গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জমি সংক্রান্ত বিরোধের আপিল ও রিভিশন নিষ্পত্তির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভূমি আপিল বোর্ডে গত দুই বছরের বেশি সময়ে সদস্য পদে বারবার পরিবর্তন হয়েছে। সর্বশেষ ১০ আগস্ট কর্মরত সদস্য মো. সাবিরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলেও তার স্থলে নতুন কাউকে পদায়ন করা হয়নি। নতুন বিধিমালা অনুযায়ী চেয়ারম্যান ও সব সদস্যকে নিয়ে ফুলবোর্ডে শুনানি হওয়ায় সদস্যের পদ শূন্য থাকলে বিচারিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়।
সংশ্লিষ্টরা বলছেন, ভূমি আপিল বোর্ড নিম্নপর্যায়ের ভূমি প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও রিভিশনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মালিকানা, নামজারি, খাসজমি, জলমহাল ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির আশায় অনেকে দীর্ঘ সময় আদালতের দ্বারস্থ হন। এ অবস্থায় বোর্ডের সদস্য পদে ঘন ঘন পরিবর্তন এবং পদ শূন্য থাকার প্রভাব মামলার শুনানি ও নিষ্পত্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দুই বছরে পাঁচ সদস্য
গত দুই বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ভূমি আপিল বোর্ডের সদস্য পদে মোট পাঁচজন কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে ড. মো. সাইফুল আলম সদস্য-ক অঞ্চল হিসেবে ২৮ আগস্ট ২০২৫ থেকে দায়িত্ব পালন করছেন। মো. সাবিরুল ইসলাম সদস্য-খ অঞ্চল হিসেবে দায়িত্ব পালন করেন ১০ নভেম্বর ২০২৪ থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আহমেদ ফয়সাল ইমাম ৩০ মে ২০২৩ থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত সদস্য-খ অঞ্চলের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মো. সাইফুল্লাহ পান্না সদস্য-ক অঞ্চলে দায়িত্ব পালন করেন ৩১ অক্টোবর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। মো. আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ সদস্য-ক অঞ্চলে দায়িত্ব পালন করেন ৩০ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৩ জুলাই ২০২৫ পর্যন্ত। বিশেষ করে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সদস্য-ক অঞ্চলে দ্রুত পরিবর্তন হয়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সাইফুল্লাহ পান্নার দায়িত্ব শেষ হওয়ার পর ৩০ সেপ্টেম্বর আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ দায়িত্ব নেন। পরে ১৩ জুলাই ২০২৫ তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর ২৮ আগস্ট ২০২৫ ড. মো. সাইফুল আলম দায়িত্ব নেন।
এসব বদলি, সংযুক্তি বা ওএসডির প্রশাসনিক কারণ সম্পর্কে বোর্ডের দেওয়া তথ্যে কোনো কারণ উল্লেখ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এখানে প্রশ্ন উঠছে, একটি বিশেষায়িত বিচারিক প্রতিষ্ঠানের সদস্যকে বদলি বা সংযুক্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কতটা সমন্বয় করা হয়। প্রশাসনের সাধারণ কোনো পদে কর্মকর্তা বদলি হলে পরে বিকল্প কর্মকর্তা পদায়ন করা গেলেও বিচারিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে পদ শূন্য থাকার প্রভাব সরাসরি মামলার শুনানি ও নিষ্পত্তিতে পড়তে পারে।
সদস্য না থাকলে স্থগিত থাকে শুনানি
ভূমি আপিল বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের নতুন বিধিমালা কার্যকর হওয়ার পর চেয়ারম্যান ও সব সদস্যকে নিয়ে ফুলবোর্ডে শুনানি হয়। ফলে চেয়ারম্যান বা কোনো সদস্যের পদ শূন্য থাকলে নতুন চেয়ারম্যান বা সদস্য দায়িত্ব নেওয়ার আগে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকে না।
বোর্ড জানিয়েছে, কোনো সদস্য বা চেয়ারম্যানের পদ শূন্য হলে বিচারাধীন মামলাগুলোর শুনানি স্থগিত থাকে। কজলিস্টে থাকা মামলাগুলো পরবর্তী সুবিধাজনক তারিখে দেওয়া হয়। আদেশের জন্য থাকা মামলার ক্ষেত্রেও নতুন করে শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
পরিসংখ্যানে নিষ্পত্তি কমেছে
ভূমি আপিল বোর্ডের মামলার নিষ্পত্তির পরিসংখ্যানেও বিভিন্ন সময়ে কার্যক্রমে ওঠানামার তথ্য পাওয়া যায়। ২০২৪-২৫ অর্থবছরে বোর্ডে মোট ৬১৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে নিষ্পত্তি হয়েছে ৩৩৩টি। দুই অর্থবছরের ব্যবধানে নিষ্পত্তির সংখ্যা কমেছে ২৮৫টি। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ৪৮টি এবং আগস্টে ৩৯টি মামলা নিষ্পত্তি হয়। ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ১০৮টি মামলা নিষ্পত্তি হলেও আগস্টে কোনো মামলা নিষ্পত্তি হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর মাসে ৮টি, অক্টোবরে ২৮টি, নভেম্বরে ৮৮টি, ডিসেম্বরে ২২টি এবং জানুয়ারিতে ৩৮টি মামলা নিষ্পত্তি হয়। ফেব্রুয়ারিতে ৬৫টি এবং মার্চে মাত্র একটি মামলা নিষ্পত্তির তথ্য রয়েছে।
নতুন বিধিমালায় নতুন বাস্তবতা
২০২৫ সালের ২০ এপ্রিল থেকে ভূমি আপিল বোর্ড বিধিমালা, ২০২৫ কার্যকর হয়। বোর্ড জানিয়েছে, নতুন বিধিমালা অনুযায়ী যৌথভাবে শুনানি গ্রহণ শুরু হয়েছে। এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল বোর্ডের বিচারিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করা। তবে চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতি বিচারিক কার্যক্রমের পূর্বশর্ত হলে পদ শূন্য হওয়ার ক্ষেত্রে দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের প্রয়োজনীয়তাও বেড়ে যায়। ডিজিটাল কজলিস্ট, অনলাইন মামলার তথ্য বা ই-লাইব্রেরি মামলা ব্যবস্থাপনায় সহায়তা করতে পারে, কিন্তু শুনানি গ্রহণ ও বিচারিক সিদ্ধান্তের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রয়োজন হয়।
১০ আগস্টের আদেশে নতুন প্রশ্ন
সর্বশেষ ১০ আগস্ট মো. সাবিরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। কিন্তু একই সময়ে ভূমি আপিল বোর্ডে নতুন সদস্য পদায়ন করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবকে জানানো হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অবস্থান ছিল, নতুন সদস্য দায়িত্ব নেওয়ার আগে বর্তমান সদস্যকে সরিয়ে দিলে মামলা নিষ্পত্তির কাজে সমস্যা হতে পারে।
এ প্রসঙ্গে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, সদস্য পদ খালি থাকলে মামলার শুনানি, নথি পর্যালোচনা, আদেশ ও নিষ্পত্তিসহ বিচারিক কার্যক্রমে সমস্যা হবে। তার ভাষ্য, নতুন সদস্য পদায়ন না করা পর্যন্ত সাবিরুল ইসলামকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বিষয়টি বিবেচনা করবেন বলেও আশ্বস্ত করেছেন।
সমন্বয়ের ঘাটতি কোথায়
প্রশাসনে বদলি ও পদায়ন স্বাভাবিক প্রক্রিয়া। কর্মকর্তাদের প্রশাসনিক ব্যবস্থাপনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার ভূমি আপিল বোর্ডের কার্যক্রম সরাসরি ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত। তাই প্রশ্ন হচ্ছে, একজন সদস্যকে সরিয়ে নেওয়ার আগে দুই মন্ত্রণালয়ের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হয় কি না। বিশেষায়িত বিচারিক প্রতিষ্ঠানে একজন কর্মকর্তাকে প্রশাসনিক কারণে সরিয়ে নেওয়া জরুরি হলে একই সঙ্গে তার বিকল্প কর্মকর্তা পদায়ন করা সম্ভব কি না, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
গত দুই বছরের পরিসংখ্যান বলছে, সদস্য পদে একাধিকবার পরিবর্তন হয়েছে। অন্যদিকে বোর্ডের নিজস্ব তথ্য অনুযায়ী চেয়ারম্যান বা সদস্যের পদ শূন্য থাকলে বিচারিক কার্যক্রম স্থগিত থাকে। এই দুই তথ্য থেকে বিষয়টি শুধু কর্মকর্তা বদলি-পদায়নের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি মামলা নিষ্পত্তির সক্ষমতার সঙ্গেও সম্পর্কিত।
প্রশ্ন কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে পদে রাখা বা সরিয়ে দেওয়া নিয়ে নয়। মূল প্রশ্ন হলো, একজন সদস্যকে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তার বিকল্প কেন পদায়ন করা হবে না।
জমি নিয়ে একটি মামলা বছরের পর বছর চলার পর যখন তা আপিল বোর্ডে আসে, তখন বিচারপ্রার্থীর কাছে প্রশাসনিক বদলি-পদায়নের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শুনানি ও সিদ্ধান্তের সময়। তাই ভূমি আপিল বোর্ডের মতো বিশেষায়িত বিচারিক প্রতিষ্ঠানে সদস্য বদলি ও পদায়নের ক্ষেত্রে প্রশাসনিক প্রয়োজনের পাশাপাশি বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করাও জরুরি।