জোসনা জামান
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১২:২২ পিএম
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে।
ভবিষ্যতে অর্থনীতি ও শিল্পের সম্প্রসারণের সঙ্গে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। এই বাস্তবতায় আগামী পাঁচ বছরের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি কৌশলগত রোডম্যাপ তৈরি করেছে সরকার।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রণীত পঞ্চবার্ষিক স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে জ্বালানি খাতের জন্য মোট ২৮ ধরনের উদ্যোগের কথা বলা হয়েছে। এতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানির উৎস বহুমুখীকরণ, সৌর ও বায়ুবিদ্যুতের সম্প্রসারণ, পারমাণবিক বিদ্যুৎ এবং বিদ্যুৎ খাতের ভর্তুকি ও ট্যারিফ কাঠামো সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ফ্রেমওয়ার্ক তৈরির দায়িত্বে থাকা জিইডির সদস্য ড. মঞ্জুর হোসেনের মতে, অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে। এ লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহকে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
স্বাধীনতার পর দেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। ১৯৭১ সালে গ্রিডভিত্তিক স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিল প্রায় ৫০০ মেগাওয়াট। ২০২৬ সালের মে মাসে তা বেড়ে ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াটে পৌঁছেছে। একই সময়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৭ হাজার ৬১১ মেগাওয়াট। তবে উৎপাদন সক্ষমতা বাড়লেও নির্ভরযোগ্য সরবরাহ, জ্বালানির প্রাপ্যতা ও ব্যবস্থাপনার দুর্বলতা এখনও বড় চ্যালেঞ্জ।
অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে ক্যাপাসিটি পেমেন্টও বিদ্যুৎ খাতের ওপর বড় আর্থিক বোঝা তৈরি করেছে। বর্তমানে এ খাতে বছরে প্রায় ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। রোডম্যাপে এই চাপ কমাতে শিল্পায়ন ত্বরান্বিত করা, বিদ্যুতের চাহিদা দক্ষভাবে ব্যবস্থাপনা এবং কম খরচের জ্বালানি উৎসের ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে।
জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশ ধরে এবং ১৫ শতাংশ রিজার্ভ মার্জিন বিবেচনায় আগামী পাঁচ বছরে বিদ্যুতের চাহিদা ২৫ হাজার ৭১৪ মেগাওয়াট হতে পারে বলে হিসাব করা হয়েছে। দীর্ঘমেয়াদে ২০৫০ সালের মধ্যে এই চাহিদা ৬০ হাজার মেগাওয়াটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে শুধু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নয়, জ্বালানি সরবরাহ ও সঞ্চালন অবকাঠামোও সমন্বিতভাবে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশীয় জ্বালানির উৎস বাড়াতে স্থলভাগ ও সমুদ্রভাগে নতুন গ্যাস অনুসন্ধানের ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানিকৃত এলএনজির উৎস বহুমুখীকরণের প্রস্তাব রয়েছে। বর্তমানে এলএনজি আমদানি অবকাঠামো অনেকটাই মহেশখালীকেন্দ্রিক হওয়ায় ভৌগোলিক ঝুঁকি রয়েছে। এ ঝুঁকি কমাতে খুলনা ও বরিশাল অঞ্চলে দুটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
ভোলার গ্যাস সম্পদ ব্যবহারের জন্য সেখানে প্রায় ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও এসেছে। পাশাপাশি বেদুরিয়া বা ইলিশা থেকে খুলনা পাওয়ার হাবে গ্যাস পরিবহনের সম্ভাব্যতা বিবেচনা করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানিকে রোডম্যাপের অন্যতম প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে গ্রিড-সংযুক্ত ও ছাদভিত্তিক মিলিয়ে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বৃহৎ গ্রিড-সংযুক্ত সৌর প্রকল্প ৩ থেকে ৪ হাজার মেগাওয়াটের মধ্যে সীমিত রাখার প্রস্তাব রয়েছে। সৌরবিদ্যুতের অনিয়মিত উৎপাদন সামাল দিতে মোট সৌর সক্ষমতার ২০ শতাংশ পর্যন্ত ব্যাটারি এনার্জি স্টোরেজ গড়ে তোলার কথাও বলা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে বায়ুশক্তি উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে। নতুন উইন্ড টারবাইন স্থাপনের মাধ্যমে প্রায় ৪ হাজার মেগাওয়াট পর্যন্ত সক্ষমতা অর্জনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারি অফিস, স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পাশাপাশি শিল্প কারখানায় এ ধরনের প্রকল্পে কর সুবিধা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমাতে ট্যারিফ কাঠামো সংস্কারের কথা বলা হয়েছে। প্রকৃত উৎপাদন ব্যয়ের সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয়, অফ-পিক সময়ে বিদ্যুৎ ব্যবহার উৎসাহিত করা এবং উচ্চ চাহিদার সময়ে ট্যারিফ ব্যবস্থাপনার প্রস্তাব রয়েছে। এসি ব্যবহারকারী গ্রাহকদের ভর্তুকি পুনর্বিবেচনার বিষয়টিও পরিকল্পনায় এসেছে।
বর্তমানে বার্ষিক জ্বালানি আমদানি বিল ১৩ থেকে ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির ওপর চাপ বাড়ছে। নতুন পাঁচ বছরের রোডম্যাপ তাই আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সঞ্চালন অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি উৎস বহুমুখীকরণের ওপর জোর দিয়েছে।
নীতিনির্ধারকদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া। কারণ জ্বালানি নিরাপত্তা শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয় নয়; এর সঙ্গে জড়িত বৈদেশিক মুদ্রা, শিল্পের প্রতিযোগিতা, মূল্যস্ফীতি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা। আগামী পাঁচ বছরে রোডম্যাপের উদ্যোগগুলো কতটা বাস্তবায়ন করা যায়, তার ওপরই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে।