গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে গঠন করতে হবে সব সংসদীয় কমিটি। এরই মধ্যে বেশ কয়েকটি কমিটি গঠন করা হলেও অধিকাংশই এখনও হয়নি। সংসদীয় কমিটির দুই সভাপতি সর্বশেষ মন্ত্রিসভা সম্প্রসারণে শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে। ফলে ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ছাড়াও করা হবে পুনর্গঠন। সংসদীয় কমিটির সভাপতি পদে বঞ্চিত সিনিয়র নেতাদের স্থান দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদে জাতীয় সংসদের স্থায়ী কমিটিসমূহ গঠনের ক্ষমতা ও বিধান সম্পর্কে বলা হয়েছে। নির্বাচনের মাধ্যমে কোনো সংসদ গঠিত হলে তার তৃতীয় অধিবেশনের মধ্যে সবগুলো সংসদীয় কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করে সংসদীয় কমিটিগুলো। এ কমিটি ও বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো ওয়াচডগ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে; সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠানগুলোতে বিষয়ভিত্তিক আলোচনা, সিদ্ধান্ত ও সুপারিশমালা প্রণয়ন করে থাকে।
জাতীয় সংসদে গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মঈন খান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২১ আগস্ট। সংসদীয় কমিটি গঠনের পর আন্দালিভ রহমান পার্থ কয়েকটি বৈঠক করলেও ড. মঈন খানের নেতৃত্বাধীন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির একটি বৈঠকও হয়নি। তারা মন্ত্রী হওয়ায় শূন্য হলো দুটি কমিটির সভাপতির পদ।
২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর সংসদীয় কমিটিগুলোকে শক্তিশালী করতে এর সভাপতি পদে ব্যাপক পরিবর্তন ঘটায়। আগে সংসদীয় কমিটির সভাপতি থাকতেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। ফলে কমিটির পক্ষে মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ছিল কঠিন। তাই কার্যপ্রণালী বিধি সংশোধন করে সংসদীয় কমিটির সভাপতি করা হয় সংসদ সদস্যদের মধ্য থেকে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদ সদস্য হলে তিনি এ কমিটির সদস্য হন। টেকনোক্র্যাট মন্ত্রীরা বিশেষ আমন্ত্রণে সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিয়ে থাকেন।
সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মন্ত্রণালয়ের অনেক অনিয়ম ও দুর্নীতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছে।
গত নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই গঠিত হয় সংসদীয় কমিটিগুলো। তখন দলের সিনিয়র নেতাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে সংসদীয় কমিটির সভাপতি করা হয়। সংসদীয় কমিটির সভাপতি পদে জৌলুস বাড়ানোর জন্য কমিটির সভাপতির গাড়িতে জাতীয় সংসদের পতাকা ব্যবহার, কমিটির সভাপতির জন্য নিরাপত্তা রক্ষী, সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা পিএস হিসেবে নিয়োগ ছাড়াও কিছু কর্মচারী ও অফিস সাপোর্টের ব্যবস্থা করা হয়। চলতি সংসদে যে ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে ৩টি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। অবশিষ্ট কমিটিগুলো আসন্ন অধিবেশনেই গঠিত হবে। যাতে মন্ত্রিসভা, জাতীয় সংসদ কিংবা প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদবঞ্চিতদের স্থান দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, লুৎফুজ্জামান বাবর, আমান উল্লাহ আমান, জাতীয় সংসদের সাবেক হুইপ মজিবর রহমান সরওয়ার, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সাবেক উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার নাম রয়েছে কমিটির সভাপতি হিসেবে। এছাড়াও নাম রয়েছে মো. জাহিদুর রহমান, শামছুর রহমান শিমুল বিশ্বাস, হাফিজ ইব্রাহিম, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. ফজলুর রহমান, মঈনুল ইসলাম খান শান্ত, ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, একেএম ফজলুল হক মিলন, এম নাসের রহমান, মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, মোস্তফা কামাল পাশা, সরওয়ার জামাল নিজাম ও আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এছাড়া সংরক্ষিত নারী আসন থেকেও কয়েকজনের নাম ভাবা হচ্ছে।
জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে আনুপাতিক হারে ১৪টি কমিটির সভাপতি পাবে জামায়াত-এনসিপি জোট। জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে ইতোমধ্যে সংসদের বিরোধী দলের উপনেতা ডা. আব্দুল্লাহ মো. তাহেরকে সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে। জাতীয় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ভাবা হয় এই সরকারি হিসাব কমিটিকে। জামায়াত ও এনসিপির সদস্যদের মধ্য থেকে আরও কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি করা হবে। সংসদের অধিবেশন শুরু হলে বিরোধী দলের কাছ থেকে নাম চাওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির শীর্ষ নেতা ও সিনিয়র সংসদ সদস্যদের অনেকেই সরকারি কোনো দায়িত্ব পাননি। তাদের সংসদীয় কমিটির সভাপতির পদ দেওয়া হতে পারে। এ নিয়ে সিনিয়র সংসদ সদস্যদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও অসন্তোষ। অনেক সংসদ সদস্যই সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন, তারা সংসদীয় কমিটির সভাপতি হতে রাজি নন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হলে নেব না। কারণ আমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী হওয়ার যোগ্য নই, সেই মন্ত্রণালয়ে খবরদারি করার মতো দক্ষতা আমার নেই।
সংসদীয় কমিটি গঠন সম্পর্কে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদের নেক্সট অধিবেশনেই কমিটিগুলো গঠন করতে হবে। সে লক্ষ্যে আমাদের প্রস্তুতি রয়েছে। তবে কমিটির সভাপতি কে হবেন কিংবা কোন কমিটির সদস্য কে হবেন তা ঠিক করে দেবেন সংসদ নেতা। সংসদের অধিবেশন শুরু হলেই এর কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।