলের নেতাকর্মীদের ও জাতিকে পথ দেখিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি দেশের সাধারণ জনগণের ভোটাধিকার, মানবাধিকার এবং আইনের শাসন ফিরিয়ে দেওয়ার একটি ‘জাতীয় চুক্তি’। তার মতে, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক এবং সত্যিকারের জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ৩১ দফাকে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের গাইড বুক হিসেবে উল্লেখ করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা