× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন্ত্রিসভার সম্প্রসারণ: নানা মুনির নানা মত

দীপক দেব

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১০:২০ এএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১০:২১ এএম

মন্ত্রিসভা গঠনের ছয় মাসের মাথায় তা সম্প্রসারণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মন্ত্রিসভা গঠনের ছয় মাসের মাথায় তা সম্প্রসারণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মন্ত্রিসভা গঠনের ছয় মাসের মাথায় তা সম্প্রসারণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কেবিনেটে যুক্ত হলো আরও চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।

গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতিই তাদের শপথ পড়ান।

সরকার গঠনের ছয় মাসের মাথায় এসে মন্ত্রিসভার এই সম্প্রসারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে সরকারের ‘গতি বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করছেন; আবার কেউ কেউ বলছেন, কী কারণে কোন মানদণ্ডে মন্ত্রিসভায় নতুন সদস্যদের যুক্ত করা হলো তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। কারও কারও মতে, বৈশ্বিক ও অর্থনৈতিক এই সংকটের সময় মন্ত্রিসভার আকার না বাড়িয়ে ছোট করলেই বরং ভালো হতো। তবে সরকারের এই পদক্ষেপ কাজের গতি বাড়ানোর কারণেই করা হয়েছে বলে দাবি করছেন মন্ত্রিসভার সদস্যরা। 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় ১৭ বছর পর ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বই জ্বালানি সংকটে পড়েছে। বাংলাদেশেও পড়েছে এর সরাসরি প্রভাব। এই অবস্থায় বিএনপির সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার আরও বাড়ল। নতুন করে তিনজন মন্ত্রীর পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী যুক্ত হলো মন্ত্রিসভায়। পদোন্নতি পেয়ে মন্ত্রী হলেন একজন প্রতিমন্ত্রী। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এর আগে প্রথম মন্ত্রিসভা গঠনের সময় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এর মধ্যে প্রতিমন্ত্রীদের মধ্যে কায়সার কামাল গত মার্চে ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। আর ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদও শূন্য হয়। ফলে নতুনদের নিয়ে তারেক রহমানের সরকারের আকার দাঁড়াল ৫২ জনে। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

তীব্র সমালোচনা করলেন অধ্যাপক দিলারা চৌধুরী

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে মন্ত্রিসভার আকার বাড়ানোর তীব্র সমালোচনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যখন দেশে জ্বালানি সংকট, লোডশেডিং এবং মুদ্রাস্ফীতির মতো গুরুতর সমস্যা বিদ্যমান, তখন সরকারের উচিত ছিল মন্ত্রিসভার আয়তন ছোট করে প্রশাসনিক ব্যয় কমানো। বড় একটি মন্ত্রিসভা ও অসংখ্য উপদেষ্টা নিয়োগকে তিনি বর্তমান পরিস্থিতির জন্য অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, অদক্ষ বা বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব না দিয়ে বরং একটি ছোট ও দক্ষ প্রতিনিধিদলের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করা উচিত ছিল। এই বিশাল মন্ত্রিসভা দেশের বিদ্যমান সমস্যা নিরসনে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে, সে বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

বর্তমান মন্ত্রীদের কাজের মূল্যায়নও জরুরি: ড. সাব্বির

মন্ত্রিসভার সম্প্রসারণ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মন্ত্রি নির্বাচনের জন্য কোনো প্রাতিষ্ঠানিক বাছাই পদ্ধতি না থাকায় উনি (তারেক রহমান) যাদের নিয়োগ দিচ্ছেন, তাদের হয়তো তিনি সঠিকভাবে যাচাই-বাচাই করতে পারেননি। আবার দলের দিক থেকেও অনেক ধরনের চাপ থাকে। মন্ত্রী নির্বাচিত করতে গিয়ে এসব বিবেচনায় নিতে হয়। এমন হতে পারে যে, আগামী ছয় মাস পর আবার হয়তো এটার পুনর্গঠন হবে। তবে বর্তমান মন্ত্রিদের কাজের মূল্যায়নও খুব জরুরি। আবার সঠিক লোকটা সঠিক জায়গায় গেলেন কি না বা পারবেন কি নাÑ সেই মূল্যায়নটাও জরুরি।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, কারণ বিষয়গুলো বোঝা যাচ্ছে না। কখন কাকে কেন মন্ত্রী বানাচ্ছেন, এটা স্পষ্ট হচ্ছে না। যেমন ড. মঈন খানকে কেন স্থানীয় সরকারে নিয়ে আসা হলো? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আবার শামা ওবায়েদকে উনি কেন প্রতিমন্ত্রী বানিয়েছিলেন? ওটাও অপরিষ্কার। এগুলোও পরিষ্কার হওয়ার দরকার আছে।

স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া: ড. মঈন খান

এদিকে শপথ নেওয়ার পর গতকাল শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন।’ তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং একটি গতিশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে মঈন খান বলেন, ‘ছয় মাস আগে প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সময়ের প্রয়োজনে তাতে সংযোজন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া।’ দেশের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সম্পর্কে প্রধানমন্ত্রী সম্পূর্ণ অবহিত উল্লেখ করে তিনি বলেন, ‘এসব সমস্যা দূর করে রাষ্ট্রকে আরও গতিশীল করা এবং বিশ্বদরবারে দেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’

গতি বেগবান করতেই দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

অন্যদিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

শুধু পরিবর্তন আনলেই হবে না: একেএম আব্দুল আওয়াল মজুমদার

এ প্রসঙ্গে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব একেএম আব্দুল আওয়াল মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত করেছেন বলে মনে হচ্ছে।’ তার মতে, মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীনদের সমন্বয় থাকলে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে গতি বাড়ার সুযোগ থাকে। আব্দুল আওয়াল মজুমদার বলেন, ‘নব্বইয়ের দশকে বিএনপি সরকারের সময়ও মন্ত্রিসভায় পর্যায়ক্রমে পরিবর্তন আনা হয়েছিল। শুরুতে কয়েক মাস পর অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছিল। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় নতুন ও অভিজ্ঞদের সমন্বয় করেছেন।’ 

তবে শুধু মন্ত্রিসভায় পরিবর্তন আনলেই হবে না উল্লেখ করে এই সাবেক সচিব বলেন, নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীদের কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং মাঠপর্যায়ে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরও সরকারের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা