× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত বছরেও নেই গতি, ব্যয়ই শুধু বাড়ছে

জোসনা জামান

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১১:৪৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পটি সাত বছরেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। নির্মাণকাজে ঠিকাদার-জটিলতা, প্রকল্প পরিচালক নিয়োগে সমস্যা এবং অন্যান্য কারণে পিছিয়ে পড়া প্রকল্পটির ব্যয় এবার প্রায় ৪ হাজার ৪৯০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাবও করা হয়েছে। ‘৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি এবং হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপন’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। এ নিয়ে গত ২৭ জুলাই কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পটির ধীরগতির কারণ ও দ্বিতীয় সংশোধনীর বিভিন্ন বিষয় উঠে আসে।

কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ মো. হেলাল উদ্দীন বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়নাধীন প্রকল্পটির মূল ব্যয় ছিল ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ টাকা। প্রথম সংশোধনীর মাধ্যমে ১ হাজার ৪৪ কোটি ৬০ লাখ বাড়িয়ে প্রকল্পের মোট ব্যয় ৩ হাজার ৪৩২ কোটি ৯৯ লাখ টাকা করা হয়। দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৪৯০ কোটি টাকা। তিনি আরও জানান, দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পের ব্যয় মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে ১ হাজার ৫৬ কোটি ২৯ লাখ ৪৬ হাজার টাকা বা ৩০ দশমিক ৭৭ শতাংশ বেশি।

প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত। পরে ব্যয় না বাড়িয়ে মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। প্রথম সংশোধনীর মাধ্যমে মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। পরে ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। এবার দ্বিতীয় সংশোধনীতে মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) চলমান প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

পিইসি সভায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, আটটি বিভাগীয় শহরের মাধ্যমে সারা দেশে ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত বিপুল জনগোষ্ঠীকে চিকিৎসাসেবার আওতায় আনতে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল। তবে নানা কারণে কার্যক্রম এগোয়নি। দ্বিতীয় সংশোধনীর প্রয়োজনীয়তার কারণ হিসেবে পূর্ত ও নির্মাণ খাতে ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সংস্থান, ক্রয় পরামর্শকের মেয়াদ বৃদ্ধি এবং কম্পিউটার ক্রয় খাতে ব্যয় বৃদ্ধির কথা জানানো হয়। এছাড়া ২০২৭ সালের জুনের মধ্যে ময়মনসিংহ মেডিক্য়াল কলেজের ভবন নির্মাণ, ২০২৮ সালের জুনের মধ্যে চিকিৎসা যন্ত্রপাতি ও আসবাব ক্রয় ও স্থাপন এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে জনবল নিয়োগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সময়সীমাও তুলে ধরা হয়।

প্রকল্পের বাস্তব ও ভৌত অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সভায় জানানো হয়, প্রকল্পটি শুরুতে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র হিসেবে অনুমোদন পেলেও পরে হৃদরোগ ও কিডনি সেন্টার অন্তর্ভুক্ত করা হয়। এতে শয্যা ৪৫০টিতে উন্নীত হওয়ার পাশাপাশি প্রকল্পের পরিধি ব্যাপকভাবে বেড়ে যায়। এ ছাড়া প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগে জটিলতা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে ভবন নির্মাণে ঠিকাদার-সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের অগ্রগতি কম হয়েছে বলে সভায় জানানো হয়।

পিইসি সভায় প্রকল্প পরিচালক বলেন, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে চিকিৎসাক্ষেত্রে বৈদেশিক নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। একই সঙ্গে দেশে ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাসেবা আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে।

তিনি জানান, প্রকল্পের আওতায় ৮টি বিভাগীয় শহরে ৭টি মেডিক্য়াল কলেজ হাসপাতাল ও ১টি সরকারি হাসপাতালে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে ৭টি মেডিক্য়াল কলেজ হাসপাতালে ১৭ তলা ভিত্তির ওপর ১৫ তলা ভবন এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১৪ তলা ভিত্তির ওপর ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চিকিৎসা যন্ত্রপাতি ও আসবাব ক্রয় ও স্থাপন করা হবে। পরিবর্তিত পরিস্থিতি ও সংশোধনী প্রস্তাবের কারণে প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রায় পরিবর্তন এসেছে। এ কারণে লক্ষ্যমাত্রার সময়সীমা পরিবর্তন করে পুনর্গঠিত আরডিপিপি প্রণয়নের বিষয়ে সভায় মতৈক্য হয়। 

দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কে প্রশ্ন উঠলে প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, চিকিৎসা যন্ত্রপাতি খাতে নতুন প্রস্তাবিত ৮টি লিন্যাক মেশিনের জন্য ১৭১ কোটি ২৩ লাখ টাকা, নতুন সংযোজিত মডিউলার ওটি ও সিএসএসডির জন্য ১৪৭ কোটি, সিডি/ড্যাটের জন্য ৩৮১ কোটি ৫ লাখ এবং ইউরোলজি ওটি ইনস্ট্রুমেন্টের জন্য ৩০ কোটি টাকা যুক্ত হয়েছে। এ খাতে মোট অতিরিক্ত সংযোজনের পরিমাণ ৭২৯ কোটি ৭৩ লাখ টাকা। এ ছাড়া ডলারের বিনিময় হারে বড় পরিবর্তনের কারণে বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট চিকিৎসা যন্ত্রপাতির ব্যয়ও বেড়েছে। পূর্ত ও নির্মাণ খাতে লিফটের দাম বৃদ্ধি এবং এস্কেলেটরের মূল্য ২০২২ সালের রেট শিডিউল অনুসারে প্রণয়ন করা হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী মূল আমদানি দরের সঙ্গে কাস্টমস ডিউটি, এআইটি ও লোডিং চার্জ যুক্ত হওয়ায় সর্বনিম্ন দরদাতার দাখিল করা দর আরডিপিপিতে সংস্থান করা অর্থের চেয়ে বেশি হয়। ফলে দরপত্র নিষ্পন্ন করা যায়নি। পূর্ত ও নির্মাণ খাতে ব্যয় বৃদ্ধির পরিমাণ ১৫৭ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা।

সভায় জানানো হয়, মূল প্রকল্পে কোনো সম্ভাব্যতা সমীক্ষা অন্তর্ভুক্ত ছিল না। এ কারণে একটি টেকনিক্যাল কমিটি গঠন করে ৭টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ১টি সরকারি হাসপাতাল কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের চাহিদার ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, কম্পিউটার, আনুষঙ্গিক সামগ্রী ও আসবাবসহ সব আইটেমের ব্যয় নিরূপণ করে আরডিপিপি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়। প্রকল্পটি মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল-সংশ্লিষ্ট হওয়ায় চিকিৎসা যন্ত্রপাতির তালিকা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট ৮টি বিভাগীয় মেডিক্য়াল কলেজ হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করারও নির্দেশনা দেওয়া হয়।

সভায় আবাসিক ও অনাবাসিক ভবনে লিফট ও এস্কেলেটরের সংখ্যা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণ করে নির্ধারণের বিষয়ে মতৈক্য হয়। একই সঙ্গে ভবন নির্মাণের নকশায় মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও সোলার সিস্টেমের সুবিধা রাখার নির্দেশনা দেওয়া হয়। কম্পিউটার ও আনুষঙ্গিক খাতের আইটেমগুলো কাজের ধরন অনুযায়ী পর্যালোচনা করে টেকনিক্যাল কমিটির মাধ্যমে যৌক্তিক মূল্য ও সংখ্যা নিরূপণের কথাও বলা হয়। প্রকিউরমেন্ট কনসালট্যান্সি খাতে ছয় মাস সময় কমিয়ে আরডিপিপি পুনর্গঠনের বিষয়েও সভায় সবাই একমত হন। প্রকল্প সমাপ্তির পর এর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে কার্যকর ‘এক্সিট প্ল্যান’ পুনর্গঠিত ডিপিপিতে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা চালুর জন্য জনবল নিয়োগে অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সভায় আরও মত দেওয়া হয়, মূল প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা না থাকায় ৮টি মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তালিকা চূড়ান্ত করতে হবে। একই সঙ্গে টেকনিক্যাল কমিটি গঠন করে চাহিদার ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, আসবাবসহ সব আইটেমের ব্যয় নিরূপণ করতে হবে। টেকনিক্যাল কমিটির প্রতিবেদন এবং মন্ত্রণালয়ের প্রত্যয়ন পুনর্গঠিত আরডিপিপিতে সংযোজনেরও নির্দেশনা দেওয়া হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা