কোলাজ: এআই
১৪ দিন কুর্মিটোলা হাসপাতালে কাটানোর পর আজিমপুরের রসুলবাগের বাসায় যাবেন ত্রিশোর্ধ্ব তাহমিনা বেগম। বয়স্ক মা-বাবার সাথে অসুস্থ শরীর নিয়ে বাসায় ফেরার বাহন খুঁজছে তার পরিবার। হাসপাতালের সামনের একাধিক সিএনজি চালক, ৫০০ টাকা ভাড়া হাঁকছে, তারা কেউ মিটারে যেতে আগ্রহী নয়। নিম্নবিত্ত পরিবারটির এতটা সামর্থ্য নেই। রোগী নিয়ে হাসপাতালের সামনে প্রধান সড়কে বাসের জন্য অপেক্ষা করে ১ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বয়স্ক বাবা-মা আর অসুস্থ শরীর নিয়ে বাসে উঠতে পারেনি দিলারার পরিবার। কারণ এই রুটে একটি কোম্পানির অল্প কিছু বাস চলাচল করে। ২ ঘণ্টা পর দিলারার পরিবার নির্দিষ্ট গন্তব্যের বাসে উঠতে পারে। প্রতিদিন এমন শত শত ঘটনার সাক্ষী এ মেগাসিটি। প্রায় সাড়ে ৩ কোটি জনসংখ্যা অধ্যুষিত ঢাকায় বিপুল পরিমাণ মানুষ প্রতিদিন শহরের নানা প্রান্তে চলাচল করছে এবং শহরের ওপর দিয়ে নানা জেলায় ছুটছে। ব্যক্তিগত বাহন ব্যবহারকারীর সংখ্যা নগণ্য। সিংহভাগ মানুষকে গণপরিবহন ব্যবহার করতে হয়। তবে এই পরিবহন ব্যবস্থার কোনো শৃঙ্খলা ও টেকসই কাঠামো তৈরি করা যায়নি।
সরেজমিন রাজধানীর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা যায়, সড়কে পুরনো জরাজীর্ণ বাস, খামখেয়ালি ভাড়া হাঁকানো সিএনজি ও রাইড শেয়ারিং সার্ভিস, বাসের স্বল্পতা, নির্দিষ্ট গন্তব্যে সিএনজি না পাওয়া, ভাড়া নিয়ে বচসা এবং মানসম্মত বাসের তীব্র সংকটÑ পুরো গণপরিবহন ব্যব্স্থাকে বিশৃঙ্খল করে রেখেছে। ঢাকার যাত্রীরা মনে করছেন, গত কয়েক দশকে গণপরিবহন নিয়ে কোনো পরিকল্পনাই দীর্ঘমেয়াদে বাস্তবায়ন হয়নি। বহুপক্ষীয় স্বার্থের দ্বন্দ্বে আটকে আছে সকল পরিবর্তন।
বিআরটিসি বাস নগরবাসীর চাহিদা পূরণ করতে পারেনি
সরকারি ব্যবস্থাপনায় চালিত বিআরটিসি বাস সার্ভিস নগরবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। ঢাকার একটি বেসরকারি কলেজের শিক্ষক রিপন ভূইয়া জানান, নির্দিষ্ট কিছু রুটে ভাঙাচোরা কিছু বাস চালানো ছাড়া সরকারি এ প্রতিষ্ঠান এই মেগাসিটির বিপুল জনসংখ্যার স্বস্তিদায়ক যাতায়াতে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। গণপরিবহনে নিয়মিত যাতায়াতকারী এ যাত্রী বলেন, বিআরটিসি সার্ভিসের গাজীপুর থেকে মতিঝিলগামী বাস শাহবাগে ঘুরিয়ে ফেলছে।
অন্যদিকে মতিঝিল থেকে রওনা হওয়া বাস নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে মুখ ঘুরিয়ে নিয়েছে। তিনি বলেন, মূলত শহরের কোনো রুটেই বিআরটিসি স্বস্তিকর বাস সার্ভিস দিতে পারছে না।
ফার্মগেট থেকে মিরপুর বাঙলা কলেজে নিয়মিত যাতায়াত করা স্নাতকের ছাত্রী মেহরুবা জামান এই প্রতিবেদককে বলেন, ‘সেবার মনোভাব বিসর্জন দিয়ে কেবলই ব্যবসার দিকে ঝুঁকেছে এই বাস। আমরা সেবা পাচ্ছি না, সড়কে বাসের সংখ্যাও কম। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাওয়া যায় না।’ বিআরটিসির সূত্রে জানা যায়, তাদের বাসের বড় একটি অংশ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভাড়া দিয়ে রাখা হয়েছে। গণপরিবহন হিসেবে অল্প সংখ্যক বাস রাস্তায় চলছে।
আসাদ গেটের বাসিন্দা, গৃহবধূ ও সরকারি কর্মকর্তা শর্মিলা রহমান গাজীপুর সদরে একটি প্রতিষ্ঠানে কাজ করেন, সপ্তাহে ৫ দিন বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন। চালক অসুস্থ থাকায় আসাদ গেট থেকে গণপরিবহনে যাতায়াত করেছেন পুরো ১ সপ্তাহ। এই প্রতিবেদককে তিনি বলেন, এ কদিন তাকে গণপরিবহনে চড়ার তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এ রুটের কোনো বাসেই পর্যাপ্ত আসন ফাঁকা থাকে না। নারীদের জন্য আসন সংরক্ষিত ৫টি, সেখানেও পুরুষ যাত্রীরা বসে থাকে। বাসের সংখ্যা কম। কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও নির্দিষ্ট গন্তব্যের বাসে উঠতে না পারায় অফিসে পৌঁছাতে বিলম্ব হয়ে যায়। বিকাল বেলা ফিরে আসার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। একই গন্তব্যে অসংখ্য যাত্রী থাকায় আসন ফাঁকা পাওয়া যায় না। শুধু শর্মিলা রহমান নন, এটি রাজধানীর গণপরিবহনে চলাচলকারী প্রায় প্রতিটি যাত্রীর ভাষ্য ও অভিজ্ঞতা।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গত দুই দশকে ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে না পারার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাব ও স্বার্থের সংঘাত এবং মালিক-শ্রমিক সিন্ডিকেটের অন্যতম প্রধান কারণ। পরিবহন খাতের অধিকাংশ বড় মালিক এবং শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতারা সরাসরি রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিলেন। ফলে কোনো কঠোর সিদ্ধান্ত বা রুট পুনর্বিন্যাস করতে গেলেই তারা ধর্মঘটের ডাক দিয়ে পুরো শহর অচল করে দিতেন। অতীতে বৈজ্ঞানিক কোনো সমীক্ষা ছাড়াই রাজনৈতিক বিবেচনায় ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিকে ইচ্ছেমতো রুট পারমিট দেওয়া হয়েছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, মোহাম্মদপুর শিয়া মসজিদ বাস স্ট্যান্ড থেকে উত্তরা আব্দুল্লাহপুর পর্যন্ত একমাত্র ভূ্ঁইয়া পরিবহনের বাসই চলাচল করে। এ ছাড়া আজিমপুর থেকে কামারপাড়া রুটে একমাত্র বিকাশ পরিবহনের বাস চলাচল করে। রাজধানীর এমন অধিকাংশ রুটে দীর্ঘ সময় অন্য কোনো কোম্পানির বাস চলাচলের রুট পারমিট দেওয়া হয়নি, বিপরীত দিকে এক রুটের অনুমোদন নিয়ে অন্য রুটে বাস পরিচালনা করেছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার গণপরিবহন ব্যবস্থার দায়িত্বে থাকা বিআরটিএ, ডিটিসিএ, ডিএমপি এবং দুই সিটি করপোরেশনের মধ্যে আইনগত ও সাংগঠনিক সমন্বয়ের এখনও তীব্র অভাব। উদাহরণস্বরূপ, ডিটিসিএ রুট নির্ধারণ করলেও বিআরটিএ আলাদাভাবে পারমিট দিত। রাস্তায় ফিটনেসবিহীন বাস চলা এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের বিরুদ্ধে বিআরটিএ ও পুলিশের তদারকি ছিল নামমাত্র এবং দুর্নীতিগ্রস্ত। এর ফলে নিয়ম ভাঙাই একধরনের নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। এ চিত্র এখনও পরিবর্তন হয়নি। একজন বাস মালিক নাম না প্রকাশ করার শর্তে এই প্রতিবেদককে বলেন, ঢাকার বাসগুলো কোম্পানিভিত্তিক হলেও মালিকরা চালকদের কাছে দৈনিক নির্দিষ্ট টাকায় বাস ভাড়া (জমা) দেন। চালক ও হেলপাররা সেই টাকা তোলার পর নিজেদের লাভের জন্য রাস্তায় একে অপরের সাথে রেষারেষি ও বিপজ্জনক প্রতিযোগিতা করে। এটিও বিশৃঙ্খলার বড় কারণ। এ ছাড়া বেসরকারি মালিকদের একটি সুনির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি মডেলে আনতে গেলে শুরুতে যে ধরনের সরকারি ভর্তুকি বা সহজ শর্তে ঋণের প্রয়োজন ছিল, তা দেওয়া হয়নি। ফলে লোকসানের ভয়ে মালিকরা নতুন ব্যবস্থায় যোগ দিতে অনীহা দেখায়। খোঁজ নিয়ে জানা যায়, পাইলট প্রকল্প হিসেবে যখন ‘ঢাকা নগর পরিবহন’ চালু করা হয়েছিল, তখন সেই নির্ধারিত রুটে অন্য কোম্পানির অবৈধ ও ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ করতে পারেনি প্রশাসন। ফলে সুশৃঙ্খল বাসগুলো যাত্রী সংকটে পড়ে পিছিয়ে যায়। বাসের জন্য সুনির্দিষ্ট স্টপেজ বা কাউন্টার নির্মাণ না করা যায়নি, যা বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দিয়েছে। শুধু অবকাঠামো নির্মাণে (যেমনÑ ফ্লাইওভার) জোর দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের সাশ্রয়ী বাসের নেটওয়ার্কের দিকে মনোযোগ দেওয়া হয়নি। গাজীপুর-বিমানবন্দর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি এক দশকের বেশি সময় ধরে চলায় ওই অঞ্চলের গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থা আরও ভেঙে পড়েছিল। এর প্রভাব এখনও রয়েছে।
রাজধানীতে চলাচলকারী আজমেরী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম জিলানী টিপু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গণপরিবহণের মালিকরা যে পরিমাণ বিনিয়োগ করে, মাস শেষে তা উঠে আসে না। সরকার নানা রকম নিয়ম চাপিয়ে দিয়ে গণপরিবহন খাতের বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করেছে। পরিবহন সংশ্লিষ্ট সরকারের সকল প্রতিষ্ঠানকে এ ভূমিকা পরিহার করতে হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ শামসুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাজধানীর পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ দক্ষ নয়। টেকসই পরিকল্পনা প্রণয়োন করে তা বাস্তবায়ন করতে পারেনি। সামগ্রিক ব্যর্থতার জন্য অনভিজ্ঞ ও অদক্ষ ব্যবস্থাপনাই দায়ী। এ বিশাল শহরের পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণের মতো অভিজ্ঞতা প্রতিষ্ঠানগুলোর নেই এবং পূর্বেও ছিল না।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত দুই দশকে সরকারি বেসরকারি পর্যায়ে নীতি গ্রহণ ও বাস্তবায়নে তেমন কোনো সমন্বয় হয়নি। এটি পরিবহন ব্যবস্থার বিশৃঙ্খলার একটি অন্যতম কারণ। সরকারি নীতিনির্ধারকরা পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে নীতিগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে উদার ছিলেন না। সব পক্ষের সমন্বয় হলে শহরের গণপরিবহন ব্যবস্থা আরও গোছানো হতো।
এ বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থা টেকসই কাঠামো তৈরির জন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোতে কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন লোক দরকার ছিল। কিন্তু এসব প্রতিষ্ঠানে আমলাদের নিয়ন্ত্রণের কারণে দীর্ঘমেয়াদি কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া যায়নি। পরিবহন মালিক ও সংগঠনগুলো এই সুযোগ রুফে নিয়েছে। তারা পরিবহন ব্যবসায় নিজস্ব স্বার্থের বলয় তৈরি করে সবকিছু নিজেদের মতো কর্তৃত্বে নিয়েছে। এটা বিশৃঙ্খলার মূল কারণ।
এ বিষয়ে কথা বলার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক ও অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট এবং সম্পত্তি অনুবিভাগ) মো. আনিসুর রহমানকে মোবাইলে কল করা ও খুদেবার্তা পাঠানো হলে তারা কেউ সাড়া দেননি।
সামগ্রিকভাবে সচেতন মহল মনে করছে, সরকারি নিয়মনীতি এড়িয়ে চলছে এই শহরের পরিবহন ব্যবস্থা। এতে সাধারণ মানুষের জন্য গণপরিবহনের অভিজ্ঞতা স্বস্তি বয়ে আনেনি এখনও। তারা বলছেন, দীর্ঘদিনেও দেশে পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ গণপরিবহন ব্যবস্থা গড়ে না ওঠার পেছনে সমন্বয়হীনতা, দুর্বল ব্যবস্থাপনা এবং বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগের ধীরগতি মূল কারণ। এই দীর্ঘস্থায়ী সমস্যার মূল চালিকাশক্তি ও প্রতিবন্ধকতাগুলো সমাধান করতে হলে সরকারকে সুসংগঠিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।