× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিডিসির প্রকল্পে দুর্নীতি: অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে

ফসিহ উদ্দীন মাহতাব ও দীপক দেব

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ০৮:৫১ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ০৮:৫২ এএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

লক্ষ্য ছিল রাজধানী ঢাকার বিদ্যুৎ বিতরণব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা। ছিল ২২ হাজার কোটি টাকার বিশাল বাজেট। কাগজ-কলমে চুক্তি ছিল জার্মানির তৈরি উচ্চমানের উপকেন্দ্রের যন্ত্রাংশ আমদানির। কিন্তু বিশেষজ্ঞ কমিটির স্পষ্ট আপত্তি ও কারিগরি ঝুঁকির সতর্কবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে চীন থেকে নামমাত্র মূল্যের মানহীন মালামাল পণ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন অনিয়ম ও কারচুপির অভিযোগ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) জি টু জি প্রকল্প নিয়ে। সিন্ডিকেটের কারসাজিতে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় শতকোটি টাকা। তদন্তের পর চাঞ্চল্যকর এই দুর্নীতির ঘটনায় ডিপিডিসির বর্তমান ও সাবেক ১৭ কর্মকর্তা ও প্রকৌশলীর জড়িত থাকার প্রমাণ মেলে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় সম্প্রতি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

গত ৪ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি কড়া ভাষায় চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত ওই চিঠিতে জিটুজি (সরকার থেকে সরকার) প্রকল্পের ২২তম, ৪৩তম ও ৪৫তম শিপমেন্টের মালামাল আমদানিতে সংঘটিত জালিয়াতির চিত্র তুলে ধরে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। 

জালিয়াতি ফাঁসের নেপথ্যে রয়েছে দীর্ঘ এক অনুসন্ধান। ২০২৫ সালের ২৫ আগস্ট বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. সবুর হোসেনের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ী তদন্ত কমিটি ১১০ পাতার একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয়। নথিপত্র ও সংশ্লিষ্টদের সাক্ষ্য পর্যালোচনার পর ১১ পাতার সেই বিস্ফোরক প্রতিবেদনটি গত বছরই ডিপিডিসিতে পাঠানো হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে সেই সময় অদৃশ্য শক্তির ইশারায় ফাইলটি চাপা পড়ে থাকে। দীর্ঘ টালবাহানা শেষে সম্প্রতি নড়েচড়ে বসেছে প্রশাসন। 

জার্মানির বদলে সাংহাই বন্দর

প্রকল্পের মূল চুক্তি অনুযায়ী, বিতরণব্যবস্থা শক্তিশালী করতে ১৩২ কেভি কেবল এক্সেসরিজ বা ক্রস-বন্ডিং জয়েন্টের ১৪০ সেট জার্মানি থেকে আমদানির কথা ছিল। শর্ত ছিল, এসব মালামাল পোল্যান্ডের বন্দর হয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

কিন্তু তদন্তে বেরিয়ে আসে, ২২তম ও ৪৩তম শিপমেন্টে ৭১ সেট কেবল এক্সেসরিজ কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই গ্রহণ করে বিল পরিশোধ করা হয়েছে। গোল বাধে ৪৫তম শিপমেন্টের ৬৯ সেট মালামাল নিয়ে। ইউরোপের পরিবর্তে চীনের সাংহাই বন্দর থেকে এসব মালামাল সরাসরি বাংলাদেশে জাহাজে তোলা হয়। আমদানি নথিতে সাংহাইয়ের নাম স্পষ্ট থাকলেও ডিপিডিসির একটি প্রভাবশালী মহল তা চোখ বন্ধ করে গ্রহণ করে নেয়।

সিন্ডিকেটের মারপ্যাঁচ

চট্টগ্রাম বন্দর থেকে ৪৫তম শিপমেন্টের মালামাল খালাসের আগে প্রধান প্রকৌশলী (উন্নয়ন) তারিকুল হককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি স্পষ্টভাবে জানিয়েছিল, পণ্যের উৎস ও কারিগরি মান যাচাই না করে এই চালান গ্রহণ করলে রাষ্ট্রে বড় ধরনের কারিগরি ঝুঁকি ও আর্থিক ক্ষতি নেমে আসবে।

কিন্তু বিশেষজ্ঞদের সেই মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আরেকটি সিন্ডিকেট। তৎকালীন নির্বাহী পরিচালক (প্রকৌশল) মোরশেদ আলম খানের নেতৃত্বে গঠিত বিকল্প কমিটি ঠিকাদারের কাছ থেকে অতিরিক্ত পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেওয়ার আজব প্রস্তাব দেয়। তদন্ত কমিটি এই লজিককে পুরোপুরি খারিজ করে বলেছে, ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়ে কখনোই পণ্যের জন্মস্থান বা উৎপাদক বদল করা যায় না। জার্মানির দামি পণ্যের বদলে সস্তা চীনা পণ্য ঢুকিয়ে অতিরিক্ত ওয়ারেন্টির মুলা ঝুলিয়ে এই অভিনব দুর্নীতি করা হয়েছে।

শতকোটি টাকার পকেটমার

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চীনে উৎপাদিত একই উপকরণের বাজারমূল্য জার্মানির তুলনায় প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কম। এই ফারাককে কাজে লাগিয়ে আনুমানিক ১০০ কোটি টাকা আত্মসাতের জোরালো প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞ কমিটির আপত্তি উপক্ষো করে মালামাল গ্রহণের পক্ষে নোট উপস্থাপন করেছিলেন নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম টিটু। এ ছাড়া এইচআর বিভাগের ডিজিএম কামরুন নাহার খানমসহ পর্ষদের অনেকেই এই অবৈধ প্রক্রিয়ায় সহযোগিতা করেন। 

কাঠগড়ায় যারা

মন্ত্রণালয়ের সাম্প্রতিক চিঠিতে নাম আসা ১৭ জন প্রকৌশলী ও কর্মকর্তার তালিকায় রয়েছেন ডিপিডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, সাবেক নির্বাহী পরিচালক (প্রকৌশল) মোরশেদ আলম খান, সাবেক প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান ও আবদুল্লাহ নোমান, বর্তমান প্রকল্প পরিচালক ফজিলাতুন্নেছা, নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম টিটু ও ডিজিএম কামরুন নাহার খানম। এ ছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিয়ার রহমান জোয়ার্দ্দার, মো. আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, শামীম আরা বেগম, হরিচাঁদ হালদার, প্রধান প্রকৌশলী আবুল ফজল মো. বদরুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজিবুল হাদী, মোহাম্মদ ফয়েজ করিম, মো. ওয়াজেদ ও আবির চৌধুরীর নামও রয়েছে সংশ্লিষ্ট তালিকায়। তবে সংশ্লিষ্টদের দাবি, তদন্তে নাম আসা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়; স্বচ্ছ আইনি ও বিভাগীয় প্রক্রিয়াই নির্ধারণ করবে প্রকৃত সত্য।

দুদকের জালে মেগা দুর্নীতির রুই-কাতলারা

বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি বিষয়টি এখন দুদক বা দুর্নীতি দমন কমিশনের নখদর্পণে রয়েছে। তদন্ত কমিটির প্রধান ও সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন জানিয়েছেন, পুরো প্রতিবেদনটি ইতোমধ্যে দুদকে পাঠানো হয়েছে। ফলে অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেরই বিদেশযাত্রার চেষ্টা ও তদবিরের গুঞ্জন ডিপিডিসি চত্বরে এখন টক অব দ্য টাউন। 

এ বিষয়ে বক্তব্য জানতে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হাবিবুন নাহার ও অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী রবিউল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিশ্লেষকদের মতে, ২২ হাজার কোটি টাকার মতো জনস্বার্থের মেগা প্রকল্পে এমন ছিনিমিনি খেলা কোনোভাবেই সাধারণ অনিয়ম হিসেবে দেখার সুযোগ নেই। চুক্তি লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের এই মহোৎসবের সুনির্দিষ্ট ও নিরপেক্ষ আইনি পরিণতি নিশ্চিত না হলে রাষ্ট্রের এই বিশাল আর্থিক ক্ষত কখনও শুকোবে না। পাশাপাশি কোনো নির্দোষ কর্মকর্তা যাতে হয়রানির শিকার না হন, সেটির ন্যায়সঙ্গত সুরাহাও সমানভাবে জরুরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা