× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ৬ মাসের কাজে সন্তুষ্ট নয় সরকার

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১০:৩৮ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১১:১৩ এএম

দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বিগত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট নয়। পুলিশের কর্মদক্ষতাও সন্তোষজনক ছিল না। আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা ব্যর্থ। যেকোনো মূল্যে এ পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এজন্য পুলিশকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

ঢাকার রাজারবাগে ‘বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম’-এ পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনে শনিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব মন্তব্য করেন। সম্মেলনের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে দেশকে যেন কোনো গোষ্ঠী অস্থিতিশীল করতে না পারে, সেজন্য মাঠপর্যায়ের পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে নিষিদ্ধ জঙ্গি ও রাজনৈতিক সংগঠনগুলোর অপতৎপরতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। তারা যাতে কোনো কার্যক্রম চালাতে না পারে, সেজন্য কড়া নজরদারি বাড়ানোর জন্যও বলা হয়েছে। সকালে শুরু হওয়া দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সম্মেলনটি শেষ হয় বিকাল সাড়ে ৫টায়।

দীর্ঘ কয়েক বছর পর এ সম্মেলন হয়েছে। এর আগে এ ধরনের সম্মেলন তিন মাস পরপর অনুষ্ঠিত হলেও গত ৫-৬ বছর ধরে অনলাইনে অপরাধ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভায় অতিরিক্ত আইজিপি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বক্তব্য প্রদান শেষে এক প্রেস ব্রিফিংয়েও বক্তব্য দেন। সম্মেলনের শেষ অধিবেশনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নানা নির্দেশ দেন আইজিপি মো. আলী হোসেন ফকির। 

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৬ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধচিত্র সভায় উপস্থাপন করেন। সভায় আলোচ্য সময়ে ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ডাকাতি মামলা, ধর্ষণ মামলার তদন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ আক্রান্ত মামলার তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মুলতবি মামলা কমিয়ে সাজার হার বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। এছাড়া নিখোঁজ জিডি গুরুত্বের সাথে তদন্ত করার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় পিবিআই প্রধান (অতিরিক্ত আইজি) মো. মোস্তফা কামাল, সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, এটিইউ প্রধান (অতিরিক্ত আইজি) মো. রেজাউল করিম, র‍্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ, এসবিপ্রধান (অতিরিক্ত আইজি) সরদার নুরুল আমিন প্রমুখ তাদের ইউনিট সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ ২০২৬ পালনকালে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়। আইজিপি তাদের ব্যাজ পরিয়ে দেন।

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্র মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেন। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত সংস্থায় পরিণত করে এর ভাবমূর্তি উজ্জ্বল করতে নিয়মিত কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে।

অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যাদি দিয়ে সহায়তাকারীদের জন্য সরকার পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করেছে উল্লেখ করে মন্ত্রী জানান, যারা ভারী অস্ত্র (হেভি উইপনস) উদ্ধারের জন্য তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে। পিস্তল, রিভলবার বা শটগানজাতীয় অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ার শেল এবং অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে খবর দিয়ে যারা সহায়তা করবেন, তাদেরও ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।

মন্ত্রী বলেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্রের বাতিলকৃত লাইসেন্স জমা দেওয়া হয়নি, সেগুলোকে ইতোমধ্যে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা করা হয়েছে এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার আগে গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্যবস্থার নির্দেশ আইজিপির

আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে বলেন, সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই সে সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, পুলিশ দেশের জন্য, জনগণের কল্যাণে কাজ করছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

যেসব নির্দেশনা মাঠপুলিশকে

সম্মেলনে উপস্থিত একাধিক কর্মকর্তা গতকাল সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিগত ছয় মাসের পুলিশের কর্মদক্ষতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আপনাদের পারফরম্যান্সে সরকার খুশি নয়। আপনাদের পারফরম্যান্স ভালো নয়। আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা ব্যর্থ। আরও উন্নতি করতে হবে। আরও পরিশ্রম করতে হবে, যাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। দেশে কোনো মব চলবে না।

মন্ত্রী খুলনার পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকে মঞ্চে ডেকে নিয়ে ওই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চান। এরপর ওই তিন পুলিশ কর্মকর্তাকে অপরাধের লাগাম টানার ব্যাপারে সময়সীমা নির্ধারণ করে দেন। মন্ত্রী এ সময় ওই অঞ্চলের আইনশৃঙ্খলার অবনতিতে অসন্তোষ প্রকাশ করেন।

চট্টগ্রামের ডিআইজি সম্মেলনে তার অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য দেন। এরপর মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী ডিআইজিকে সতর্ক করে দেন বলেও জানা গেছে।

জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য মন্ত্রী নির্দেশ প্রদান করেন।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) তার বক্তব্যে পদোন্নতি নিয়ে বলতে গিয়ে পুলিশে কর্মকাল ২০ বছর পার হওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রীকে জানান, আমাদের পদোন্নতি আর হবে কবে। এ বক্তব্যের পর সিনিয়র সচিব বলেন, পদোন্নতির জট খুলেছে। কার্যক্রমও শুরু হয়েছে। অপেক্ষা করুন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা