× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহরাওয়ার্দী উদ্যান প্রকল্পে নকশায় কাটাছেঁড়া

রাহাত হুসাইন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১০:১২ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৩:৩৫ পিএম

‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্পের গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা ও উপস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্পের গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা ও উপস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাগজে-কলমে ৯৪ শতাংশ কাজ শেষ। তবে প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ এখনও অসম্পূর্ণ। এর মধ্যেই ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্পের গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা ও উপস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীর প্রধান জনপরিসরের এই স্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানÑ এই দুই জায়গায় পরিকল্পিত ভাস্কর্যের পরিবর্তে ওয়াটার ফাউন্টেন স্থাপনের পরিকল্পনার কথা আসছে। পরিবর্তন আসছে ৭ মার্চের ভাষণের হলোগ্রাফিক থ্রিডি উপস্থাপনাতেও। প্রসঙ্গত, এই উদ্যানের প্রকল্প এলাকায় গড়ে ওঠা স্বাধীনতা জাদুঘর ২০২৪ সালের ৫ আগস্টের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে পরিবর্তন ও নতুন সিদ্ধান্ত যুক্ত করে প্রায় আবার রিস্কোপিং ও রিপারপাসিংয়ের প্রক্রিয়ায় গেছে। ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হয় প্রায় ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ শীর্ষক ৩৯৭ কোটি টাকার এ প্রকল্পটি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এ প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি)। একাধিকবার মেয়াদ বাড়িয়ে প্রকল্পটির সময়সীমা সর্বশেষ ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। গত ২০২৬ সালের জুন পর্যন্ত এ প্রকল্পে ব্যয় হয়েছে ৩০১ কোটি ৬১ লাখ টাকা, যা মোট প্রাক্কলিত ব্যয়ের ৭৫ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে ভৌত অগ্রগতি দেখানো হয়েছে ৯৪ শতাংশ।

তবে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছার পরও প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে চলেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৬ আগস্টের এক নথিতে প্রকল্পটির রিস্কোপিং ও রিপারপাসিং পরিকল্পনার উল্লেখ করা হয়েছে। তবে কেন, কবে বা কীভাবে এই রিস্কোপিং ও রিপারপাসিংয়ের প্রয়োজনীয়তা নির্দেশিত হয়েছে, নথিতে তার কোনো উল্লেখ নেই। কর্মকর্তাদের কেউও এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। নথিতে শুধু বলা হয়েছে, প্রকল্পের আওতায় থানা নির্মাণ, একাত্তরের ৭ মার্চের ভাষণ ও ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থান দুটিতে ভাস্কর্য নির্মাণের পরিবর্তে ওয়াটার ফাউন্টেন স্থাপন করে সৌন্দর্যমণ্ডিতকরণের বিষয়টি প্রতিফলনপূর্বক নকশা বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ৭ মার্চের ভাষণের হলোগ্রাফিক থ্রিডি উপস্থাপনার ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত আসছে।

নথিতে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রকল্পে রিস্কোপিং ও রিপারপাসিং প্রয়োজন হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। নথিতে আরও বলা হয়েছে, প্রকল্প রিস্কোপিং ও রিপারপাসিং করে প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন প্রস্তাব একনেক সভায় উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার সিদ্ধান্তের প্রেক্ষিতে কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে। এর ফলে ৯৪ শতাংশ কাজ শেষ হওয়ার পরও প্রকল্পটির চূড়ান্ত রূপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রকল্পের গুরুত্বপূর্ণ স্থাপনারও অনেক ক্ষতি হয়। এর মধ্যে স্বাধীনতা জাদুঘর অন্যতম। ওই ঘটনার পর থেকে দেশের এই একমাত্র ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরটি বন্ধ রয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্টদের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকল্পটির কাজের গতি ও সার্বিক পরিস্থিতি দেখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা একাধিকবার সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন। তবে সরেজমিন পরিদর্শনের পরও এ প্রকল্পের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে প্রকল্পের অন্যান্য অংশের ফিনিশিং কাজ চললেও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তহীনতাই রয়ে গেছে। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রকল্প নিয়ে এখনও কোনো কাজ শুরু করা হয়নি।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই প্রকল্পে বিপুল পরিমাণ অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করেছে দাবি করে তিনি বলেন, ‘প্রকল্পটি গত আট বছর ধরে আটকে আছে এবং বর্তমানে সরকার এটি নিয়ে সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে।’ তবে প্রকল্পের কাজের পরিধি পুনর্নির্ধারণ এবং উদ্দেশ্যের পুনর্বিন্যাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। সঠিক সময়ে পলিসি পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বলে জানান এ মন্ত্রী।

প্রকল্পের অগ্রগতির নথি বলছে, ইতোমধ্যে এর বেশকিছু বড় অবকাঠামোর কাজ শেষ হয়েছে। ৫০০ গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ কার পার্কিংয়ের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ওয়াকওয়ে, ফুড কিউস্কসহ দৃশ্যমান কয়েকটি অবকাঠামোর কাজও শেষ বা শেষ পর্যায়ে রয়েছে। আবার গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনও অসম্পূর্ণও রয়েছে। এর মধ্যে ১৬ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে শাহবাগ থানা ভবন নির্মাণের ভৌত অগ্রগতি শূন্য শতাংশ; প্রকল্প শুরুর আট বছর পরও ভবনটির নির্মাণকাজ শুরু হয়নি।

প্রকল্প পরিচালক প্রণব কুমার সাহার ভাষ্য অনুযায়ী, শুরুতে বরাদ্দ থাকলেও থানার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী ‘সাকুরা’ রেস্তোরাঁর সামনের এলাকায় এটি নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে উদ্যানের ভেতরে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে এবং এর লে-আউট প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত মতামত পাওয়ার পর কাজ শুরু হবে।

উদ্যানের পানি নিষ্কাশন ব্যবস্থার অগ্রগতিও মাত্র ২৩ শতাংশ। একই হারে অগ্রগতি দেখানো হয়েছে ভিআইপি রেস্ট রুমের কাজেও। মসজিদ, টিকিট কাউন্টারসহ গুরুত্বপূর্ণ প্লাজা নির্মাণের কাজ হয়েছে ৭২ শতাংশ; অর্থাৎ ২৮ শতাংশ এখনও বাকি। ফলে একদিকে প্রকল্পের সামগ্রিক ভৌত অগ্রগতি ৯৪ শতাংশ দেখানো হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ এখনও অনেক পিছিয়ে।

ড্রেনেজের ধীরগতির বিষয়ে প্রকল্প পরিচালক প্রণব কুমার সাহা বলেন, ‘সিভিলের কাজ প্রায় শেষ হলেও ড্রেনেজের ২৩ শতাংশ বাকি। বাস্তবতার নিরিখে নকশায় পরিবর্তন এনে পিডব্লিউডি এ কাজ করছে।

বিদ্যুতের বাড়তি চাহিদার কারণে সোলার সিস্টেম স্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে। এজন্য ডিপিপি সংশোধন প্রয়োজন।’ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি বছরের এপ্রিল মাসে রি-অর্গানাইজেশন সেটআপের আওতায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নগর গণপূর্ত বিভাগের অধীন রমনা গণপূর্ত উপবিভাগ-৩-এর কাছে হস্তান্তরিত হয়। কিন্তু নতুন এ উপবিভাগে এখনও পূর্ণাঙ্গ জনবল নেই। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জনবল সংকট থাকলেও বর্তমানে যেখানে কাজের চাপ বা কাজের পরিমাণ বেশি, সেখানে জনবল সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে অধিদপ্তর। এ প্রকল্পের জন্য নতুন করে জনবলের চাহিদা বা তাগিদ না আসায় বাড়তি জনবল দেওয়া হয়নি। পুরো গণপূর্ত অধিদপ্তরেই সিভিলের উপসহকারী প্রকৌশলী পদে বড় ধরনের ঘাটতি রয়েছে।’

প্রকল্পটির দীর্ঘসূত্রতার চিত্রও স্পষ্ট। ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ প্রথমে ২০২৪ সালের জুন পর্যন্ত ছিল। পরে তা বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে। আট বছরের বেশি সময়ে আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৯১ শতাংশ হলেও ভৌত অগ্রগতি দেখানো হয়েছে ৯৪ শতাংশ। এর মধ্যেই আবার প্রকল্পের কাজের পরিধি ও উদ্দেশ্য পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা