সৌরভ হোসেন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ০৯:৪২ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ০৯:৪৩ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার পরই ক্লান্ত যাত্রীদের ঘিরে ধরে একদল মানুষ। ব্যাগ বা লাগেজটি হাতে নেওয়ার সুযোগ না দিয়েই শুরু হয় টানাটানি। সামান্য দূরত্বে মালামাল পৌঁছে দেওয়ার কথা বলে হাঁকানো হয় ১০ গুণ পর্যন্ত বেশি দাম! সামান্য ২০০ গজের রাস্তার জন্য ৩০০ টাকা দাবি এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় বচসা। প্রতিদিনের এই দৃশ্য কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং কমলাপুর স্টেশনে হাজারো যাত্রীর নিত্যদিনের অবর্ণনীয় ভোগান্তি ও শোষণের জীবন্ত দলিল।
সম্প্রতি রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার পর অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন যাত্রী তৌহিদুল ইসলাম। ট্রেন থেকে নামতেই কয়েকজন কুলি তার ব্যাগপত্র ঘিরে ধরে এবং স্টেশনের বাইরে পৌঁছে দেওয়ার নাম করে ৩০০ টাকা দাবি করে। দীর্ঘ দরদাম ও শেষ পর্যন্ত হট্টগোলের পর ২৫০ টাকায় বিষয়টি মীমাংসা হয়। শুধু তৌহিদ নন, কমলাপুর স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গেই প্রতিটি প্লাটফর্মে এই চিত্র যেন এক অবধারিত নিয়মে পরিণত হয়েছে।
স্টেশন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যাত্রীদের সহায়তায় প্লাটফর্মে নির্দিষ্ট ভাড়ার তালিকা বা পোস্টার টাঙানো রয়েছে। তালিকা অনুযায়ী, ২৮ কেজির একটি ব্যাগের ভাড়া মাত্র ১৫ টাকা, দুটি ব্যাগের জন্য ২০ টাকা এবং সর্বোচ্চ ৫৬ কেজি ওজনের ক্ষেত্রে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ট্রলির ক্ষেত্রে ১৫ থেকে ২০ টাকা এবং হুইলচেয়ারের ভাড়া ২০ টাকা নির্ধারিত। কিন্তু বাস্তবে কাগজ-কলমের এই ভাড়ার তালিকার কোনো কার্যকারিতা নেই। কুলিরা নিজেদের খেয়াল-খুশিমতো ভাড়া আদায় করছেন এবং যাত্রীরা প্রতিবাদ করলে উল্টো হেনস্থার শিকার হচ্ছেন।
তালিকা আছে, তদারকি নেই
যাত্রীদের অভিযোগ, মালামাল দেওয়ার আগে নির্দিষ্ট ভাড়ার কথা বলা হলেও গন্তব্যে পৌঁছার পর অতিরিক্ত কাজের বা দূরত্বের অজুহাত তুলে কয়েকগুণ বেশি আদায় করা হয়। আবার অনেক সময় আগে থেকে দরদাম না করলে গন্তব্যে পৌঁছার পর ইচ্ছেমতো আকাশচুম্বী অঙ্ক দাবি করা হয়। তর্কে জড়ানোর ঝুটঝামেলা এড়াতে অধিকাংশ যাত্রী বাধ্য হয়েই কুলিদের মুখে চাওয়া অর্থ মিটিয়ে দেন।
স্টেশনে টাঙানো ভাড়ার চার্ট বা পোস্টার থাকলেও তার মাঠপর্যায়ে কোনো তদারকি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, স্টেশনের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্মীদের চোখের সামনেই এই নৈরাজ্য চললেও দেখার কেউ নেই।
জীবিকার সংকট নাকি অতিরিক্ত মুনাফা
যাত্রীদের এই লাগামহীন কষ্টের বিপরীতে কুলিদের নিজস্ব ‘যুক্তি’ রয়েছে। কমলাপুর স্টেশনের নিবন্ধিত কুলি মুহাম্মদ ফারুকের দাবি, বর্তমানে স্টেশনে ২৭৩ জন কুলি নিবন্ধিত রয়েছেন। স্টেশন কর্তৃপক্ষ যে নামমাত্র ভাড়া নির্ধারণ করেছে, বর্তমান বাজারদরে সেই আয়ে সংসার চালানো অসম্ভব। তিনি জানান, আম-কাঁঠাল বা বিশেষ মৌসুম ছাড়া সারা বছর পর্যাপ্ত কাজও থাকে না। ফলে জীবনযাত্রার ব্যয় ও শ্রমের মূল্য বিবেচনা করেই ভাড়ার হার পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন তারা।
ব্যবস্থাপনাতেই বড় গলদ
কমলাপুরে যাত্রী হয়রানির এই চিত্র নতুন কোনো ঘটনা নয়। এর আগে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে সেখানে অভিযান চালিয়েছিল। সাধারণ যাত্রীবেশে দুদকের টিম স্টেশনের সার্বিক অনিয়ম, বিনা রসিদে অর্থ আদায় এবং অব্যবস্থাপনার নানা তথ্য-প্রমাণ সংগ্রহ করেছিল। তা সত্ত্বেও স্টেশন ব্যবস্থাপনার গাফিলতিতে পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি।
জানতে চাইলে ঢাকা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা লাগেজ বহনের নির্দিষ্ট ভাড়া ঠিক করে দিয়েছি, এর বাইরে অতিরিক্ত আদায়ের কোনো সুযোগ নেই। কুলিরা সরকারিভাবে নিয়োজিত নন, তবে তাদের এখানে কাজের অনুমতি দেওয়া হয়েছে। কোনো কুলি নির্ধারিত ভাড়ার বাইরে জোরাজুরি করলে আইডি নম্বরসহ সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাকে টার্মিনাল থেকে বহিষ্কার করব। ইতোমধ্যে কিছু অভিযোগের তদন্ত চলছে।ঢ়
প্রতিকার কোন পথে
রংপুর থেকে আসা যাত্রী আহাদ কমলাপুর স্টেশনে এই প্রতিবেদককে বলেন, এ ধরনের নৈরাজ্য বন্ধ করতে হলে কেবল শাস্তি দিয়ে কাজ হবে না। স্টেশনের প্রতিটি প্রবেশপথ, প্রস্থানদ্বার ও প্লাটফর্মে বড় অক্ষরে ভাড়ার তালিকা ঝুলিয়ে দিতে হবে। প্রতিটি নিবন্ধিত কুলির দৃশ্যমান আইডি কার্ড বা নম্বর থাকা বাধ্যতামূলক করতে হবে, যাতে কোনো অনিয়ম হলে যাত্রীরা তাৎক্ষণিকভাবে চিহ্নিত করতে পারেন। একই সঙ্গে স্টেশনে একটি কার্যকর হটলাইন বা অভিযোগ সেল চালু করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
দেশের প্রধান এই প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাত্রীদের যাত্রা শুরু বা শেষ যদি লাগেজ নিয়ে টানাটানি আর বচসার মধ্য দিয়ে হয়, তবে তা কেবল ব্যক্তিগত ভোগান্তি নয়, এটি গোটা জনসেবা ব্যবস্থাপনার চরম ব্যর্থতা। কুলিদের নায্য শ্রমমূল্য নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধে রেলওয়ে কর্তৃপক্ষের জোরাল তদারকি ও কঠোর নজরদারির বিকল্প নেই।