বর্তমানে গ্যাসের অভাবে আগুন জ্বলছে না কারখানার বয়লারে। আর বয়লার বন্ধ মানেই শুধু একটি যন্ত্রের থেমে থাকা নয়Ñ এর সঙ্গে থমকে গেছে কাপড় ধোয়া, রঙ করা, শুকানো ও ফিনিশিংয়ের মতো গুরুত্বপূর্ণ উৎপাদন প্রক্রিয়া। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
‘আমাদের কারখানায় বয়লার আছে পাঁচটি। কিন্তু গ্যাস সংকটের কারণে এখন কোনো দিন একটা, কোনো দিন দুইটা বয়লার চালু রাখতে পারছি।’ বলছিলেন ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড জেনারেল ম্যানেজার এএম আলমগীর।
গ্যাস সংকটের মধ্যে তাদের কারখানার অবস্থা কেমন দাঁড়িয়েছে, জানতে চাইলে প্রতিদিনের বাংলাদেশকে তিনি জানান, ‘চাহিদা মতো গ্যাস সরবরাহ না পাওয়ায় এই মাসের শুরুতে (১ আগস্ট থেকে ৭ আগস্ট) সাত দিন কারখানা সাময়িক বন্ধ রেখেছিলাম। গত ৭ আগস্ট সীমিত পরিসরে কারখানায় উৎপাদন চালু করলেও এখনও আমরা চাহিদা মতো গ্যাস পাচ্ছি না। গ্যাস না পাওয়ায় এখন ৫টি বয়লারের মধ্যে কোনো দিন একটা, আবার কোনোদিন দুইটা চালু রাখতে পারছি।’
শুধু ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নয়, গ্যাস সংকটে এখন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার অধিকাংশ তৈরি পোশাক কারখানার অবস্থা এমন। অবশ্য গতকাল শনিবার থেকে সংশ্লিষ্টরা একটু হলেও পরিস্থিতি উন্নয়নের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। কারণ এলএনজি কার্গোর অভাবে গত বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গতকাল দুপুর আড়াইটার দিকে গ্যাস সরবরাহ চালু করেছে।
থেমে আছে উৎপাদন
বর্তমানে গ্যাসের অভাবে আগুন জ্বলছে না কারখানার বয়লারে। আর বয়লার বন্ধ মানেই শুধু একটি যন্ত্রের থেমে থাকা নয়Ñ এর সঙ্গে থমকে গেছে কাপড় ধোয়া, রঙ করা, শুকানো ও ফিনিশিংয়ের মতো গুরুত্বপূর্ণ উৎপাদন প্রক্রিয়া। ফলে তৈরি পোশাকের অর্ডার থাকলেও নির্ধারিত সময়ে পণ্য প্রস্তুত করতে পারছেন না উদ্যোক্তারা। বিলম্বিত হচ্ছে তৈরি পোশাক রপ্তানির শিপমেন্ট।
কম গ্যাস সরবরাহের পাশাপাশি অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে একদিকে কারখানাগুলোতে কমছে উৎপাদন, অন্যদিকে শ্রমিক, মেশিন, ভবন, ঋণের সুদ ও অন্যান্য স্থায়ী ব্যয় বহাল থাকায় লোকসানের মুখে পড়ছেন কারখানা মালিকরা। গ্যাস সংকটের কারণে চলতি মাসে চট্টগ্রামে অন্তত ৩টি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজিএমইএ পরিচালক মো সাইফুল্লাহ মনসুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কারখানাগুলো এখন শুধু গ্যাস সংকটে ভুগছে এমন না। বিদ্যুৎ ঘাটতিও আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি। আগে যেখানে দিনে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং হতো, সেখানে এখন লোডশেডিং হয় ৪ থেকে ৫ ঘণ্টা। লোডশেডিং বেড়ে যাওয়ায় এখন আমাদের বিদ্যুতের পেছনেও খরচ বেড়েছে। জেনারেটর চালিয়ে আমাদের কারখানায় উৎপাদন চালু রাখতে হচ্ছে।’ তিনি বলেন, ‘গ্যাস সংকট বেড়ে যাওয়ায় এখন আমরা কিছু বিদ্যুৎ চালিত আয়রন মেশিন লাগিয়ে উৎপাদন চালু রাখার চেষ্টা করছি। তবে ডেনিম এবং ডায়িং কারখানাগুলো সেটি পারছে না। গ্যাস ছাড়া ওদের উৎপাদন চালিয়ে যাওয়া অনেক কষ্টকর।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্যাস সংকটের কারণে শুধু উৎপাদন কমছে এমন না, কাজ শেষ করতে না পারার কারণে আমরা নির্ধারিত সময়ে অর্ডার শিপমেন্টও করতে পারছি না। গ্যাস, বিদ্যুৎ সংকটে কারখানাগুলোতে এখন ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন কমছে।’
দেশে দৈনিক গ্যাসের মোট চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। এর মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ ও প্রাপ্তি সাধারণত ২ হাজার ৪০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুটের মধ্যে সীমাবদ্ধ থাকেÑ যার অর্ধেকের কাছাকাছি সরবরাহ করা হয় বিদেশ থেকে এলএনজি আমদানি করে।
আমদানি করা এই গ্যাস কক্সবাজারের মহেশখালীতে স্থাপন করা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয়। এর একটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। অন্যটি পরিচালনা করে দেশীয় সামিট গ্রুপ।
এক্সিলারেট এনার্জির টার্মিনালটির দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে দেশিয় সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল থেকে দৈনিক সরবরাহ করা হয় ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ঘনফুট। সম্প্রতি এই দুটি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক দিন পর পরই বন্ধ থাকছে গ্যাস সরবরাহ। তবে গতকাল শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে; যদিও এখনই সক্ষমতার পুরোটা পাওয়া যাচ্ছে না। আজ রবিবার থেকে সরবরাহ সক্ষমতার পুরোটা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দিনের পর দিন গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন সক্ষমতার তুলনায় অর্ধেকেরও কম কাজ হচ্ছে, কোথাও আবার পুরো শিফটই বন্ধ রাখতে হচ্ছে। তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, তৈরি পোশাক শিল্পে সময়মতো পণ্য সরবরাহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। বিদেশি ক্রেতারা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহের ওপর চুক্তি করেন। ডাইং-ফিনিশিংয়ে বিলম্ব পণ্য উৎপাদন এবং শিপমেন্টের সময়সূচিতে বড় ধরনের প্রভাব ফেলে। তারা জানান, সময় মতো অর্ডার শিপমেন্ট না করার সবচেয়ে বড় ঝুঁকি হলো ক্রেতার আস্থা কমে যাওয়া এবং ভবিষ্যৎ অর্ডার অন্য দেশে চলে যাওয়া।
এ সম্পর্কে জানতে চাইলে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু তৈয়ব বলেন, ‘অর্ডার দেওয়ার সময় বিদেশি ক্রেতারা আমাদের জিজ্ঞেস করছেন, আমরা ঠিক সময়ে পণ্য ডেলিভারি দিতে পারব কি না। আমরা পারব বলে আশ্বস্ত করে অর্ডার নিচ্ছি।’
তিনি বলেন, ‘কিন্তু এভাবে গ্যাস, জ্বালানি সংকট তো লুকিয়ে রাখা সম্ভব না। বিদেশি ক্রেতারা দেশের এই সংকটের বিষয়ে অবগত আছেন। নির্ধারিত সময়ে তাদের পণ্য ডেলিভারি দিতে না পারলে তখন আমাদের প্রতি তাদের আস্থা সেইভাবে থাকবে না। তখন ভবিষ্যৎ অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা আছে। তাই সরকারকে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বাড়িয়ে সংকট মোকাবিলা করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।’
চালু হয়েছে এক্সিলারেট এনার্জি টার্মিনাল, বাড়বে গ্যাস সরবরাহ
তবে এর মধ্যে কিছুটা আশার আলো সঞ্চারিত হয়েছে। এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে গ্যাস সরবরাহ চালু হয়েছে। টার্মিনালটিতে এলএনজি সরবরাহকারী জাহাজটি পৌঁছানোর কথা ছিল রবিবার। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় আজ থেকেই টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে। সরবরাহ চালু হওয়ার পর শুরুতে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও রাত ১২টা নাগাদ সেটি ৩০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। তখন দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৮৭০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হওয়ায় এই গ্যাস সংকট কমে আসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা জানিয়েছেন, এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় শিল্প কারখানার গ্যাস সংকট কমে আসবে। দুটি টার্মিনালের সক্ষমতা দৈনিক ১১০০ মিলিয়ন ঘনফুট। কাল থেকে যদি সেই পরিমাণ গ্যাস সরবরাহ পাওয়া যায় তাহলে কারখানায় গ্যাস সরবরাহ অনেক বাড়বে। সম্প্রতি গ্যাসের যে সংকট তৈরি হয়েছে সেটিও কেটে যাবে।