× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্যাট আদায় বাড়াতে নয়া কৌশলে এনবিআর

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১৩:৫৬ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ভ্যাট আদায়ে এতদিনের চেনা পদ্ধতি বদলাতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফাঁকফোকর বন্ধ, দ্রুত অডিট নিষ্পত্তি, কঠোর নজরদারি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে ভ্যাট আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চঝুঁকির ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নজরদারিতে আনা, আদালতে আটকে থাকা বিপুল রাজস্ব উদ্ধারে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যকর করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়ের কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভ্যাট আদায় বাড়াতে কঠোর নজরদারিসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম আগে থাকলেও এবার এগুলো নির্দিষ্ট করে একটি পদ্ধতিগত কাঠামোর মধ্যে আনা হচ্ছে।’ 

ভ্যাট আদায় বাড়াতে দুটি কৌশল 

জানা যায়, এনবিআর ভ্যাট আদায় বাড়ানোর কৌশলকে মূলত দুটি ভাগে ভাগ করেছেÑ ত্রুটি হ্রাস (রিডিউসিং ইরর) এবং ভিত্তি বৃদ্ধি (ইনক্রেজিং বেস)।

ত্রুটি হ্রাসের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে- শূন্য থেকে ৫ হাজার টাকা রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান মনিটরিং, ট্যারিফ মূল্যভিত্তিক পণ্যের রাজস্ব আদায় বিবরণী, উৎসে কর্তন খাতে রাজস্ব আদায়, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থান ও স্থাপনার মূসক, বিড়ি ও সিগারেট খাতের রাজস্ব, উপকরণ উৎপাদন সহগ-এর যথার্থতা পরীক্ষা, ‍নিয়মিত দাখিলপত্র প্রদানের হার বৃদ্ধি, দাখিলপত্র পরীক্ষা ও রাজস্ব আদায়, বৃহৎ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানের নিরীক্ষা সম্পাদন, নিবারক ও পরিবীক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং স্থানীয় ও রাজস্ব অডিট আপত্তি নিষ্পত্তি। 

ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান নজরদারিতে 

অন্যদিকে ভিত্তি বৃদ্ধির কৌশলের মধ্যে যেসব প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা বা তার বেশি স্থিতি রয়েছে, স্থানীয় বিক্রয় ও রপ্তানিÑ দুই ধরনের কার্যক্রম রয়েছে, স্থানীয় পর্যায়ে নীট মূসক (ভ্যাট) পরিশোধ হয় না কিংবা আমদানি পর্যায়ে শুল্ক-কর সুবিধা নেওয়া হয়, সেসব প্রতিষ্ঠানকে বিশেষ নজরদারিতে রাখা হবে। মাসে এক কোটি টাকা বা তার বেশি রাজস্ব দেওয়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে। ৫০ লাখ টাকার বেশি বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলোর থেকে আগামী ডিসেম্বরের মধ্যে বকেয়া আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া রাজস্ব আহরণ কার্যক্রম নিবিড় পর্যালোচনা, উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের মার্কেট শেয়ার ভিত্তিক রাজস্ব আহরণ, মামলা নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যকর করার ব্যবস্থা গ্রহণ। 

আদালতে আটকা ৮২ হাজার কোটি টাকার রাজস্ব 

এনবিআরের তথ্য অনুযায়ী, বিভিন্ন আদালতে মামলা চলার কারণে প্রায় ৮২ হাজার ৭৫৭ কোটি টাকা রাজস্ব আটকে আছে। এর মধ্যে শুধু ভ্যাটের পরিমাণ প্রায় ৩৬ হাজার ২০০ কোটি টাকা।

মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে আটকে থাকা বিপুল পরিমাণ রাজস্ব সরকারের কোষাগারে জমা হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। 

তবে কঠোর নজরদারির পাশাপাশি প্রশাসনিক জবাবদিহিতা ও পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শফিউল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকার ও ব্যবসায়ীÑ দুই পক্ষই একে অপরের সঙ্গে সম্পর্কিত। রাজস্ব বাড়াতে গিয়ে ব্যবসায়ীরা ঝুঁকিতে পড়লে বিনিয়োগ কমে যেতে পারে। আবার ব্যবসায়ীরা যথাযথ রাজস্ব না দিলে সরকারও সমস্যায় পড়বে।’

তিনি বলেন, ‘ভ্যাট ও কাস্টমস শুল্ক আদায়ের ক্ষেত্রে এমন নীতি প্রয়োজন, যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত না হয়।’ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা