অনেক আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় ‘সাংস্কৃতিক রাজধানী’। কিন্তু গত কয়েক বছরে সেই চিরচেনা, প্রশান্তিজাগানিয়া জনপদটি অনেক বদলে গেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া। তিতাসের কলতানে জেগে ওঠা একখণ্ড সবুজ-শ্যামল ভূখণ্ড। এই জনপদের মৃত্তিকাতেই জন্ম নিয়েছেন সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, জন্মেছেন অন্নপূর্ণাÑ যাদের সুরের সাধনায় বিশ্বদরবারে জায়গা করে নিয়েছে সংগীতের নতুন ভাষা।
এই মাটিতেই জন্ম নিয়েছেন অদ্বৈত মল্ল বর্মণÑ যার লেখা ‘তিতাস একটি নদীর নাম’ ঠাঁই পেয়েছে বাংলার প্রত্যেক নিবিড় পাঠকের ঘরে ঘরে। এ জনপদেরই কবি আল মাহমুদÑ যার লেখা ‘সোনালী কাবিন’ বাঙালির মুখে মুখে ফেরে।
এ মাটিতেই জন্ম রাজনীতিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তেরÑ যিনি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
এই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময় মরণপণ সম্মুখসমরে শহীদ হন সর্বোচ্চ বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। একাত্তরে এখানকার কসবায় সংঘটিত যুদ্ধের কথা আজও মানুষের মুখে মুখে ফেরে।
সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষের সামনে স্থাপন করেছে সভ্যতার এক অনন্য উদাহরণ। এর আকাশে-বাতাসে ধ্বনিত হয় ফকির আফতাব উদ্দিন খাঁ, মহর্ষি আনন্দস্বামী, ওস্তাদ আয়েত আলী খাঁ, মনমোহন দত্ত ও ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর মতো সাধকের সুরের মূর্ছনা। ব্রাহ্মণবাড়িয়াকে তাই অনেক আগে থেকেই বলা হয় ‘সাংস্কৃতিক রাজধানী।’
কিন্তু গত কয়েক বছরে সেই চিরচেনা, প্রশান্তিজাগানিয়া ব্রাহ্মণবাড়িয়া বদলে গেছে। উগ্রতা সেখানে চাইছে সভ্যতার টুঁটি চেপে ধরতে। সাংস্কৃতিক চর্চাকে থামিয়ে দিতে চাইছে অশুভ শক্তি। সন্ত্রাস-সংঘাত ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে। কখনও গ্রাম্য বিরোধে, কখনও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায়, কখনও বা ধর্মীয় দ্বন্দ্বে টেঁটা-বল্লম নিয়ে সংঘাত-সহিংসতায় জড়িয়ে পড়ছে দুই পক্ষ। মব নিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পোড়ানো হচ্ছে সংস্কৃতি চর্চার কেন্দ্র, বন্ধ করা হচ্ছে সিনেমার প্রদর্শনী। এসব দেখে বিস্মিত আজ সারা দেশের মানুষ। যে ব্রাহ্মণবাড়িয়া একদা সারা বাংলাদেশকে পথ দেখাত সেই জনপদের এমন চিত্র দেখে বিস্ময়াহত হয়ে তারা এখন ভাবতে বাধ্য হচ্ছেÑ এই ব্রাহ্মণবাড়িয়া কি আমাদের সেই চিরচেনা স্থান, যাকে আমরা মনে করি সংস্কৃতি চর্চার পাদপীঠ?
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গত ১৯৯৮ সালের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়ার সমাজ-রাজনীতি-সংস্কৃতিতে নানা পরিবর্তনের চিত্র দেখা দিতে শুরু করে। ওই বছর সেখানে একটি এনজিও আয়োজিত বিজয়মেলা বন্ধ করে দেওয়া হয়। এর পর ছোট-বড় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠতে থাকে যে, উগ্রবাদী শক্তি চাইছে সভ্যতার চাকাকে ভিন্নমুখী করতে। এরই একপর্যায়ে ২০১৬ সাল ও ২০২১ সালে এখানে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে (ওস্তাদ আলাউদ্দিন একাডেমি বা স্মৃতি জাদুঘর) ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময় হামলা চলে ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারেও।
সম্প্রতি চলতি বছরের জুন মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগেও বিভিন্ন সময় এ জেলার গ্রামাঞ্চলে গোষ্ঠীগত বিরোধ, আধিপত্য ও নানা সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সরাইলের ঘটনার পর গত ১৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘উচ্চ শব্দে গান বাজানো’র অভিযোগ তুলে স্থানীয় জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি করা হয়Ñ যেগুলোর অন্যতম একটি হলো, ভবিষ্যতে পুলিশ লাইনসে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এসব দাবি মেনে নেওয়ার পাশাপাশি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
গত ২৭ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্নের সময় এ ঘটনার প্রসঙ্গ তোলেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিবাগত ২৮ আগস্ট মধ্যরাতে বা শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এমন প্রেক্ষাপটে পরদিন শনিবার হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেন। কওমি ছাত্র ঐক্য পরিষদও তাদের ঘোষিত প্রতিবাদী কর্মসূচি প্রত্যাহার করে। তবে একই সময়ে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির কর্মসূচি আয়োজন নিয়ে জেলা প্রশাসন জানিয়ে দেয়, সেখানে রাজনৈতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ সংঘাতের আশঙ্কা আপাতত দূর হলেও এর কারণগুলো এখনও রয়েই গেছে।
২৮ আগস্ট রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে। সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলামের ভাষ্য, কর্মসূচিতে পুলিশ উপস্থিত ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমাবেশ থেকে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। তিনি দুঃখ প্রকাশ না করলে শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।
এর মধ্যে গতকাল শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চাইতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ তুলেছিলেন। তার বক্তব্যকে কেন্দ্র করে জেলার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় তিনি দুঃখিত। একই পোস্টে তিনি নৌকাবাইচের প্রসঙ্গে তথ্যগত ভুলের কথাও স্বীকার করেনÑ সিলেটের ঘটনার জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার নাম বলেছিলেন।
হাসনাতের ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে। তিনি বলেন, বাংলাদেশে মসজিদ, মন্দির, সংগীত, ওয়াজ, মাজার, কনসার্ট, মাহফিল, রথযাত্রা, সিনেমা উৎসÑ সবই থাকবে; যার যে আয়োজন পছন্দ সে সেখানে যাবে, আর পছন্দ না হলে যাবে না। সরকারের দায়িত্ব হবে, কেউ যেন অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারে।
এর পর কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক জানান, হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এবং এনসিপির কর্মসূচিতে তাদের কোনো বাধা থাকবে না।
এনসিপির অনুষ্ঠান নিয়েও প্রশাসনের সিদ্ধান্ত
কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার হলেও এনসিপির জন্য জেলা শিল্পকলা একাডেমির দরজা খোলেনি। জেলা প্রশাসক মো. আবু সাঈদের ভাষ্য, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠানের কথা জানিয়েছিল; রাজনৈতিক সভা হবেÑ এমন তথ্য আগে দেওয়া হয়নি। তার বক্তব্য, শিল্পকলা একাডেমি রাজনৈতিক কার্যক্রমের জায়গা নয়। তাই সেখানে রাজনৈতিক সভার অনুমতি দেওয়া সম্ভব নয়।
ফলে ঘটনাটি শেষ পর্যন্ত ‘কওমি ছাত্র বনাম এনসিপি’ সংঘাতে গড়ায়নি। প্রশাসনের অবস্থানও রাজনৈতিক প্রতিপক্ষকে ঠেকানোর সিদ্ধান্ত হিসেবে নয়, বরং ভেন্যু ব্যবহারের নীতিগত প্রশ্ন হিসেবে সামনে এসেছে। একটি প্রতিবাদী কর্মসূচি প্রত্যাহার এবং একটি রাজনৈতিক কর্মসূচির জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি দুটি আলাদা বিষয়।
বিভেদ দানা বাঁধছে
বলার অপেক্ষা রাখে না, বেশ কয়েক বছর ধরেই ব্রাহ্মণবাড়িয়ায় বিভেদের স্রোত বইছে। ২০১৬ সালের জানুয়ারিতে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ মানুষের হামলা ও অগ্নিসংযোগে রেলস্টেশন, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনও। আগুনে পুড়ে যায় সংগীতাঙ্গনে সংরক্ষিত আলাউদ্দিন খাঁর ব্যবহৃত বাদ্যযন্ত্র, তার হাতে লেখা চিঠি ও দুর্লভ আলোকচিত্রসহ নানা স্মৃতিচিহ্ন। এই ঘটনা সারা পৃথিবীকে হতবাক করে দেয়।
২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় হেফাজতে ইসলামের হরতালকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা হয়। সেই সহিংসতারও শিকার হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন। অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্য এখানে শুধু অবহেলার নয়, বৃহত্তর সামাজিক উত্তেজনারও ঝুঁকিতে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সংঘাতের ইতিহাসও বহুমাত্রিক। ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে ১৫টি মন্দির ও তিন শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য এসেছে।
অন্যদিকে জেলার গ্রামাঞ্চলে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ থেকেও সংঘর্ষের প্রবণতা রয়েছে। ২০২১ সালের একটি প্রতিবেদনে পুলিশ-তথ্যের বরাতে বলা হয়েছিল, দুই বছরে জেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৪৩৭টি সংঘর্ষ হয়েছে এবং এসব ঘটনায় ১৫১ জনের মৃত্যু ঘটেছে। এসব সংঘর্ষের পেছনে অর্থ, আধিপত্য ও দীর্ঘস্থায়ী গোষ্ঠীগত বিরোধের কথা উঠে আসে। ফলে ব্রাহ্মণবাড়িয়ার সংঘাতকে শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক দ্বন্দ্ব দিয়ে ব্যাখ্যা করলে পুরো চিত্র পাওয়া যাবে না। এর সঙ্গে গ্রামীণ ক্ষমতার কাঠামো, গোষ্ঠীগত বিরোধ, সামাজিক দ্বন্দ্ব ও রাজনৈতিক মেরুকরণেরও যোগ রয়েছে।
যা বলছেন বিশেষজ্ঞরা
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার পেছনে বর্তমান শিক্ষাব্যবস্থার ত্রুটি ও সাংস্কৃতিক চর্চার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন দেশের বিশিষ্টজন। এ প্রসঙ্গে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘এত গুণী মানুষ যে মাটিতে জন্মেছেন, সেখানে হুটহাট যেকোনো বিষয় নিয়ে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তৈরি হওয়া নিয়ে ভাবতে হবে।’ তার মতে, ‘শিক্ষা থেকেই সংস্কৃতির ভিত্তি তৈরি হয়। ধর্মীয় বা অন্য কোনো পরিচয়ের নামে বিভাজন তৈরি না করে তাই সব ধারার শিক্ষাব্যবস্থার মধ্যে একটি সমন্বয় প্রয়োজন।’ এ জন্য একটি সমন্বিত শিক্ষা আইন করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, ‘শিক্ষাব্যবস্থার বিভিন্ন ধারা থাকতে পারে এবং সন্তানকে কোথায় পড়াবেন, সে বিষয়ে অভিভাবকের পছন্দের স্বাধীনতাও থাকবে; কিন্তু সব ধারার মধ্যে একটি অভিন্ন নীতিগত সমন্বয় থাকা দরকার।’
সংকট থেকে উত্তরণে শিক্ষাবিদ রাশেদা কে চৌধূরী শিক্ষাব্যবস্থার সংস্কারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হিসেবে দেখেছেন। তার মতে, ‘শুধু শ্রেণিকক্ষের পাঠ নয়, সংস্কৃতি ও খেলাধুলার চর্চাও শিক্ষার অপরিহার্য অংশ হওয়া উচিত। ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে, তবে ধর্মের নামে যেন বিভাজন তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।’ ডিজিটাল অপপ্রচার, ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে শিক্ষার্থীদের রক্ষায় ছোটবেলা থেকেই প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার শেখানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘কোনো একটি এলাকার মানুষের মধ্যে তুচ্ছ ঘটনা বা মতাদর্শগত সংঘাতকে কেন্দ্র করে বারবার সহিংসতার ঘটনা সৃষ্টি হলে বুঝতে হবে, সেখানে আইন ও সামাজিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক জীবন পরিচালনায় আগ্রহী মানুষের সংখ্যা কমছে। ব্রাহ্মণবাড়িয়ায় কখনও টিভি দেখাকে কেন্দ্র করে সংঘাত, কখনও সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা প্রদান, কখনও মুক্ত সংস্কৃতি চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি ও ভয়-ভীতি দেখানোর মতো ঘটনা ঘটছে। এ সমস্ত ঘটনা ইঙ্গিত দেয় যে, সেখানকার সমাজ কাঠামো পরস্পর সংবেদনশীল মানসিকতায় পরিচালিত হচ্ছে না। ফলে অন্যের ধারণা, মতাদর্শ, অবস্থান, বা মতামতকে সহজে গ্রহণ করার পরিবর্তে পেশিশক্তির ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠরা জোরপূর্বক নানা ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত করছে, যা সমাজের অতীত ঐতিহ্য ও শিল্পবোধকে প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ ও মানুষকে নানাভাবে সচেতন করে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ করতে পারলে সমাধান করা সম্ভব।’