× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় মাসের হিসাব-নিকাশে উত্তপ্ত হতে পারে সংসদ

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ০৯:১৮ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ০৯:১৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটায়। অধিবেশনে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের হিসাব চাইতে পারে বিরোধী দল। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক জমে উঠতে পারে অধিবেশনে।

গত ১৮ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে। এ সময়ে সরকারি খেরোখাতা নিয়ে সংসদে সরব হওয়ার লক্ষ্যে বিশেষত জামায়াত-এনসিপি জোটের সদস্যরা ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে। এনসিপি গত সোমবার সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করে একটি মূল্যায়ন তুলে ধরেছে। দলটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে। জামায়াতও সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ জানিয়েছে। দলটির নেতারা অর্থনীতি, প্রশাসন এবং গ্যাস-বিদ্যুৎ-তেল সরবরাহ ব্যবস্থাপনায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

উল্লেখ্য, সরকারের জন্য বর্তমানে সবচেয়ে বড় সমস্যার জায়গাগুলোর একটি বিদ্যুৎ ও জ্বালানি খাত। ১০ আগস্ট দেশের বিদ্যুৎ ঘাটতি তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। গ্যাসের সংকটের পাশাপাশি কয়লা সরবরাহের সমস্যাও পরিস্থিতিকে জটিল করেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার বিদ্যুৎ সাশ্রয়ে নতুন বিধিনিষেধও আরোপ করেছে। জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে অতিরিক্ত ডিজেল চাওয়ার বিষয়টিও প্রকাশ্যে এসেছে। এ পরিস্থিতিতে বিরোধী দলের সংসদ সদস্যরা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, গ্যাস সরবরাহ, জ্বালানি আমদানি, বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ এবং সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়ে সংসদে প্রশ্ন তুলতে পারেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টিও অধিবেশনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, জুলাইয়ে দেশে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩২ শতাংশে নেমেছে, যা জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতিও জুনের ৮ দশমিক ৬০ শতাংশ থেকে জুলাইয়ে ৭ দশমিক ১৬ শতাংশে নেমেছে। তবে মূল্যস্ফীতি কমার বিষয়টি পরিসংখ্যানেই সীমাবদ্ধ। কারণ দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর যে চাপ তৈরি হয়েছে, তাৎক্ষণিক পরিসংখ্যানে তা থেকে মানুষ মুক্ত হচ্ছে না। জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহব্যবস্থা, বাজার তদারকি এবং সরকারের ঘোষিত পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংসদে বিরোধীদের তীব্র সমালোচনার আশঙ্কা রয়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে দেশে ৯১৫টি হত্যা মামলা হয়েছেÑ গড়ে প্রতিদিন ১০টির বেশি। বিরোধী দলের অভিযোগের তালিকায় শুধু হত্যাকাণ্ড বা সাধারণ অপরাধ নয়, রাজনৈতিক সহিংসতা, দখল, চাঁদাবাজি এবং স্থানীয় পর্যায়ে সরকারি দলের নেতাকর্মীদের প্রভাব বিস্তারের অভিযোগও থাকতে পারে। 

তবে সরকারি দলের দাবি, সংসদে এ ধরনের অভিযোগের মুখে সেগুলোর প্রতিটির জবাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে তথ্য-উপাত্ত দিয়ে দেওয়ার প্রস্তুতিও সরকারের রয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদের তৃতীয় অধিবেশন খুব একটা বড় হবে না। ৭ থেকে ৯ কর্মদিবসের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের কার্যকাল নির্ধারিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেবেন।

সরকার ও বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক হতে পারে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার নিয়ে। সংবিধান ‘সংস্কার’ নাকি কেবল বিদ্যমান সংবিধানের ‘সংশোধন’ এ নিয়ে বিতর্কে সংস্কারের পক্ষে বিরোধী দল অনড় অবস্থানে রয়েছে। সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে এজন্য তারা কোনো সদস্য দেয়নি।

সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে এনসিপি ইতোমধ্যে নিজেদের মূল্যায়ন প্রকাশ করেছে। দলটির পক্ষ থেকে সরকারের এই সময়কে অদক্ষতা, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শিতার সময় হিসেবে তুলে ধরা হয়েছে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহকে তারা সরকারের ঘোষিত অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে এসব জায়গায় ব্যর্থতার অভিযোগ করেছে। 

সংসদে ৭৭টি আসন নিয়ে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী শক্তি। ক্ষমতাসীন বিএনপির ২৪৭টি আসন থাকায় সংসদে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সরকার শক্ত অবস্থানে রয়েছে। তবে সংখ্যার বিচারে দুর্বল না হলেও বিরোধী দলের সংসদীয় ভূমিকা নিয়ে এই অধিবেশনটি গুরুত্বপূর্ণ হতে পারে। জামায়াত ইতোমধ্যে সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে। দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিভাগ অভিমুখে লংমার্চের কর্মসূচিও দিয়েছে। ফলে রাজপথের আন্দোলনের পাশাপাশি সংসদে এসব ইস্যু তুলে ধরার সমন্বিত কৌশল নেওয়া হতে পারে।

তৃতীয় অধিবেশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সংসদীয় স্থায়ী কমিটি গঠন। এখন পর্যন্ত ১৫টি স্থায়ী কমিটি গঠিত হয়েছে। এই অধিবেশনে আরও ৩৫টি কমিটি গঠনের কথা রয়েছে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, নতুন সংসদের প্রথম তিনটি অধিবেশনের মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। বিরোধী দলের অনেক সদস্যকে সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে আকতার হোসেন অথবা হাসনাত আবদুল্লাহর একজনকে কোনো কমিটির সভাপতি করা হতে পারে।

জাতীয় সংসদের আসন্ন অধিবেশনের সার্বিক প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর বৈঠক করেছেন সংসদ সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার। সংসদ অধিবেশনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধিবেশন নির্বিঘ্ন করার জন্য গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত করা হয়েছে। এই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য সংসদ সচিবালয় থেকে সাংবাদিকদের পাস ইস্যু করা হয়েছে। এতদিন তথ্য অধিদপ্তর থেকে পাস ইস্যু করা হতো।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা