× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন্ত্রিসভা থেকে বাদের তালিকায় আধাডজন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ০৮:৩৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকারের প্রথম ১৮০ দিনের কর্মসূচি শেষ হওয়ার পর মন্ত্রিসভায় যে পরিবর্তন হয়েছে তা পূর্ণাঙ্গ মূল্যায়নের চূড়ান্ত ফল নয়। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের অগ্রগতি, মন্ত্রণালয়ের গতি, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে ভেতরে ভেতরে পর্যালোচনা এখনো চলছে। যার ফলে মন্ত্রিসভায় আরেকটি রদবদলের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিতর্কিত ও পারফরম্যান্স দেখাতে ব্যর্থ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে। এই সংখ্যা অর্ধডজনের কম নয় বলে মনে করা হচ্ছে।

সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে শিগগিরই মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিধি কতটা হবে, কে দায়িত্ব হারাবেন বা কার দপ্তর পরিবর্তন হবেÑ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। তবে ৭-৮টি মন্ত্রণালয়ের কাজে কাঙ্ক্ষিত গতি আসছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের আমেরিকা সফরের আগে কিংবা পরে তার টিমে এই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী সরকার গঠনের শুরুতেই ১৮০ দিনের জন্য একটি কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনার আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অগ্রগতি, অর্জন এবং সীমাবদ্ধতা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে গঠিত একটি কমিটি সরকারের ১৮০ দিনের অর্জন, কর্মকাণ্ড ও সীমাবদ্ধতা পর্যালোচনা করছে। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী এই মূল্যায়নের পরই মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আরও স্পষ্ট হতে পারে।

সূত্র জানিয়েছে, সরকারের ১৮০ দিন পূর্ণ হলেও এককালীন একটি তালিকা তৈরি করে সবাইকে মূল্যায়ন শেষ করা সম্ভব হয়নি। এটি চলমান প্রক্রিয়া, যার সঙ্গে যুক্ত হয়েছে মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টন ও ভবিষ্যৎ রাজনৈতিক-প্রশাসনিক পরিকল্পনাও। ২১ আগস্ট মন্ত্রিসভায় পাঁচজন নতুন সদস্য যুক্ত হন এবং একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হয়। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হয় পরিবর্তন।

সবচেয়ে আলোচিত পরিবর্তন হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। জহির উদ্দিন স্বপনের পরিবর্তে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে মন্ত্রী করা হয়েছে। স্বপনকে পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। তাকে পুরোপুরি সরকার থেকে বাদ দেওয়া হয়নি বরং পরিবর্তন করা হয়েছে দায়িত্বের ধরন। তিনি ছাড়াও এ পদে আরও তিনজন দায়িত্বে রয়েছেন। তারা হলেনÑ মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা কোন ধরনের উপদেশ দেন তা দৃশ্যমান নয়।

সরকারের ঘনিষ্ঠ অনেকেই এই রদবদলকে সরকারের ছয় মাসের কর্মদক্ষতা মূল্যায়নের প্রাথমিক ফল হিসেবে দেখছেন। তবে এটিকে পূর্ণাঙ্গ মূল্যায়নের ফল বলা যাচ্ছে না। কারণ সরকার এখনও প্রকাশ করেনি কোন কোন সূচকে মন্ত্রীদের মূল্যায়ন করা হয়েছে এবং কার পারফরম্যান্স সন্তোষজনক বা অসন্তোষজনক।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিবর্তনের পেছনে কয়েক মাসের অসন্তোষ, নির্দেশনা বাস্তবায়ন, সংকটকালীন যোগাযোগ এবং অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে উদ্বেগ সরকারে ছিল। এ ছাড়া জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা আগৈলঝাড়া থানায় হামলার ঘটনার সঙ্গে জড়িত প্রায় সবাই তার অনুসারী। তিনি বরিশাল বিভাগীয় শহরের অনেক দূরের দুটি থানা এলাকার এমপি হলেও বরিশালে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেনÑ যা স্থানীয় নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। সেখানে অসন্তোষ দানা বেঁধে উঠেছিল। একজন কূটনীতিককে বাড়িতে নিয়ে আপ্যায়ন এবং অতিশয় মাখামাখির বিষয়টিও সরকারের শীর্ষ মহল ভালোভাবে নেয়নি। এটি প্রধানমন্ত্রীর প্রতি পরোক্ষ চাপ হিসেবে উল্লেখ করে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন পেশ করেছিল। 

একইভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও সমন্বয়গত সমস্যার কারণে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। সেখানে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সমন্বয়হীনতার কারণেই মন্ত্রী আফরোজা খান রিতাকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে পদোন্নতি দিয়ে মন্ত্রী করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, সরকারের ভেতরে মন্ত্রিসভা পুনর্গঠনের আরও একটি আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্রের মতে, কয়েক সপ্তাহের মধ্যে আরও পরিবর্তন হতে পারে। তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের আলোচনায় সেটা প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের আগে-পরে হতে পারে।

বলা হচ্ছে, সরকারের সাত থেকে আটটি মন্ত্রণালয়ের কাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। এসব মন্ত্রণালয়ের কয়েকটিতে রদবদলের সম্ভাবনা রয়েছে এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কোনো কোনো মন্ত্রীর দায়িত্ব কমানোর বিষয়েও আলোচনা হচ্ছে। যেসব মন্ত্রী একাধিক বড় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তাদের কাজের চাপ কমিয়ে দায়িত্ব ভাগ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

১৮০ দিনের মূল্যায়নের আরেকটি সম্ভাব্য ফল হতে পারে প্রতিমন্ত্রীদের মধ্য থেকে কয়েক জনকে পূর্ণমন্ত্রী করা। কয়েকজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কারা সেই তালিকায় রয়েছেন, সে বিষয়ে কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রাশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রী করে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু পদোন্নতিই নয়, বাদের তালিকায় রয়েছেন অন্তত অর্ধডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীর কাজে সরকার বিব্রত হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে এমন মন্ত্রীদের মন্ত্রিসভায় দেখা না-ও যেতে পারে। এ ছাড়া ব্যক্তিগতভাবে স্ক্যান্ডালে জড়িত এক প্রতিমন্ত্র্রীকেও বাদ দেওয়া হতে পারে।

তবে ২১ আগস্টের রদবদল থেকে ধারণা করা যায়, প্রধানমন্ত্রী অধিকাংশ মন্ত্রীকে আরও কিছু সময় দিতে চাইছেন। একই সঙ্গে কর্মদক্ষতা সন্তোষজনক না হলে পরবর্তী সময়ে আরও পরিবর্তন হতে পারেÑ এমন বার্তাও দেওয়া হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনেকেই ছয় মাস শেষে টিকে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তাদের সেই স্বস্তি প্রলম্বিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা