ফসিহ উদ্দীন মাহতাব ও জোসনা জামান
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ০৮:৫৫ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোটি টাকার সেতু। কিন্তু সেই সেতুতে ওঠার কোনো পথ নেই। দুই পাশে সংযোগ সড়কের অভাবে বছরের পর বছর সেতুটি পড়ে আছে নিছক এক কংক্রিটের কাঠামো হয়ে। মানুষের যোগাযোগ সহজ করা তো দূরের কথা, এটি এখন উল্টো হতাশার প্রতীক।
উন্নয়ন প্রকল্প মানেই নতুন সেতু, চকচকে সড়ক কিংবা বিশাল কোনো ভবনের ভিত্তিপ্রস্তরÑ বাংলাদেশের উন্নয়ন-তহবিলে দীর্ঘদিন ধরে এই দৃশ্যমান অবকাঠামোর ধারণাই প্রাধান্য পেয়েছে। প্রকল্প অনুমোদন কিংবা অর্থ বরাদ্দকেই মনে করা হয়েছে সাফল্যের চূড়ান্ত মাপকাঠি। কিন্তু প্রকল্পের কাজ যদি শেষই না হয়, তবে সেই উন্নয়নের সুফল মানুষের ঘরে পৌঁছবে কীভাবে? দীর্ঘসূত্রতা, বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি, জমি অধিগ্রহণের জটিলতা আর বাস্তবায়নকারী সংস্থার চরম অদক্ষতায় দেশের উন্নয়ন প্রকল্পগুলো এখন পরিণত হচ্ছে শ্বেতহস্তীতে।
এই বাস্তবতায় দাঁড়িয়ে দেশের নীতিনির্ধারক ও অর্থনীতিবিদদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্নÑ নতুন কতটি প্রকল্প নেওয়া হচ্ছে, সেটি আর মুখ্য নয়; বরং বছরের পর বছর ঝুলে থাকা পুরনো প্রকল্পগুলো কত দ্রুত ও মানসম্মতভাবে শেষ করা যাচ্ছে, সেটাই এখন আসল চ্যালেঞ্জ।
বাস্তবায়নে তলানিতে এডিপি
উন্নয়নের এই কঙ্কালসার চিত্রটি আরও স্পষ্ট হয় পরিসংখ্যানের দিকে তাকালে। ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৬৭ দশমিক ৫২ শতাংশে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, সংশোধিত এডিপির ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকার বিপরীতে ব্যয় হয়েছে মাত্র ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি টাকা। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাস্তবায়ন হার অন্তত গত পাঁচ দশকের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ কোষাগারে অর্থ থাকলেও তা খরচ করার বা প্রকল্প বাস্তবায়ন করার সক্ষমতায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. মোস্তফা কে মুজেরী এই ধীরগতির পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক পালাবদলের প্রভাবকে বড় করে দেখছেন। তার মতে, সরকার পরিবর্তনের সময়কালে প্রশাসনিক নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে এক ধরনের স্থবিরতা তৈরি হয়। নতুন প্রশাসনিক কাঠামো গুছিয়ে উঠতে যে সময় লাগে, তার সরাসরি প্রভাব পড়ে উন্নয়ন বাজেটে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ধাক্কা। সরকারি ব্যয় যত দ্রুত স্বাভাবিক হবে, অর্থনীতির চাকাও তত দ্রুত ঘুরবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
সেতু আছে, পথ নেই
উন্নয়নের নামে অপরিকল্পিত কাজের সবচেয়ে বড় খেসারত দিচ্ছে প্রান্তিক মানুষ। হবিগঞ্জের আজমিরীগঞ্জে কাটা গঙ্গা নদীর ওপর ৮৩ মিটার সেতু নির্মাণের প্রকল্পটি এর জ্বলন্ত প্রমাণ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি ২০২২ সালের জুলাইয়ে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জুনে। কিন্তু ২০২৬ সালের মার্চ পর্যন্ত বর্ধিত সময়সীমা পার হওয়ার পরও দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়কই তৈরি হয়নি।
একই চিত্র রাজবাড়ীর পাংশায় গড়াই নদের ওপর ৬৫০ মিটার সেতুর ক্ষেত্রেও। প্রায় ৬৪ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প ২০২০ সালে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। পাঁচ বছর পেরিয়ে গেলেও স্প্যান বসানো আর সংযোগ সড়কের জমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে আছে। কুষ্টিয়ার কুমার নদের ওপর ৭ কোটি টাকার ৮১ মিটার সেতুটিও দুই দফা সময় বাড়িয়ে পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি। কোটি টাকা খরচ করে সেতু নির্মাণের পর যদি সংযোগ সড়কই না থাকে, তবে তা যে নিছকই অর্থের অপচয়Ñ এই সত্যটি যেন পরিকল্পনাবিদদের চোখ এড়িয়ে গেছে।
৯ বছরে আট কিলোমিটার
শহরাঞ্চলের মেগা প্রকল্পগুলোর অবস্থাও তথৈবচ। চট্টগ্রামের যানজট ও জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সালের জুলাইয়ে ৮ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ কালুরঘাট-চাক্তাই সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। লক্ষ্য ছিল তিন বছরে কাজ শেষ করার। কিন্তু চারবার মেয়াদ বাড়ানোর পর ২০২৬ সালেও কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জমি অধিগ্রহণ আর নকশাবদলের গ্যাঁড়াকলে পড়ে যে সমস্যা সমাধানের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল, তার সুফল থেকে চট্টগ্রামবাসী আজও বঞ্চিত।
দায় শুধু ঠিকাদারের নয়, সমস্যা আরও গভীরে
প্রকল্পে দেরি হলেই সবচেয়ে সহজ কাজ হলো ঠিকাদারকে দায়ী করা। কিন্তু বিশ্বব্যাংকের বিশ্লেষণ বলছে, সমস্যার শিকড় আরও গভীরে। সংস্থাটির মতে, বাংলাদেশের সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় বাজেট শৃঙ্খলার চরম ঘাটতি রয়েছে। এখানে সরকারি প্রকল্পে গড়ে ন্যূনতম ৩০ শতাংশ ব্যয় বৃদ্ধি পায় এবং প্রায় তিন বছর সময় বেশি লাগে।
আসল গলদ লুকিয়ে আছে ‘প্রকল্প প্রস্তুতিতে’। জমি অধিগ্রহণ শেষ হয়নি, নকশা চূড়ান্ত নয়, পরিবেশগত ছাড়পত্র নেই কিংবা ইউটিলিটি স্থানান্তরের কোনো রূপরেখা নেইÑ এমন অবস্থাতেই তড়িঘড়ি করে প্রকল্প পাস করানো হয়। এই ‘আগে অনুমোদন, পরে প্রস্তুতি’ সংস্কৃতির কারণেই মাঠপর্যায়ে গিয়ে কাজ আটকে যায়।
বদলায় খরচের হিসাবও
প্রকল্পের মেয়াদ বাড়লে শুধু যে ক্যালেন্ডারের পাতা উল্টায় তা নয়, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে রাষ্ট্রীয় কোষাগারের খরচ। নির্মাণসামগ্রীর দাম, ডলারের বিনিময় হার আর প্রশাসনিক ব্যয় মিলিয়ে প্রকল্পের খরচ ফুলেফেঁপে ওঠে। ২০২৫ সালের সরকারি টাস্কফোর্সের একটি প্রতিবেদন অনুযায়ী পদ্মা সেতু, মেট্রোরেল-৬, বঙ্গবন্ধু টানেল ও শাহজালালের থার্ড টার্মিনালসহ আটটি মেগা প্রকল্পের প্রাথমিক হিসাবের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ৬৮ শতাংশ বা ৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার। দুর্বল সম্ভাব্যতা যাচাই আর জবাবদিহির অভাবকেই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নতুনের মোহ নয়, পুরনো প্রকল্পে জোর
জনসংখ্যা ও নগরায়ণের চাপে নতুন অবকাঠামো অবশ্যই প্রয়োজন। কিন্তু ২০২৫ সালের সংশোধিত এডিপিতে থাকা ১ হাজার ৪০০টির বেশি প্রকল্প একযোগে চালাতে গিয়ে সরকারি সংস্থাগুলোর নাভিশ্বাস ওঠার জোগাড়। বছরের পর বছর ‘ক্যারিওভার’ হওয়া এই প্রকল্পগুলোর জট না খুললে নতুন প্রকল্প নেওয়াটা হবে আত্মঘাতী।
এখন সময় এসেছে নীতি বদলানোর। যেসব প্রকল্পের কাজ ৮০ থেকে ৯০ শতাংশ শেষ, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন করে দ্রুত মানুষের ব্যবহারের উপযোগী করতে হবে। শুধু কত টাকা খরচ হলো বা কত তলা ভবন উঠল, তা দিয়ে উন্নয়নের বিচার হতে পারে না। একটি প্রকল্পের ফলে মানুষের যাতায়াতের সময় কতটুকু কমল, কৃষকের পরিবহন ব্যয় কতটা সাশ্রয় হলো এবং নতুন কতটি কর্মসংস্থান তৈরি হলোÑ এগুলোই হওয়া উচিত উন্নয়নের আসল সূচক।
মাপকাঠি হোক ‘সুফল’, ‘নির্মাণ’ নয়
উন্নয়নের প্রকৃত মাপকাঠি শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং এর কার্যকর ব্যবহার ও জনকল্যাণ নিশ্চিত করা। তাই কেবল দৃশ্যমানতা বাড়াতে নতুন প্রকল্পের ঘোষণা দেওয়ার চেয়ে আটকে থাকা পুরনোগুলো দ্রুত ও মানসম্মতভাবে শেষ করা এখন বেশি জরুরি। অসম্পূর্ণ অবকাঠামো জনদুর্ভোগ ও অর্থের অপচয় বাড়ায়। তাই উন্নয়ন পরিকল্পনার মূল নীতি এখন ‘কত প্রকল্প নেওয়া হলো’ নয়, বরং ‘কত প্রকল্প কার্যকরভাবে শেষ হলো’Ñ সেটিই হওয়া উচিত। একটি প্রকল্প শতভাগ শেষ হয়ে মানুষের ব্যবহারযোগ্য হলেই কেবল তা অর্থনীতিতে দৃশ্যমান সুফল বয়ে আনে। কাগজে-কলমের হিসাবের চেয়ে প্রকল্প যখন সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনবে, কেবল তখনই বলা যাবে উন্নয়ন হয়েছে।