× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেওড়া ফলে আছে ঔষধি গুণ

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১১:১৭ এএম

প্রাকৃতিক প্রতিকূলতায় সুন্দরবনের রক্ষাকবচ কেওড়া গাছের ডালে থোকায় ঝুলছে ফল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ।

প্রাকৃতিক প্রতিকূলতায় সুন্দরবনের রক্ষাকবচ কেওড়া গাছের ডালে থোকায় ঝুলছে ফল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ।

হরিণের চঞ্চল লাফঝাঁপ, গাছের ডালে পাখির কলকাকলি আর নদীর লোনা হাওয়ায় ঢাকা-খুলনার উপকূলীয় উপজেলা কয়রার সুন্দরবন সীমান্ত। কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বুক চিরে যে সবুজ দেয়াল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলকে বুক দিয়ে আগলে রেখেছে, তার অন্যতম প্রধান কারিগর কেওড়া গাছ। কয়রার মানুষের কাছে কেওড়া কেবল বনের একটি সাধারণ উদ্ভিদ নয়Ñ এটি উপকূলের জীবন, স্থানীয়দের রসনা, বন্য প্রাণীর খাদ্য এবং প্রাকৃতিক দুর্যোগের মুখে টিকে থাকার পরম বন্ধু।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে কথা হয় মহারাজপুর মঠবাড়ী গ্রামের জেলে লিটন ও আতিয়ার রহমানের সঙ্গে। তখন সুন্দরবনে প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা চলছিল। তবে লোকালয় ও বনের মাঝের নদীতে চলাচলে বাধা নেই। তাদের সঙ্গে ছোট ডিঙিনৌকায় চেপে নদীর তীর ঘেঁষে এগোতেই চোখে পড়ে কেওড়ার সতেজ সবুজ বন। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে কচি ফল। নদীর হালকা স্রোত আর পাখির কিচিরমিচির শব্দে চারপাশে সৃষ্টি হয়েছে এক অপার্থিব পরিবেশ।

নৌকার বৈঠা বাইতে বাইতে জেলে লিটন শোনালেন কেওড়ার ব্যবহারের কথা। তিনি বলেন, আমরা কেওড়া দিয়ে ডাল রান্না করে খাই। শুধু তাই নয়, ফল সিদ্ধ করে বড়শিতে গেঁথে নদীতে ফেললে বড় পাঙাশ মাছ ধরা পড়ে। পাশ থেকে মুচকি হেসে আতিয়ার রহমান যোগ করেন, বনের ভেতরের অদ্ভুত এক বন্ধুত্বের গল্প। এই ফল সুন্দরবনের হরিণ ও বানরেরও মূল খাদ্য। বানর গাছ থেকে ফল ও পাতা ফেলে, আর হরিণ নিচে দাঁড়িয়ে তা মহানন্দে খায়। ওদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া। আবার বনের গভীরে বাঘের উপস্থিতি টের পেলে বানর চিৎকার করে হরিণকে আগেই সাবধান করে দেয়। 

তাদের সঙ্গে আলাপের মাঝেই চোখে পড়ে কেওড়ার ডালে কয়েকটি বানরের কচি ফল খাওয়ার দৃশ্য। মানুষের উপস্থিতি টের পেতেই লাফিয়ে তারা গহিন বনে মিলিয়ে যায়। জেলেরা জানান, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই তিন মাস বনে কেওড়া ফলের মৌসুম। এ ছাড়া সুন্দরবনের বিখ্যাত মধুর একটি বড় অংশ আসে কেওড়ার ফুল থেকেই।

বন থেকে ফিরে স্থানীয় দেউলিয়া বাজারে গিয়ে দেখতে পেলাম কেওড়া ফলের বেশ চাহিদা। প্রতি কেজি কেওড়া ফল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, আগে বাজারে কেওড়া ফল খুব একটা দেখা যেত না। কিন্তু এখন এর স্বাদ ও গুণের কথা জেনে অনেকেই হাটে এসে নিয়মিত এই ফলের খোঁজ করেন। বর্তমানে কয়রার অনেক গৃহস্থের হেঁশেলে (রান্নাঘর) ইলিশ বা চিংড়ির সঙ্গে কেওড়ার টক কিংবা চাটনি দৈনন্দিন খাবারের অংশ হয়ে উঠেছে। কেওড়া শুধু স্বাদেই অনন্য নয়, গুণাগুণেও ভরপুর।

উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে কেওড়া ফল ডায়াবেটিস, ক্ষতিকারক কোলেস্টেরল, ডায়রিয়া এবং ক্যানসার প্রতিরোধে বেশ কার্যকর। এতে থাকা উপাদান প্রসাধনী ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে ব্যবহারের উপযোগী, যা সাধারণত বিদেশ থেকে আমদানি করতে হয়। তার মতে, নদীর চর ও পতিত জমিতে কেওড়ার বাণিজ্যিক চাষ করা হলে প্রাকৃতিক সুরক্ষার পাশাপাশি স্থানীয়দের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কয়রার টেকসই অস্তিত্ব টিকিয়ে রাখতে কেওড়া বন সংরক্ষণ ও নতুন চারা রোপণের বিকল্প নেই।

কেওড়া বনের গুরুত্ব তুলে ধরে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পুনর্বাসনে কেওড়া সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাই আমরা চরগুলোতে এর চারা রোপণে গুরুত্ব দিচ্ছি। আইলা, আম্পান বা রিমালের মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে কয়রার বাঁধ ও ভিটেমাটি রক্ষায় কেওড়া বনের ভূমিকা অপরিসীম। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা