× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্ধারিত সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন নিয়ে সংশয়, প্রশ্ন

মাসুদুল হাসান

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১১:২৭ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১১:৩৫ এএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের গতি প্রত্যাশিত মাত্রায় না হওয়ার কারণে নির্ধারিত সময়েই এটি উদ্বোধন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্ন দেখা দিয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের গতি প্রত্যাশিত মাত্রায় না হওয়ার কারণে নির্ধারিত সময়েই এটি উদ্বোধন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্ন দেখা দিয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার যানজট সমাধানে গৃহীত গুরুত্বপূর্ণ প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন কি যথাসময়েই করা যাবে? ২০১১ সালে গৃহীত এ প্রকল্পে কাজের গতি প্রত্যাশিত মাত্রায় না হওয়ার কারণে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

তবে সেতু কর্তৃপক্ষ বলছে, আগামী ২০২৮ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়েই এটি উদ্বোধন করা হবে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) গৃহীত এ প্রকল্পটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মগবাজার, মালিবাগ, খিলগাঁও ও কমলাপুর হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত। তিন পর্যায়ে ভাগ করা প্রকল্পটির তৃতীয় পর্যায়ের কাজ শুরুর আয়োজন চলছে বর্তমানে।

সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, প্রকল্পটিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত প্রথম পর্যায়, বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত দ্বিতীয় পর্যায় এবং মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত তৃতীয় পর্যায়। 

সরেজমিন প্রকল্পের তৃতীয় অংশ ঘুরে দেখা যায়, মগবাজার রেল ক্রসিংয়ের আগের দ্বিতীয় অংশের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। সেখানে র‌্যাম্প নির্মাণসহ আনুষঙ্গিক কাজ এখনও চলছে। কাজের গতিও শ্লথ। একটি বড় প্রকল্প হলেও এটি ঘিরে আয়োজন ও উদ্যোগ তেমন নেই বললেই চলে। অবশ্য এ প্রকল্পের মগবাজার রেল ক্রসিং থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত পিয়ার স্থাপন ও সেতুর পাটাতনের কাজ শেষ হয়েছে। রেললাইন পার হয়ে ৪৫৮ নম্বর পিয়ারের কাজ শেষ হওয়ার পর ছাদ বা পাটাতন বসেছে। তবে এরপর থেকে কাজের ধীর গতি লক্ষ করা যাচ্ছে। খিলগাঁওয়ের ফ্লাইওভারের ঢাল পর্যন্ত সিঙ্গেল পিয়ার বসলেও কাজের ক্ষেত্রে তেমন গতিশীলতা নেই। 

খিলগাঁও এ-ব্লকের স্থানীয় বাসিন্দা আলামিন প্রতিদিনের বাংলাদেশকে জানান, মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত প্রধান সড়কের একপাশ ব্যারিকেড দিয়ে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় যানবাহন চলাচলের গতি কয়েকগুণ কমে গেছে। এই দুই কিলোমিটার রাস্তায় যানজট লেগেই থাকে। সামনের দিকে কুতুবখালী পর্যন্ত এগোলে নির্মাণকাজের ছাপ মিললেও একটি বৃহৎ প্রকল্পের যে ব্যস্ততা ও গতিশীলতা থাকার কথা, সেরকম কিছু লক্ষ করা যায় না।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বর্তমান প্রধান প্রকৌশলী আবু হুমায়ন মো. শাখাওয়াত আকতার। তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প পরিচালকের দায়িত্বও পালন করছেন । সেতু ভবনের একজন নির্বাহী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকল্পের ওপর দিয়ে নানা সময়ে আর্থিক ‘খড়্গ’ চেপে বসায় এবং অংশীদারত্ব জটিলতা তৈরি হওয়ায় এর কাজের গতিতে প্রভাব পড়ছে। তবে আরেকটি সূত্রমতে, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আবু হুমায়ন শাখাওয়াত আকতার কিছুদিন পর দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। এ কারণে তদারকি কমেছে। এটিও প্রকল্পের গতি কমার একটা কারণ। তিনি ২০১৯-২০ সাল থেকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে কাজ করছেন। আবু হুমায়ন শাখাওয়াত আকতার বলেন, ‘আমরা কাজের গতি আগের চেয়ে বাড়ানোর চেষ্টা করছি।’ 

মন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্বে জানান, প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতার কারণে দুটি চীনা ব্যাংক, যথাÑ চায়না এক্সিম ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) থেকে নেওয়া ঋণের কিস্তি স্থগিত করা হয়েছে। প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আর্থিক সমস্যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কিছু অংশের কাজে দেরি হচ্ছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থায়নে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

সেতু কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ‘আর্থিক যে জটিলতা ছিল, সেটা প্রায় কেটে গেছে। তবে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু বিরোধ আছে। সেগুলো আদালতের মাধ্যমে সমাধানের পর্যায়ে রয়েছে। এগুলো বড় কোনো বাধা নয়।’ ধীরগতি সম্পর্কে সচিব বলেন, পর্যায়ক্রমে কাজের সক্ষমতা বাড়ানো হচ্ছে, ফলে প্রকল্প আরও গতিশীল হবে।

এই প্রকল্পের আওতায় বড় মগবাজার এলাকার জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতা নিয়ে সরবারহকৃত নথিতে দেখা যায়, রেলওয়ের জমি থেকে সেতু কর্তৃপক্ষকে এ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে এবং ব্যক্তিমালিকানা দাবি করার ব্যাপারে অমীমাংসিত কিছু বিষয় রয়েছে। এ বিষয়ে আগামী ৩ সেপ্টেম্বর রায় দেওয়া হবে বলে সেতু কর্তৃপক্ষের একজন সহকারী পরিচালক জানান।

সম্প্রতি সড়ক ও যোগাযোগ মন্ত্রী জাতীয় সংসদে জানান, কাওলা থেকে এফডিসি ক্রসিং পর্যন্ত অংশটি ইতোমধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুড়িল, বনানী, মহাখালী ও তেজগাঁও হয়ে যাওয়া এক্সপ্রেসওয়েটির মূল সড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। আর র‍্যাম্পসহ ৪৬.৭৩ কিলোমিটার। তিনি সংসদকে জানিয়েছেন, অর্থায়নের জটিলতার কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু অংশে বিলম্ব হচ্ছে। অর্থায়ন পুনরায় শুরু হলে প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হতে পারে। 

প্রকল্প ঘুরে দেখা যায়, বর্তমানে পান্থকুঞ্জ পার্ক, হাতিরঝিল ইন্টারচেঞ্জ এবং মগবাজার-মালিবাগ-খিলগাঁও-কমলাপুর সেকশনের কাছে আপ-র‌্যাম্পের নির্মাণকাজ চলছে। মুলতবি কাজের মধ্যে রয়েছে পান্থকুঞ্জ-হাতিরপুল-পলাশী সংযোগ এবং কমলাপুর-সায়েদাবাদ-কুতুবখালী অংশ। তবে পরিবেশ আন্দোলনের কারণে পান্থকুঞ্জ-হাতিরপুল-পলাশী সংযোগ সড়কের কাজও প্রায় এক বছর স্থগিত ছিল।

মন্ত্রী ও সচিব বলছেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আর্থিক অসুবিধাগুলো সমাধান হলে প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে। তবে ২০১১ সালে এই মেগা প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়েছিল। বিভিন্ন আইনি জটিলতা, অর্থায়ন ও পরিবেশবাদী আন্দোলনের কারণে কাজ সাময়িক ব্যাহত হওয়ায় বর্তমানে প্রকল্পটির বাকি অংশ (তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত) সম্পূর্ণ শেষ করার নতুন লক্ষ্য ধরা হয় ২০২৬ সালের ডিসেম্বর। সম্প্রতি উড়াল সেতু উদ্বোধনের এ ডেডলাইনকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত ‘টেনে নেওয়া’ বা দীর্ঘায়িত করা হয়েছে।

রাজধানীবাসী চান, নির্ধারিত সময়ের মধ্যেই যেন সাড়ে তিন কোটি মানুষের যানজট সমাধানে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবশিষ্ট কাজ শেষ হয়ে যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা