× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে বিআরটিসির ই-বাস

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ০৯:২৬ এএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ০৯:৪০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

যানবাহন সংকটে জেরবার ঢাকা নগরবাসীর জন্য সুখবর। রাজধানীতে ই-বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে। এ বাসের প্রথম বহর পথে নেমে সার্ভিস দেওয়া শুরু করবে চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতে। এগুলো আনছে সরকারি সড়ক পরিবহন সংস্থাÑ বিআরটিসি।

রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের অন্যতম ভরসাস্থল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে সরকারি এই পরিবহন সংস্থার বাসবহরের একটি বড় অংশই এখন জীর্ণ ও পুরনো। ২০১৮-১৯ সালের পর বড় পরিসরে নতুন বাস যুক্ত না হওয়ায় বাধ্য হয়েই মেয়াদোত্তীর্ণ ও লক্কড়-ঝক্কড় বাস দিয়ে যাত্রীসেবা চালিয়ে যেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এতে একদিকে যেমন মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় অস্বাভাবিক হারে বাড়ছে, অন্যদিকে কমছে বাসের সার্বিক কার্যক্ষমতা। মাঝ-রাস্তায় বাস বিকল হয়ে যাত্রীদের ভোগান্তি এবং ট্রিপ বাতিলের কারণে সংস্থার আয়েও পড়ছে বড় ধরনের নেতিবাচক প্রভাব। এমন সংকটময় পরিস্থিতিতে জ্বালানি-নির্ভর পুরনো বহরের ওপর নির্ভরতা কমিয়ে যুগান্তকারী এক পদক্ষেপ নিতে যাচ্ছে বিআরটিসি; শুরু হতে যাচ্ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাসের (ই-বাস) যুগ।

প্রাথমিক পর্যায়ে সংস্থাটির জন্য প্রায় ২০০টি ইলেকট্রিক বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয়পদ্ধতিতে এসব বাস বহরে যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি এই উদ্যোগ নিছক নতুন বাস কেনার কোনো গতানুগতিক প্রকল্প নয়। বরং পুরনো বহর ধীরে ধীরে প্রতিস্থাপন, জ্বালানি ব্যয় ও পরিবেশদূষণ কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটানোর এক বৃহত্তর মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই দেখা হচ্ছে এটিকে।

প্রথম ধাপে ১০০ বাস ও অবকাঠামো উন্নয়ন

পরিকল্পনার প্রাথমিক প্রস্তাবে ১০০টি ইলেকট্রিক বাস কেনা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন এবং ডিপোগুলোর প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে মোট ৪০০ কোটি টাকা ব্যয়ের রূপরেখা তৈরি করা হয়েছিল। এই বাজেটের মধ্যেই বাস ক্রয়, চার্জিং স্টেশন নির্মাণ, আনুষঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহ, চালক ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ, বাসের নিবন্ধন ও ডিপোর সার্বিক উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে পরিবহন চাহিদার ব্যাপকতা ও বৈদ্যুতিক রূপান্তরের গতি ত্বরান্বিত করতে পরবর্তী সময়ে ই-বাসের সংখ্যা দ্বিগুণ করে ২০০টিতে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে প্রকল্পের মোট অর্থায়নের আকারও ৪০০ কোটি থেকে বাড়িয়ে ৮০০ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয়টি হলো, ই-বাস চালুর এই উদ্যোগকে শুধু যান ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, রক্ষণাবেক্ষণ ও আধুনিক পরিচালন ব্যবস্থাকে একই ছাতার নিচে একটি সমন্বিত প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নারী যাত্রীদের স্বস্তিতে ‘ই-পিংক বাস’

নতুন এই ২০০ বাসের উদ্যোগের একটি অত্যন্ত সময়োপযোগী ও উল্লেখযোগ্য দিক হলো, নারী যাত্রীদের জন্য সংরক্ষিত আলাদা সেবা। ঢাকার মতো মেগাসিটিতে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের একটি বড় অংশ প্রতিদিন যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু চরম ভিড় ও নিরাপত্তার অভাবে তাদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়। এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে সরকারি পরিকল্পনায় ইলেকট্রিক বাসের একটি নির্দিষ্ট অংশ কেবল নারী যাত্রীদের জন্য বরাদ্দের কথা বলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট বিআরটিসি নারী যাত্রীদের জন্য ডেডিকেটেড ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ চালু করেছে। নতুন আসতে যাওয়া অত্যাধুনিক ইলেকট্রিক বাসগুলোর একটি অংশ এই পিংক বাস সেবায় যুক্ত হলে নারী যাত্রীদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহনের পরিসর আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিপোগুলোতে গড়ে উঠবে চার্জিং অবকাঠামো 

ডিজেলচালিত বাসের মতো শুধু ফুয়েল পাম্পে গিয়ে জ্বালানি ভরার সুযোগ ই-বাসে নেই। ইলেকট্রিক বাস সফলভাবে চালাতে হলে প্রতিদিনের রুট পরিচালনার পাশাপাশি নির্দিষ্ট সময়ে বাস চার্জ দেওয়ার রুটিন ব্যবস্থা, গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগ, উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জিং সক্ষমতা, নিরাপদ পার্কিং ও বিশেষায়িত রক্ষণাবেক্ষণের সুবিধা নিশ্চিত করা বাধ্যতামূলক। এ কারণে বাস কেনার সমান্তরালে বিআরটিসির বিদ্যমান ডিপোগুলোকে ই-বাস পরিচালনার উপযোগী ‘স্মার্ট হাব’-এ রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকার ভেতরের কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপো এবং পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ডিপোকে এই চার্জিং নেটওয়ার্কের আওতায় আনার কাজ চলছে। ডিপোর লে-আউট পুনর্নির্মাণ, বাস রাখার পর্যাপ্ত জায়গা, চার্জিং স্টেশনের কৌশলগত অবস্থান এবং হাই-ভোল্টেজ বিদ্যুৎ সংযোগÑ প্রতিটি বিষয় নিখুঁতভাবে হিসাব করা হচ্ছে। ইলেকট্রিক বাসের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চার্জিংয়ের সময়কাল। একটি বাস দীর্ঘ সময় চার্জিংয়ে পড়ে থাকলে সেটি কাঙ্ক্ষিত ট্রিপ দিতে পারবে না। তাই দিনের রুট প্ল্যানিং, বাসের সংখ্যা, চার্জিংয়ের সময়সূচি এবং ডিপোর সক্ষমতার মধ্যে একটি নিবিড় গাণিতিক সমন্বয় সাধনের কাজ চালিয়ে যাচ্ছেন প্রকৌশলীরা।

প্রযুক্তিগত উপযোগিতা ও লাইফ সাইকেল কস্ট

ইলেকট্রিক বাসের দীর্ঘমেয়াদি সাফল্যের প্রধান শর্ত হলো দেশের আবহাওয়া ও সড়কের সঙ্গে মানানসই সঠিক প্রযুক্তি নির্বাচন। ভুল প্রযুক্তির বাস কিনলে ভবিষ্যতে তা বিআরটিসির জন্য শ্বেতহস্তীতে পরিণত হতে পারে। তাই ব্যাটারির সক্ষমতা, একবার ফুল চার্জে অতিক্রান্ত দূরত্ব (রেঞ্জ), চার্জিং স্পিড, ব্যাটারির আয়ুষ্কাল এবং বাংলাদেশের চরম আর্দ্র ও গরম আবহাওয়ায় এর কার্যক্ষমতা নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে। এ ছাড়া সড়কের অবস্থা, সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা, যন্ত্রাংশের সহজলভ্যতা এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের মতো বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এসব দিক মূল্যায়নের জন্যই বিশেষজ্ঞ, প্রকৌশলী ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি স্পেসিফিকেশন তৈরির কাজ করছে।

সাফল্যের হিসাব মেলাতে এ ক্ষেত্রে ‘লাইফ সাইকেল কস্ট’ বা পুরো জীবনকালের পরিচালন ব্যয়কে মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে। শুধু বাসের ক্রয়মূল্য বা প্রতি কিলোমিটার জ্বালানি সাশ্রয় দিয়ে বিচার না করেÑ একটি বাস তার পুরো আয়ুষ্কালে বিদ্যুৎ, কারিগরি রক্ষণাবেক্ষণ ও ব্যাটারি প্রতিস্থাপন বাবদ কত ব্যয় করবে এবং বিপরীতে কত আয় করবে, সেই সমীকরণ মেলানোই এখন প্রধান লক্ষ্য।

পুরনো বহরের চাপ সামলানোর তাগিদ

বিআরটিসির এই ত্বরিত উদ্যোগের পেছনে বড় একটি কারণ হলো পুরনো বহরের অসহনীয় চাপ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি বাসের যান্ত্রিক ত্রুটি বাড়ে, যা সার্বিক ট্রিপ সংখ্যা কমিয়ে দেয়। ফলে একদিকে যেমন গ্যারেজ বিল বাড়ে, অন্যদিকে কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হয় প্রতিষ্ঠান।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আবদুল লতিফ মোল্লা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিআরটিসির পুরনো বহর আধুনিকায়ন করা এখন সময়ের দাবি। ২০১৮-১৯ সালের পর বড় পরিসরে নতুন বাস যুক্ত না হওয়ায় পুরনো বাসের মেরামত ব্যয় প্রতিনিয়ত বাড়ছে। ফলে কাঙ্ক্ষিত সেবা ও রাজস্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় সরকার বিআরটিসিকে মোট ৮০০ কোটি টাকা ঋণ দিয়েছে। এর মাধ্যমে ধাপে ধাপে ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। প্রথম ধাপে ১০০টি বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে বিআরটিসি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়, যা একই সঙ্গে যাত্রীসেবার মান বাড়াবে এবং পরিচালন ব্যয় কমিয়ে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে আরও কার্যকর করে তুলবে।

বৃহত্তর পরিকল্পনায় আরও ৮০০ ই-বাস

বর্তমান ২০০ বাসের পাশাপাশি বিআরটিসির পাইপলাইনে রয়েছে আরও একটি মেগা প্রকল্প। জানা গেছে, দক্ষিণ কোরিয়া ও চীন থেকে মোট ৮০০টি ইলেকট্রিক বাস কেনার জন্য প্রায় ৪ হাজার ৫৮৪ কোটি টাকা ব্যয়ের একটি প্রাথমিক রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে ৩০০টি এবং চীনা ঋণে ৫০০টি বাস কেনার প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে। এই বৃহৎ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বর্তমান ২০০ বাসের উদ্যোগটি মূল ট্রানজিশন বা রূপান্তর পর্ব হিসেবে কাজ করবে। প্রথম দিকের এই অভিজ্ঞতাÑ কোন রুটে ই-বাস বেশি কার্যকর এবং কী ধরনের চার্জিং ব্যবস্থাপনা সবচেয়ে টেকসইÑ তা ভবিষ্যতের মেগা প্রকল্প বাস্তবায়নে পথনির্দেশক হবেঢ়

নিরবচ্ছিন্ন পরিচালনায় জোর দিতে হবে

ইলেকট্রিক বাসের স্বপ্ন বাস্তবে কতটা সুফল বয়ে আনবে, তা নির্ভর করছে এর নিরবচ্ছিন্ন পরিচালনার ওপর। ব্যবহৃত ব্যাটারির মেয়াদ শেষে তার পরিবেশসম্মত ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার (রিসাইক্লিং) নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। ই-বাসের সাফল্য নিছক বাস কেনার সংখ্যার ওপর নির্ভর করবে না; বরং কতটি বাস নিয়মিত রাস্তায় সচল রাখা গেল, যানজটের শহরে রুট ম্যানেজমেন্ট কতটা নিখুঁত হলো এবং বিআরটিসির আয় কতটা বাড়লÑ তার ওপরই নির্ভর করবে এই ৮০০ কোটি টাকার প্রকল্পের প্রকৃত কার্যকারিতা। প্রথম ধাপের এই উদ্যোগ সফল হলে বিআরটিসি কেবল নতুন প্রযুক্তিতেই প্রবেশ করবে না, বরং দেশের গণপরিবহন ব্যবস্থায় পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াতের এক নতুন যুগের সূচনা করবে।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা