তানভীর হাসান ও নুর মোহাম্মদ মিঠু
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১১:৫০ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
শুক্রবার দিবাগত রাত ১২টার কথা। আইকন পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে ঢাকা ফিরছিল ৩০ যাত্রী নিয়ে। রামু উপজেলার কলঘর বাজার এলাকায় এসে যান্ত্রিক ত্রুটিতে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে বাসটিতে আগুন ধরে যায়। লাঠি দিয়ে জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নেভে। যাত্রীদের ঢাকায় পাঠানো হয় অন্য বাসে করে।
এর আগে গত ১৭ আগস্ট ভোররাতে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার ইলিয়টগঞ্জে ‘রয়েল কক্স’ পরিবহনের একটি বাস সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে গাড়িতে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পুরো গাড়িটিই পুড়ে ছাই হয়ে যায়। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান যাত্রীরা। গত ৭ আগস্ট সিলেটে বেপরোয়া ড্রাইভিংয়ে ইউনিক পরিবহনের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় বেঙ্গল পরিবহনের একটি বাস। ওই ঘটনায় শিশুসহ নিহত হয় ৯ যাত্রী।
শুধু এ কয়টি ঘটনা নয়, এমন অসংখ্য দুর্ঘটনা ও প্রাণহানির পরও সড়কে সম্পূর্ণ অবৈধভাবে চলছে কথিত স্লিপার ডাবল ডেকার কোচ। অথচ এসব পরিবহনের কোনোটিরই যথাযথ কাগজপত্র নেই। বিআরটিএর সুনির্দিষ্ট কাঠামো অনুমোদন ও ফিটনেস সনদ ছাড়াই রুট পারমিট নিয়ে অবৈধভাবে সড়কে চলাচল করছে এসব বাস। আলাদা কোনো স্লিপার রুট পারমিটও নেই এসব বাসের। অভিযোগ রয়েছেÑ প্রশাসন, সাংবাদিক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কিছু অসাধু কর্মকর্তাকে মাসোহারা দিয়ে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব বাস। এ বিষয়ে অভিযোগ প্রবল হলে নামমাত্র অভিযানে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানের সময় অননুমোদিত বাসগুলোকে ডাম্পিং করা দূরে থাকে, নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
স্লিপার বাস নিয়ে এমন আলোচনা-সমালোচনার মধ্যেই এগুলোর বৈধতার দাবিতে বনানী সড়ক অবরোধ করেছে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুর ১টার পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক বন্ধ করে দেন তারা।
পুলিশ-বিআরটিএ’র দায় ঠেলাঠেলি
ট্রাফিক পুলিশের একটি দায়িত্বশীল সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানায়, গত ৬-৭ বছর ধরেই দেশে এসব বাস চলাচল করছে। তবে সোহাগ ও গ্রিন লাইন সার্ভিস ছাড়া অন্য সব পরিবহনের স্লিপার বাসই অবৈধ। প্রভাবশালী মালিকপক্ষ সিঙ্গেল চেসিসের ওপর অনুমোদন নিয়ে বাসের আকার পরিবর্তন করে ডাবল ডেকার স্লিপার বাস বানিয়ে সড়কে নামিয়েছে। ট্রাফিক পুলিশ কিংবা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা বিআরটিএ’র দেওয়া রুট পারমিট ও ফিটনেস সনদের কারণে এসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। তবে সড়ক পরিবহন আইনের ৮৪ ধারায় আকার পরিবর্তনের দায়ে প্রথম মামলায় ১৫ হাজার এবং দ্বিতীয় মামলায় সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা যায়। কিন্তু এগুলোকে ডাম্পিং করা যাচ্ছে না। কোনো না কোনোভাবে আবার সড়কে ফিরে আসছে এসব বাস।
সূত্রটি বলছে, এর দায় পুরোপুরি বিআরটিএ’র। কারণ বিআরটিএ রুট পারমিট ও সনদ দিয়েই দায় সারছে। অন্যদিকে বিআরটিএ বলছে, আজ পর্যন্ত একটি স্লিপার বাসেরও অনুমোদন দেয়নি সংস্থাটি। প্রশ্ন উঠেছেÑ বিআরটিএ প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন না দিলে সারা দেশে ৮০০টিরও বেশি স্লিপার বাস কীভাবে চলছে?
ওয়াজেদের হাতেই ৩৫ বাসের নিবন্ধন
অনুসন্ধানে জানা গেছে, বিআরটিএ’র কর্মকর্তা পরিচয়দানকারী এএসএম ওয়াজেদ হোসেন এবং তার সহযোগী হিসেবে উল্লেখিত মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু ময়মনসিংহ কার্যালয় থেকে দুই দফায় ৩৫টি বাসের নিবন্ধন দিয়েছেন। দেশে দোতলা স্লিপার কোচ চলাচলের অনুমোদন না থাকলেও বিআরটিএ ময়মনসিংহ সার্কেল থেকে এমন অন্তত ৩৫টি বাসের নিবন্ধন দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৪ সালের ২৮ মার্চ থেকে ১৬টি স্লিপার কোচের নিবন্ধন দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব বাসের কয়েকটি ঢাকা-টেকনাফ ও ঢাকা-কক্সবাজার রুটে চলাচলের জন্য বিআরটিএ সদর কার্যালয় থেকে রুট পারমিটও পেয়েছে। এখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ মার্চ থেকে ময়মনসিংহ-ব-১১-০২৫৬, ০২৫৭, ০২৫৯, ০২৬১, ০২৬৫, ০২৬৮, ০২৭৫, ০২৭৬, ০২৭৯, ০২৮০, ০২৮৪, ০২৯০, ০২৯৩, ০২৯৬, ০২৯৭ ও ০২৯৮ নম্বরের ১৬টি স্লিপার কোচের নিবন্ধন দেওয়া হয়েছে। এসব বাসের মধ্যে ১১টি ঢাকা-টেকনাফ এবং পাঁচটি ঢাকা-কক্সবাজার রুটে চলাচলের জন্য রুট পারমিট পেয়েছে। অর্থাৎ নিবন্ধন দেওয়ার পর শুধু রাস্তায় চলাচলের সুযোগই না, দীর্ঘ দূরত্বের রুট পারমিটও পেয়েছে এসব বাস। বিষয়টি জানাজানির পর এএসএম ওয়াজেদ হোসেনকে যশোর ও নড়াইল জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়। ৭ নভেম্বর ১৮৪৯ নম্বর আদেশে ময়মনসিংহ সার্কেলের মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরুকে চাঁপাইনবাবগঞ্জ সার্কেলে বদলি করা হয়। এভাবেই দায় সেরেছে বিআরটিএ। একটি তদন্ত কমিটি গঠন করা হলেও সেটি কখনও আলোয় আসেনি।
চেসিস একতলার, বাস দোতলা
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে তৈরি অধিকাংশ স্লিপার বাস অশোক লেল্যান্ডের ১২ এমএফই ও ১২ মিটার চেসিসের ওপর তৈরি হচ্ছে। ১২ এমএফই চেসিসের ক্যাটালগে ইকোনমি ক্লাস ফরমেশনে ৪৫টি আসন অথবা নির্দিষ্ট ফরমেশনে ৩০টি স্লিপার সিটের কথা উল্লেখ রয়েছে। তবে দোতলা বাস তৈরির কোনো উল্লেখ নেই। একইভাবে ১২ মিটার বা তার কম দৈর্ঘ্যের চেসিসের ক্যাটালগেও একতলা বাসের আসনবিন্যাস দেখানো হয়েছে। কিন্তু এসব নির্দেশনা অনুসরণ না করে যাত্রী আকর্ষণ ও অধিক মুনাফার আশায় অনেক বাসে দোতলা কাঠামো তৈরি করা হয়েছে। নিচতলায় বিজনেস ক্লাসের আসন এবং ওপরের অংশে স্লিপার বেড বসানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কাঠামোর কারণে বাসের উচ্চতা স্বাভাবিক স্লিপার কোচের তুলনায় অনেক বেড়ে যায়। এতে উচ্চগতিতে চলার সময় বাসের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে এ কে ট্রাভেলস ও টুডে ট্রাভেলসসহ কয়েকটি পরিবহনের দোতলা স্লিপার কোচ ঢাকা-কক্সবাজার-টেকনাফ রুটে চলাচল করছে বলে জানা গেছে। এসব বাসের উল্লেখযোগ্য অংশ রাজধানীর গাবতলী, মিরপুর ও আমিনবাজার এলাকার বিভিন্ন গ্যারেজে তৈরি হচ্ছে।
৫ আগস্টের পরও ১৯ নিবন্ধন : অনুসন্ধানে আরও দেখা যায়, ৫ আগস্টের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মাত্র ছয় দিনে একই সার্কেল থেকে আরও ১৯টি স্লিপার কোচের নিবন্ধন দেওয়া হয়েছে। গাড়িগুলোর নম্বর হলোÑ ময়মনসিংহ-ব-১১-০৩০২, ০৩০৩, ০৩০৫, ০৩০৬, ০৩০৯, ০৩১৪, ০৩১৫, ০৩১৬, ০৩১৭, ০৩১৮, ০৩২০, ০৩২৩, ০৩২৫, ০৩২৬, ০৩২৭, ০৩২৮, ০৩২৯, ০৩৩১ ও ০৩৩২। এক্ষেত্রেও নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, এসব নিবন্ধন প্রক্রিয়ার ক্ষেত্রে ময়মনসিংহ সার্কেলের তৎকালীন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এএসএম ওয়াজেদ হোসেন এবং মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরুর দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
‘ডাম্পিং করলেও আবার ছাড়তে হয়’
ডিএমপির এক ট্রাফিক সার্জেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের সব স্লিপার বাসই সিঙ্গেল চেসিসের মডিফিকেশন করে ডাবল ডেকার বানানো। এগুলোর ফিটনেস সনদের কোথাও ডাবল ডেকারের উল্লেখ নেই। সড়ক পরিবহন আইন অনুযায়ী এসব গাড়ি ডাম্পিংয়ে নেওয়া যায়। তবে নির্দিষ্ট জরিমানা করে আইন অনুযায়ী গাড়ি ছেড়েও দিতে হয়। আরেক ট্রাফিক সূত্র জানায়, স্লিপার বাসের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে পারে বিআরটিএ। কারণ বিআরটিএ’র পারমিট ও সনদ নেওয়ার পরই মালিকরা গাড়ির আকার পরিবর্তন করছেন। এটি সরাসরি প্রতারণা।
মালিকপক্ষের দাবি, ‘সম্পূর্ণ বৈধ’
স্লিপার কোচ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বাবু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাসগুলো সম্পূর্ণ বৈধ এবং বিআরটিএ’র অনুমোদনের ভিত্তিতেই চলাচল করছে।’ অনুমোদন না থাকলে গত ৬-৭ বছর ধরে কীভাবে চলছে এবং বিআরটিএ কেন ব্যবস্থা নেয় নাÑ এ প্রশ্নও তোলেন তিনি। তিনি জানান, এসব বিষয়ে তারা বিআরটিএতে স্মারকলিপি দেবেন।
প্রশ্নের মুখে বিআরটিএ
একদিকে বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশে দোতলা স্লিপার বাস চলাচলের অনুমোদন নেই। অন্যদিকে ময়মনসিংহ সার্কেল থেকেই অন্তত ৩৫টি এমন বাসের নিবন্ধন এবং কয়েকটির দীর্ঘ দূরত্বের রুট পারমিট পাওয়ার তথ্য মিলেছে। ২০২৪ সালের ২৮ মার্চ থেকে নিবন্ধন পাওয়া ১৬টি বাসের নথিও সেই প্রশ্নকে আরও জোরালো করছে। এমন প্রেক্ষাপটে শুধু নিবন্ধন ও রুট পারমিট নয়, এসব বাস তৈরির গ্যারেজ, বডি নির্মাণের অনুমোদন, টাইপ অ্যাপ্রুভাল, ফিটনেস পরীক্ষা এবং রুট পারমিট দেওয়ার পুরো প্রক্রিয়া তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।
যা বলছে হাইওয়ে পুলিশ
এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স অ্যাডিশনাল ডিআইজি (পূর্ব) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘সড়ক মহাসড়কে যদি কোনো যানবাহন সড়ক আইনের ভায়োলেশন ঘটায় তাদের বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেয় হাইওয়ে পুলিশ। এ ছাড়া দুর্ঘটনা, যানজটসহ সড়ক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের আইন প্রয়োগ করে। এ সময় সুনির্দিষ্টভাবে স্লিপার কোচের ক্ষেত্রে বৈধ-অবৈধ কিংবা অনুমোদন থাকা বা না থাকার ক্ষেত্রে পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার সুনির্দিষ্ট বক্তব্য নেই।
ব্যবস্থা নেবে পুলিশ সদর দপ্তর
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এএইচএম শাহাদাত হোসাইন বলেন, ‘সড়ক আইন লঙ্ঘন করলে বা চালক ও যানবাহনের কাগজপত্র সঠিক পাওয়া না গেলে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি পুলিশের অন্য ইউনিট বা জেলায় নিয়োজিত সার্জেন্টরাও কাজ করছেন। এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ডাম্পিং করার পরও তারা আবার রাস্তায় নেমে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ সজাগ আছে।’
বৈধতার দাবিতে বনানীর সড়কে মালিকরা
বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা স্লিপার বাসের বৈধতার দাবিতে গত রবিবার বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় স্লিপার বাস মালিক সমিতির নেতারা তাদের দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো— আদালতের চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা।
স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তা বিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএ’র কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। একই সঙ্গে ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিও জানিয়েছে তারা।