× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ জেলা এখনও মন্ত্রী-প্রতিমন্ত্রীশূন্য

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১০:৫৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ১৮০ দিন পেরোনোর পর নতুন চার মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হলেও মন্ত্রিসভায় আঞ্চলিক প্রতিনিধিত্বের ঘাটতি কাটেনি। গ্রাফিক্স: এআই

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ১৮০ দিন পেরোনোর পর নতুন চার মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হলেও মন্ত্রিসভায় আঞ্চলিক প্রতিনিধিত্বের ঘাটতি কাটেনি। গ্রাফিক্স: এআই

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ১৮০ দিন পেরোনোর পর নতুন চার মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হলেও মন্ত্রিসভায় আঞ্চলিক প্রতিনিধিত্বের ঘাটতি কাটেনি। দেশের ৬৪টি জেলার মধ্যে ২৭ জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী স্থান পাননি সম্প্রসারিত এই মন্ত্রিসভায়।

ফলে সরকারে আঞ্চলিক প্রতিনিধিত্ব, উন্নয়নের সমবণ্টন ও বিভিন্ন অঞ্চলের মানুষের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা রয়ে গেছে এখনও।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করে সরকার। সেদিন দেশের ২৫টি জেলা শূন্য রেখেই গঠন করা হয়েছিল মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভা থেকে একজনকে জাতীয় সংসদের স্পিকার ও একজনকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। স্পিকারের শপথের দিনেই মন্ত্রিসভায় যুক্ত হন একজন পূর্ণ মন্ত্রী। বলা হয়েছিল, সরকারের ১৮০ দিনের কার্যক্রম বিবেচনায় নিয়ে মন্ত্রিসভায় করা হবে রদবদল। সে হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

নতুন যুক্ত হওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে তাদের জেলাগুলোও যুক্ত হয় মন্ত্রিসভায়। এর মধ্যে ভোলা থেকে আন্দালিভ রহমান পার্থ, বান্দরবান থেকে সাচিং প্রু জেরী ও গাইবান্ধা থেকে শামীম কায়সার লিংকন যুক্ত হন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও থেকে আর কেউ থাকল না মন্ত্রিসভায়। নতুন রদবদলে মন্ত্রিসভায় নরসিংদীর একজন পূর্ণমন্ত্রী থাকার পরও যুক্ত হলেন আরেকজন। রশিদুজ্জামান মিল্লাতের পদোন্নতি হয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন। উপদেষ্টা থেকে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির।

মন্ত্রিসভার সর্বশেষ তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী, বড় জেলা খুলনা ও আওয়ামী লীগের আধিপত্য থাকা জেলাগুলো থেকে মন্ত্রিসভায় কেউ স্থান পাননি। কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গাÑ এই ৮ জেলার ৩৪টি আসনের মধ্যে মাত্র দুটি আসনে জয়লাভ করেছে বিএনপি। গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন স্থান পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।

গত ৯ আগস্ট রংপুরে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, রংপুরের মানুষ রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া; কারণ তারা সঠিক দল নির্বাচন করে নাÑ কখনও জাতীয় পার্টি আবার কখনও জামায়াতকে সমর্থন দেয়, যার ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়। ১১ আগস্ট রাতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে জামায়াতের ১১ এমপি এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, কাকে ভোট দেবেন তা জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক পছন্দের সঙ্গে অঞ্চলের উন্নয়নকে শর্তযুক্ত করা বা মেলানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।

বাস্তবতা হচ্ছে, যেসব নির্বাচনী এলাকায় মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকেন না, সেখানে উন্নয়ন কর্মকাণ্ড একটু কমই হয়। আবার প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের এলাকা প্রকল্পের ক্ষেত্রে গুরুত্ব পেয়ে থাকে বেশি। শেখ হাসিনার শাসনামলে গোপালগঞ্জ ও খুলনা অঞ্চলে অপেক্ষাকৃত উন্নয়ন হয়েছে বেশি। প্রয়োজনীয় নয়Ñ এমন প্রকল্প নেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্বাচনী এলাকাতেও। চার মন্ত্রী ও এক সচিবের দাপটে প্রয়োজনের অতিরিক্ত উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল জামালপুরেও।

এবারও মন্ত্রিসভায় স্থান পায়নি বিএনপির ঘাঁটি নোয়াখালীর কোনো সংসদ সদস্য। অথচ এখানে ৪-৫ বারের নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দলেও। তারা বিগত সময়ে সরকার ও বিরোধী দলে থাকার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একইভাবে আওয়ামী লীগের আধিপত্য থাকা জেলা গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল থেকেও কেউ মন্ত্রী-প্রতিমন্ত্রী হননি। তবে ফরিদপুর থেকে শামা ওবায়েদ ও রাজবাড়ী থেকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে করা হয়েছে প্রতিমন্ত্রী। সর্বশেষ সম্প্রসারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদের পাশাপাশি হুমায়ুন কবিরও দায়িত্ব পালন করবেন।

নানা বিতর্কিত মন্তব্যের পরও তিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল রয়েছেন ঢাকা-১০ থেকে নির্বাচিত শেখ রবিউল আলম। এ মহানগরীতে আরও চারজন প্রতিমন্ত্রী হলেও ঢাকার পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার কেউ স্থান পাননি মন্ত্রিসভায়। নারায়ণগঞ্জের পাঁচটির মধ্যে চারটি ও গাজীপুরে চারটি আসনে বিএনপির সংসদ সদস্য রয়েছে।

রংপুর বিভাগে বিএনপি তুলনামূলক কম আসন পেলেও মন্ত্রিসভায় এ বিভাগের প্রতিনিধিত্ব বেশি। দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড় থেকেও মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়েছেন। রাজশাহী বিভাগে ৩৯টির মধ্যে ২৮টি আসনে জয় পেয়েছে বিএনপি। সিরাজগঞ্জের ইকবাল হাসান মাহমুদ ও রাজশাহীর মিজানুর রহমান মিনু হয়েছেন পূর্ণ মন্ত্রী। এছাড়া বগুড়া, নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন চারজন।

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে রয়েছে বিএনপির সংসদ সদস্য। এ জেলা থেকে তিনজন পূর্ণ মন্ত্রীও হয়েছেন। জাকারিয়া তাহের সুমন, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ছাড়াও টেকনোক্র্যাট কোটায় মোহাম্মদ আমিন উর রশীদকে মন্ত্রী করা হয়েছে। চাঁদপুর থেকে আ ন ম এহসানুল হক মিলন বিতর্কের পরও শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন বহাল।

আঞ্চলিক প্রতিনিধিত্বের ঘাটতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভা সরকারের নীতিনির্ধারণের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় কোনো একটি অঞ্চল দীর্ঘ সময় প্রতিনিধিত্বহীন থাকলে স্থানীয় মানুষের প্রত্যাশা, দাবি ও সমস্যা, নীতিনির্ধারণের টেবিলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে কি নাÑ সেই প্রশ্ন ওঠে। বিশেষ করে নদীভাঙন, সীমান্ত, দারিদ্র্য, কৃষি, জলবায়ু ঝুঁকি, শিল্পায়ন ও অবকাঠামোগত পশ্চাৎপদতার মতো অঞ্চলভিত্তিক সমস্যার ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলা একসঙ্গে মন্ত্রিসভার বাইরে থাকায় এ প্রশ্ন সামনে এসেছে আরও বেশি।

আঞ্চলিক ভারসাম্য শুধু রাজনৈতিক পদ বণ্টনের বিষয় নয়, এটি সরকারের অন্তর্ভুক্তিমূলক চরিত্রের সঙ্গেও যুক্ত। নির্বাচনে যেসব জেলার মানুষ সরকার গঠনে ভূমিকা রেখেছেন, তাদের প্রতিনিধিদের মধ্য থেকে মন্ত্রিসভায় কাউকে না রাখা হলে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রতিনিধিত্বের অনুভূতিতে ঘাটতি তৈরি হতে পারে। বিশেষ করে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে একাধিক সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিসভায় তাদের অনুপস্থিতি আলাদা করে নজরে পড়ছে।

মন্ত্রিসভায় সব জেলার প্রতিনিধিত্ব সাংবিধানিকভাবে বাধ্যতামূলক না হলেও দেশের সব অঞ্চলের মানুষের কাছে সরকারকে সমানভাবে প্রতিনিধিত্বশীল হিসেবে তুলে ধরে। উন্নয়ন পরিকল্পনা, সরকারি বিনিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তে আঞ্চলিক বৈষম্য না রাখার পাশাপাশি রাজনৈতিক প্রতিনিধিত্বের এই ঘাটতি কীভাবে পূরণ করা হবেÑ সেটিই সামনে বড় প্রশ্ন হয়ে থাকছে।

মন্ত্রিসভায় কোনো জেলার প্রতিনিধি না থাকা মানেই ওই জেলা উন্নয়ন থেকে বঞ্চিত হবেÑ এমন সরাসরি সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সাবেক সচিব একেএম আব্দুল আউয়াল মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় কাকে নেবেন আর কাকে নেবেন নাÑ সেটা একান্তই তার ব্যক্তিগত পছন্দের বিষয়। বিএনপির আগের আমলেও কুমিল্লায় তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী হয়তো তাদের যোগ্য মনে করেছেন। আবার ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকালে দেখা যাবে পুরোটাই চট্টগ্রামের। 

তিনি আরও বলেন, উন্নয়ন বরাদ্দ প্রশাসনিক ও জাতীয় পরিকল্পনার ভিত্তিতে হওয়ার কথা। একইভাবে কোনো মন্ত্রী নিজ জেলার জন্য সরকারি প্রকল্প নিশ্চিত করবেনÑ এমন ব্যবস্থাও রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও এর আগে এমন অনেক নজির রয়েছে। তবে সেটা সুশাসন নয় বলে তিনি মনে করেন। তিনি প্রত্যাশা করেন, সম্প্রসারিত মন্ত্রিসভা দেশের উন্নয়নে সমতাভিত্তিক সিদ্ধান্ত নিয়ে ভূমিকা রাখবে। 

যে ২৭ জেলায় কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই

নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, শেরপুর ও নেত্রকোণা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা