গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সারের পর্যাপ্ত মজুদ, নির্বিঘ্ন সরবরাহ এবং কৃষকের হাতে নির্ধারিত দামে সার পৌঁছানো নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কৃষি খাতে সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি, কৃষক কার্ড, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণ নিয়েও নির্দেশনা আসতে পারে। আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনের কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে অনিবার্য কারণে সেই কর্মসূচি স্থগিত হওয়ায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, কৃষি সচিব মো. সেলিম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কৃষিসংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। ২৮ জুলাই সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
কৃষি মন্ত্রণালয়ের ক্ষেত্রেও নীতিগত বিষয়ের পাশাপাশি মাঠপর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আমন মৌসুমে সারের চাহিদা বাড়ার সময়ে গুদাম থেকে ডিলার এবং ডিলার থেকে কৃষকের হাতে সার পৌঁছানোর প্রতিটি ধাপে নজরদারি বাড়ানোর নির্দেশনা আসতে পারে।
মজুদ পর্যাপ্ত, বড় প্রশ্ন সরবরাহব্যবস্থা
কৃষি মন্ত্রণালয়ের ১৭ আগস্টের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার মজুদের পরিমাণও বেশি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুদ কিংবা অতিরিক্ত দামে বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
তবে সরকারি গুদামে পর্যাপ্ত সার থাকা এবং সেই সার সময়মতো কৃষকের হাতে পৌঁছানো এক বিষয় নয়। মাঠপর্যায়ে কৃষকের ভোগান্তির বড় জায়গা তৈরি হয় সরবরাহের শেষ ধাপে। কোথাও ডিলারের কাছে সার থাকলেও কৃষক পাচ্ছেন না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে। আবার কোথাও চাহিদার তুলনায় সরবরাহ কম দেখিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও ওঠে।
সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। আমদানির মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের ‘এসএবিআইভি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে ৪০ হাজার টন এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) লিমিটেড থেকে ৩০ হাজার টন ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। জিটুজি পদ্ধতিতে মরক্কোর ‘ওসিপি নিউট্রি-ক্রপস’ থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এ ছাড়া জিটুজি পদ্ধতিতে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার টন এবং রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অন্যদিকে, মরক্কো থেকে ৮০ হাজার টন এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
সরকারের এই আগাম প্রস্তুতির লক্ষ্য শুধু বর্তমান চাহিদা মেটানো নয়। আন্তর্জাতিক বাজারে সরবরাহের অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি কিংবা কোনো দেশের রপ্তানি বিধিনিষেধের কারণে দেশে যাতে হঠাৎ সংকট তৈরি না হয়, সেজন্য পর্যাপ্ত বাফার স্টক রাখাও গুরুত্বপূর্ণ। এ কারণে আমদানি, মজুদ ও মাঠপর্যায়ে বিতরণ— এই তিন ধাপকে সমন্বিত নজরদারির আওতায় আনার নির্দেশনা আসতে পারে।
ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি
সার ব্যবস্থাপনার পাশাপাশি কৃষকের সামগ্রিক সহায়তা নিয়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতিও বৈঠকে আলোচনায় আসতে পারে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর অন্যতম আলোচিত কর্মসূচি ‘কৃষক কার্ড’। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কৃষকদের ক্ষমতায়ন এবং সরকারি সহায়তা আরও লক্ষ্যভিত্তিক করার উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও বাজেট বক্তৃতায় জানানো হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।