× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ টাকার নোটই দস্যুদের ছাড়পত্র!

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১০:৪৯ এএম

তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন। বৈধ পাস নিয়ে মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণে বনে ফিরবেন হাজার হাজার জেলে-বাওয়ালি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন। বৈধ পাস নিয়ে মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণে বনে ফিরবেন হাজার হাজার জেলে-বাওয়ালি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন। বৈধ পাস নিয়ে মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণে বনে ফিরবেন হাজার হাজার জেলে-বাওয়ালি। একই সঙ্গে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোও। খুলনার নদীর তীরের ঘাটগুলোতে এ নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লোনা পানির ক্ষয় থেকে রক্ষা করতে পুরনো নৌকার গায়ে আলকাতরা লাগানো হচ্ছে। কোথাও ছেঁড়া জাল মেরামত, কোথাও ট্রলারের ইঞ্জিন পরীক্ষা চলছে। পর্যটন নৌযানগুলোও ধুয়ে-মুছে নতুন মৌসুমের জন্য প্রস্তুত করা হচ্ছে।

তবে বন খোলার খবরে উপকূলজুড়ে স্বস্তি ফিরলেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দস্যু আতঙ্ক। জেলেদের অভিযোগ, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ফের সক্রিয় হয়েছে একাধিক সশস্ত্র দস্যুদল। চাঁদা না দিলে নৌকা থামিয়ে অপহরণ, মারধর ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের আশঙ্কা করছেন বনজীবীরা। অভিযোগ রয়েছে, একটি নৌকার কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ, কোথাও কোথাও দুই লাখ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।

এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ পাঁচ টাকার নোট ঘিরে। বনজীবীদের দাবি, চাঁদা পরিশোধের পর দস্যুরা তাদের হাতে একটি পাঁচ টাকার নোট দেয়। নোটের নির্দিষ্ট সিরিয়াল নম্বরটিই নাকি নদীপথে চলাচলের সংকেত। সুন্দরবনের বিভিন্ন জলপথ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে দস্যুরা। ফলে নির্দিষ্ট নম্বরের নোট না থাকলে অন্য এলাকায় নৌকা থামিয়ে জেরা বা হয়রানির পাশাপাশি অপহরণের ঝুঁকিও থাকে বলে অভিযোগ।

খুলনার কয়রা উপজেলার জেলে মোসলেম ঢালী জানান, পরিস্থিতি ও দস্যুদলের ওপর ভিত্তি করে কখনও ২৫ হাজার, কখনও ৫০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। তার ভাষায়, সরাসরি টাকা মিটিয়ে দিলে একরকম হিসাব, আবার দেরি করলে বা আপত্তি করলে চাপ আরও বাড়ে।

সাতক্ষীরার গাবুরার জেলে ইদ্রিসের অভিজ্ঞতা আরও ভয়াবহ। তিনি জানান, কয়েকটি নৌকা একসঙ্গে গেলে চাঁদার চাপ আরও বাড়ে। টাকা দিতে অস্বীকার করলে লোকজন তুলে নিয়ে গিয়ে ভয় দেখানোর আশঙ্কাও রয়েছে বলে তার অভিযোগ।

স্থানীয় বনজীবীদের দাবি, সুন্দরবনের বিভিন্ন অংশে আলিফ ওরফে দয়াল বাহিনী, দুলাভাই বাহিনী, ডন বাহিনী, বড় জাহাঙ্গীর ও কাজল মুন্না বাহিনী সক্রিয়। ছোট জাহাঙ্গীর ও করিম-শরীফসহ আরও কয়েকটি দলের নামও স্থানীয়দের মুখে শোনা যায়। তাদের অভিযোগ, দস্যুরা নিজেদের মধ্যে জলপথের সীমানা ভাগ করে নিয়েছে। তবে এসব বাহিনীর তৎপরতা ও নিয়ন্ত্রণের সব তথ্যের স্বাধীন সরকারি নিশ্চয়তা মেলেনি।

বন খোলার প্রস্তুতি সম্পর্কে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এরফান উদ্দীন বলেন, বনজীবীদের প্রবেশের জন্য পাস দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দস্যুদের বিষয়ে স্থানীয় জেলে-বাওয়ালিদের কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত বন বিভাগকে জানানোর আহ্বান জানান তিনি।

এদিকে তিন মাসের নিষেধাজ্ঞায় এমনিতেই বিপাকে পড়েছেন উপকূলের মানুষ। জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় খুলনার দাকোপ-কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর, গাবুরা ও বুড়িগোয়ালিনী এলাকার বহু পরিবার আয় হারিয়েছে। গাবুরার সোরা এলাকার প্রবীণ জেলে জিন্নাত গাজী বলেন, সুন্দরবনে যাওয়া বন্ধ থাকায় তাদের সংসারের আয় একেবারেই থেমে যায়। বাধ্য হয়ে ঋণ করে পরিবার চালাতে হয়েছে।

অন্যদিকে নিষেধাজ্ঞার মধ্যেও বন সুরক্ষায় অভিযান চালিয়েছে বন বিভাগ। ১৮ আগস্ট পর্যন্ত নিয়ম ভেঙে সুন্দরবনে প্রবেশের ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। আটক হয়েছেন ৪৪ জন। জব্দ করা হয়েছে ৩৮টি নৌকা। বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, নিষেধাজ্ঞার সময়ও বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সমন্বয়ে যৌথ নজরদারি চালানো হয়েছে। বন খোলার পরও নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চলতি বছর দস্যু দমনেও অভিযান হয়েছে। জুলাইয়ে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেন। এর আগে জুনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধে একজন দস্যু নিহত এবং বাহিনীর প্রধানসহ কয়েকজন আটক হন। ফলে একদিকে আত্মসমর্পণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, অন্যদিকে নতুন করে চাঁদাবাজির অভিযোগ, দুই ধরনের চিত্রই সামনে আসছে। বন বিভাগের দাবি, সুন্দরবনে দিন-রাত ২৪ ঘণ্টা টহল চলছে। তবে বিশাল বনাঞ্চলের অসংখ্য নদী, খাল ও প্রবেশপথে একসঙ্গে নজরদারি চালানো কঠিন। 

তাই প্রশ্ন থেকেই যায়, সরকারি পাস হাতে নিয়েও যদি জেলের পকেটে রাখতে হয় দস্যুদের দেওয়া পাঁচ টাকার কোড, তবে সুন্দরবনের সেই প্রবেশ কতটা নিরাপদ? বন খুলছে ১ সেপ্টেম্বর। তার সঙ্গে কি আবারও খুলে যাচ্ছে দস্যু আতঙ্কের দরজা?


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা