× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোথায় কত ঘুষ দিতে হলো জানাচ্ছেন ভুক্তভোগীরা

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৩:২০ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১৩:২১ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নীতিবিরুদ্ধ, কিন্তু এটাই সাধারণভাবে প্রচলিত কথা যে, ‘ঘুষ’ ছাড়া সরকারের কোনো দপ্তরে সেবা মেলে না। বছরের পর বছর এ অভিযোগ করে আসছেন সেবাগ্রহীতারা। অভিযোগটি কত গভীর তা অনুসন্ধানের জন্য সম্প্রতি বাংলাদেশি দুই তরুণ উদ্যোক্তা সাইফ কবির ও শাহেদ শরীফ নির্মাণ করেছেন ‘ঘুষ.সাইট’ (ghush.site)। গত ২১ আগস্ট চালু হওয়া এ ওয়েবসাইটে নাম-পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন ভুক্তভোগীরা। সাইটটি উন্মুক্ত হওয়ার পর গত চার দিনে সেটিতে ৪৩৬১টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ ৭৯ কোটি ৬৬ লাখ টাকা। ওয়েবসাইটটি চালুর পর শুরু হয়েছে তোলপাড়। 

বিদেশের একটি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য এ ওয়েবসাইটটি তৈরি করেছেন দুই বন্ধু। উদ্যোক্তাদের লক্ষ্য বিচ্ছিন্নভাবে থাকা ঘুষের অভিজ্ঞতাগুলো এক জায়গায় এনে কোনো সরকারি সেবা বা দপ্তরে কত টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে, তার চিত্র তুলে ধরা। তবে ওয়েবসাইটে যুক্ত হওয়া তথ্যকে যাচাই করা অভিযোগ বা প্রমাণ হিসেবে দাবি করছেন না এর উদ্যোক্তারা।

কীভাবে কাজ করে

ওয়েবসাইটে অভিযোগ জানাতে ব্যবহারকারীকে দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা, ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কী হয়েছিল— এই পাঁচ ধরনের তথ্য দিতে হয়। সঙ্গে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ারও সুযোগ রয়েছে। অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। পুরো প্রক্রিয়া দুই মিনিটেরও কম সময়ে শেষ করা যায়। তবে কোনো ব্যক্তির নাম, পদবি বা ফোন নম্বর উল্লেখ করা যায় না।

উদ্যোক্তাদের বক্তব্য, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করার চেয়ে কোন দপ্তর বা সরকারি সেবা ঘিরে ঘুষ চাওয়ার অভিযোগ বেশি আসছে, সেটি তুলে ধরাই তাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

কেউ অভিযোগ জমা দিলেই সেটি সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করেন না এর উদ্যোক্তারা। প্রথমে মডারেশনের মাধ্যমে অভিযোগ থেকে ব্যক্তিগত তথ্য সরানো হয়। আক্রমণাত্মক, অস্পষ্ট বা নীতিমালা ভঙ্গ করে— এমন অভিযোগও বাদ দেওয়া হয়। এরপর অভিযোগটি প্রকাশ করা হয়। সেখানে বিভাগ, দপ্তর, সেবার ধরন, চাওয়া অর্থের পরিমাণ ও ঘটনার ফলাফল অনুযায়ী তথ্য দেখা যায়।

চার দিনে ৪৩৬১টি অভিযোগ 

মঙ্গলবার ওয়েবসাইটটি ঘুরে দেখা যায়, চালুর পর গত চার দিনে সাইটটিতে ৪৩৬১টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে ঘুষ হিসেবে চাওয়া অর্থের মোট পরিমাণ ৭৯ কোটি ৬৬ লাখ টাকা।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৯৪২টি অভিযোগ এসেছে ঢাকা থেকে। এরপর চট্টগ্রামে ১০০৪, রাজশাহীতে ২৯৪, খুলনায় ৩১৮, সিলেটে ১৭৪, রংপুরে ২৭৯, ময়মনসিংহে ১৮০ এবং বরিশালে ১৭০টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীদের ২২ শতাংশ জানিয়েছেন, তারা ঘুষ দিতে অস্বীকার করেছেন।

সরকারি দপ্তরগুলোর মধ্যে গত চার দিনে জমা পড়া অভিযোগের ভিত্তিতে ঘুষ লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ভূমি। তারপরেই আছে পাসপোর্ট। এরপর আছে পর্যায়ক্রমে বিআরটিএ, সিটি করপোরেশন ও সাব রেজিস্ট্রি অফিস।

অভিযোগ মানেই প্রমাণ নয়

ওয়েবসাইটটির গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো, জমা পড়া প্রতিটি অভিযোগ আলাদাভাবে যাচাই করা হয় না। সাইটে প্রকাশিত প্রতিটি রিপোর্টের সঙ্গে ‘আনভেরিফায়েড’শব্দটি উল্লেখ করা থাকে। উদ্যোক্তারা বলছেন যে, ঘুষ.সাইট কোনো অভিযোগকে সত্য ঘটনা বা কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করছে না। এটি কোনো তদন্ত সংস্থাও নয়, দুর্নীতি দমন কমিশনের বিকল্প হওয়ার দাবিও করছে না; বরং মানুষের অভিজ্ঞতাগুলো এক জায়গায় এনে একটি উন্মুক্ত রেকর্ড তৈরি করাই এর উদ্দেশ্য।

নিজেদের অর্থে পরিচালনা

সাইটটি এখন পর্যন্ত নিজস্ব অর্থে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কোনো এনজিও বা প্রতিষ্ঠানের সঙ্গে এর আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই এবং বাইরের কোনো অর্থায়নও নেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন। সাইটে স্বেচ্ছা অনুদানের সুযোগও রয়েছে।

জানতে চাইলে সাইটটির উদ্যোক্তাদের একজন সাইফ কবির বলেন, তাদের কাছে সাইটটির সাফল্যের মাপকাঠি শুধু ওয়েবসাইটে কত মানুষ ঢুকল, তা নয়; তাদের উদ্দেশ্য এই যে, কোনো নাগরিক সরকারি সেবা নিতে যাওয়ার আগে মানুষের অভিজ্ঞতা দেখে উপলব্ধি করুক কোথায় কেমন ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে; তাদের উদ্দেশ্য, মানুষের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নাগরিকরা অন্যায্য দাবি প্রত্যাখ্যান করুক। এমন যদি ঘটে, তাহলে সেটিকেই এই উদ্যোগের সাফল্য হিসেবে দেখছেন তারা।

সাইফ কবির বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকেই জানে যে ঘুষের অস্তিত্ব আছে। তবে যে তথ্যটি কারও কাছে নেই, তা হলো এর সুনির্দিষ্ট অঙ্ক বা হিসাব।’তিনি বলেন, সরকারি কোনো সেবা নিতে গিয়ে একজন মানুষ হয়তো জানতে পারেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা নামজারির জন্য কত টাকা ‘খরচ’ দিতে হবে; কিন্তু সেই ব্যক্তি বুঝতে পারেন না, দাবিকৃত টাকাটা (ঘুষের) স্বাভাবিক হার নাকি তার দ্বিগুণ। এই তথ্যের ঘাটতি পূরণের লক্ষ্যেই আমরা উন্মুক্ত লেজার তৈরির উদ্যোগ নিয়েছি।’ তিনি বলেন, ‘পর্যাপ্তসংখ্যক মানুষ তাদের কাছে দাবিকৃত অর্থের পরিমাণ জানালে পরবর্তী সময়ে একই দপ্তরে সেবা নিতে যাওয়া অন্যরা আগে থেকেই সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন।’

ভারতের ‘bribes.fyi’ নামের একটি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে তারা এ উদ্যোগ নেওয়ার চিন্তা করেন বলে জানান সাইফ কবির। ওয়েবসাইটটি দেখে কবির তার বন্ধু ও সহ-নির্মাতা সাহেদ শরীফকে পাঠান। তারপর তারা দুজন মিলে মাত্র এক দিনের মধ্যে এর বাংলাদেশ উপযোগী সংস্করণ তৈরি করে ফেলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা