× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিন্ডিকেটের থাবা ভর্তুকির সারে

ফসিহ উদ্দীন মাহতাব ও ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ০৭:৫৪ এএম

আমনের ভরা মৌসুমে সার সংকট ও চড়া মূল্যের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আমনের ভরা মৌসুমে সার সংকট ও চড়া মূল্যের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আমনের ভরা মৌসুমে সার সংকট ও চড়া মূল্যের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক। যদিও সরকারের দাবি সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, দাম নিয়ন্ত্রণে রাখতে দেওয়া হচ্ছে বিপুল ভর্তুকিও। তারপরও নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি চাওয়া হচ্ছে কৃষকের কাছে।

তবে বেশি দাম দিয়েও চাহিদামতো সার পাচ্ছেন না কৃষক। ভর্তুকির সারে অসাধু ডিলারদের হানায় সরকারি এ সুবিধার সুফল পাচ্ছেন না কৃষক।

তথ্যানুসন্ধানে জানা গেছে, কৃষককে কম দামে সার দিতে সরকার বছরে ২৮ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছে। 

এদিকে কৃষি মন্ত্রণালয় বলছে, চাহিদার চেয়েও বেশি পরিমাণ সার সরবরাহ করা হচ্ছে কিন্তু ডিলাররা অনুমোদিত সার উত্তোলন না করায় সৃষ্টি হয়েছে কৃত্রিম সংকট। এদিকে সংক্ষুব্ধ কৃষকরা রবিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ডিলারের গুদাম থেকে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে যাওয়ার ঘটনাকে উল্লেখ করে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সার সংকট আছেÑ এটা যেমন একদিনে তৈরি হয়নি, তেমনি একদিনে শেষও করা যাবে না। এজন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তাদের দায় রয়েছে। কেননা তারা সময়মতো সার আমদানির অনুমতি দেননি। আবার সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ (সংশোধিত) জারি করায় ডিলারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম আমলেও সার নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ভূরুঙ্গামারীর ঘটনাকে অ্যাসিড টেস্ট হিসেবে ধরতে হবে। তাই দ্রুত এ ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া দরকার।

প্রধানমন্ত্রীর বৈঠক, মাঠে সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ

বসে নেই সরকার, সার সংকট নিরসনে সরাসরি মাঠে নেমেছে প্রশাসন। সার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষিমন্ত্রী, কৃষি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আমন মৌসুমে কৃষক যাতে কোনোভাবেই সারের জন্য হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আমন মৌসুমে কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এদিকে সোমবার বিকালে মন্ত্রিসভার বৈঠকে মাঠপর্যায়ে সার উত্তোলন, বিতরণ ও ডিলারদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে সারের প্রকৃত সংকট নেই; বরং কোনো কোনো এলাকায় বিতরণব্যবস্থায় অনিয়ম ও সমন্বয়হীনতার কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে কৃষি বিশেষজ্ঞদের একাংশের দাবি, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। সময়মতো আমদানির সিদ্ধান্ত না হওয়া, সারের চাহিদা নির্ধারণে ঘাটতি, নতুন ডিলার নীতিমালা নিয়ে অনিশ্চয়তা ও দীর্ঘদিন ধরে বড় একটি সার কারখানা বন্ধ থাকার মতো একাধিক কারণ এর পেছনে দায়ী।

পরিস্থিতি মোকাবিলায় সরকার একদিকে ডিলারদের ওপর নজরদারি বাড়াচ্ছে, অন্যদিকে বিপুল পরিমাণ সার আমদানির অনুমোদন দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে সরকারি পর্যায়ে ৩ লাখ ৬৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২ হাজার ৬৯৫ কোটি টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষকরা যাতে নির্বিঘ্নে এবং ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সার উত্তোলন, পরিবহন, মজুদ ও বিতরণের প্রতিটি ধাপে অনিয়ম ঠেকাতে প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম পরিবীক্ষণের জন্য তিন সদস্যের বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কৃষি মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা ও পরিবীক্ষণ করা এবং এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। ফলে শুধু ঢাকায় বসে পরিস্থিতি পর্যবেক্ষণ নয়, মাঠপর্যায়ের সরবরাহ ব্যবস্থার বাস্তব চিত্রও এই কমিটির নজরদারির আওতায় আসবে। প্রধানমন্ত্রীর বৈঠকে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর বিষয়টিও গুরুত্ব পায়।

এখনও বেশি দামে সার কিনছেন কৃষকরা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক রামিম হাসান জানান, টিএসপি, ডিএপি সার ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। রানীনগর গ্রামের কৃষক কুতুব উদ্দিন রিন্টু জানান, কলা ও ধানের জমিতে তার ৪ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপির চাহিদা থাকলেও ডিলারের কাছে গিয়ে কোনো সার পাননি। 

টিএসপি ও ডিএপি সার লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কুড়িগ্রামের কৃষক রোকনুজ্জামান। তিনি মঙ্গলবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ডিলার বলছে তাদেরকে সার সরবরাহ করা হচ্ছে না। সরকারি দাম হিসেবে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি ২৭ টাকা, ৫০ কেজির বস্তা ১,৩৫০ টাকা, প্রতি কেজি ডিএপি ২১ টাকা ও বস্তা ১,০৫০ টাকা। কিন্তু বর্তমানে সেই সার কিনতে হচ্ছে বস্তাপ্রতি ৫০০-৭০০ টাকা বেশি দিয়ে। তারপরও চাহিদার চেয়ে দেওয়া হচ্ছে কম। আমাদের দেওয়া ভর্তুকির টাকা নিয়ে যাচ্ছেন ডিলাররা। 

গত সোমবার ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের ডিলার হাকিম মোল্লাকে অন্য ইউনিয়নের বাজারে সার মজুদ রাখা ও বেশি দামে বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আবাইপুর ইউনিয়নে সার ডিলার মোল্লা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয় বাড়তি দামে সার বিক্রি ও নির্ধারিত গুদামের বাইরে মজুদের দায়ে। দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গুদাম থেকে প্রায় ২২৭ টন সার অবৈধভাবে বিক্রির অভিযোগে গুদামের স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির ওই গুদামে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। পরে গুদামটি সিলগালা করে দেয় প্রশাসন। অবৈধভাবে কেনা ৫৫৮ বস্তা এমওপি সার বীরগঞ্জ ও কাহারোল উপজেলা থেকে উদ্ধার করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন শরীফ বলেন, অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির খবর পেয়ে সোমবার সন্ধ্যায় নশিপুর গুদামে অভিযান চালানো হয়। এ সময় প্রাথমিকভাবে সারের মজুদে গরমিল পাওয়ায় স্টোরকিপার আকতারুলকে আটক ও গুদামটি সিলগালা করা হয়।

গুদামে ১৩.৬৫ লাখ টন সার, তবু মাঠে কেন হাহাকার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত সার রয়েছে এবং ইতোমধ্যে আরও বিপুল পরিমাণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে কোনো কোনো এলাকায় সার বিতরণে অনিয়মের খবরও সরকার পেয়েছে। কিছু ডিলার তাদের বরাদ্দের সার উত্তোলন করছেন না। নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও কোথাও কোথাও সাময়িক সমস্যা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার যুগ্ম সচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিছু ডিলার বরাদ্দের সার উত্তোলন না করায় স্থানীয় পর্যায়ে সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালকদের বিষয়টি তদারক করতে নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম ধরা পড়লে প্রয়োজনে ডিলারশিপ বাতিলের নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারের সামনে এখন মূল চ্যালেঞ্জ হচ্ছেÑ গুদামে থাকা সারকে দ্রুত ও সঠিকভাবে কৃষকের হাতে পৌঁছে দেওয়া।

এদিকে সার পরিস্থিতি সামাল দিতে সরকারের আমদানি পরিকল্পনায়ও বড় অগ্রগতি হয়েছে। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ ৬৫ হাজার টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ১৫ হাজার টন এমওপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি ও ৬০ হাজার টন টিএসপি রয়েছে। এসব সার কিনতে ব্যয় হবে ২ হাজার ৬৯৫ কোটি টাকা।

কৃষকের জন্য সারের দাম সহনীয় রাখতে সরকার বড় অঙ্কের ভর্তুকিও দিচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি কেজি ডিএপি সারে ৯১ টাকা, টিএসপিতে ৫৮, এমওপিতে ৩৩ এবং ইউরিয়ায় ৩০ টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে। গত অর্থবছরে সার কেনার ক্ষেত্রে ২৮ হাজার ৯৮৭ কোটি টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। এখনও ২০ হাজার ৭৪৪ কোটি টাকা বকেয়া রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল বলেন, সারের এই সংকটের পেছনে রয়েছেন গত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তারা। কেননা তারা সময়মতো সার আমদানির অনুমতি দেননি। তা ছাড়া সার ডিলার ও বিতরণ নীতিমালা ২০২৫ তড়িঘড়ি করে প্রণয়ন ও জারি করাও এই সমস্যার কারণ। কেননা সেখানে নতুন করে ডিলার নিয়োগের বিষয় থাকায় আগের ডিলাররা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা ভাবছেনÑ তাদের যেহেতু বাদই দেওয়া হবে তাহলে তারা এখন ঠিকমতো কাজ করবেন না। এসব কারণেও সারের এই সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সার নিয়ে কৃষকদের মধ্যে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গত রবিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে সার নিয়ে গেছেন সংক্ষুব্ধ কৃষকরা। এ ধরনের পরিস্থিতি আরও সৃষ্টি হবে যদি না সরকার চাহিদামতো সার সরবরাহ করে। 

নীতিমালাটি নিয়ে পুনরায় আলাপ-আলোচনা শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতিমালাটি আরও যুগোপযোগী করতে প্রত্যেকটি স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা দরকার। বর্তমানে যেভাবে নীতিমালা করা হয়েছে তা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। 

সরকার বলেছে, চাহিদামতো সার সরবরাহ করা হচ্ছে, তাহলে সংকট কেন জানতে চাইলে তিনি বলেন, এটি কথার কথা। কেননা সংকট না থাকলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। আমাদের কাজের অভিজ্ঞতায় দেখেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারের যে চাহিদা দেয়Ñ মন্ত্রণালয় তা থেকে ৩০ শতাংশ কমিয়ে দেয়। তা ছাড়া এখন সারের বহুবিধ ব্যবহার হচ্ছে। বিভিন্ন রকমের ফসল চাষাবাদ হচ্ছে, সেখানে সার দরকার। মাছের খামার, গরুর খাবারের ঘাস উৎপাদনেও সার ব্যবহার হচ্ছে। 

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান মোশারফ হোসেন নীতিমালাটির কার্যক্রম আপাতত স্থগিত রেখে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তার মতে, নীতিমালাটি মাঠপর্যায়ে কার্যকর করার আগে ডিলার, কৃষক, আমদানিকারক ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

১৭ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

২০২৫ সালের ১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে অন্তত ৮২ কোটি টাকা মূল্যের ৩৩ হাজার টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি টন সার ২৫ হাজার টাকা দর হিসাবে গত ১৭ মাসে প্রায় দেড় হাজার কোটি টাকা মূল্যের সাড়ে ৫ লাখ টন সার উৎপাদন ব্যাহত হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে দেড় লাখ টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও ১৭ মাসে এক দিনের জন্যও উৎপাদনে যেতে পারেনি কারখানাটি। আশুগঞ্জ সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকায় মরিচা ধরে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার যন্ত্রাংশ। 

দেশের সাতটি সার কারখানার মধ্যে মঙ্গলবার পর্যন্ত চারটি চালু হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিসিআইসির বাণিজ্যিক পরিচালক মো. মনিরুজ্জামান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা