× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উল্টোরথে স্বাস্থ্য খাত

জোসনা জামান

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ০৮:০৭ এএম

সেই সঙ্গে আগামী তিন অর্থবছরে এ খাতে সরকারি বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৫৬৪ কোটি টাকা। কিন্তু খরচে দেখা দিয়েছে শঙ্কা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সেই সঙ্গে আগামী তিন অর্থবছরে এ খাতে সরকারি বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৫৬৪ কোটি টাকা। কিন্তু খরচে দেখা দিয়েছে শঙ্কা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক গুরুত্ব দিচ্ছে সরকার। নির্বাচনী ইশতেহারের এ-সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে স্বাস্থ্য খাতে বাড়ানো হচ্ছে বরাদ্দ। চলতি অর্থবছরে বরাদ্দ বেড়ে হয়েছে ১১ হাজার ৯৬৫ কোটি টাকা (থোক ছাড়া)।

সেই সঙ্গে আগামী তিন অর্থবছরে এ খাতে সরকারি বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৫৬৪ কোটি টাকা। কিন্তু খরচে দেখা দিয়েছে শঙ্কা।

কেননা সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের স্বাস্থ্যসেবা বিভাগে ৩ হাজার ১২৮ কোটি টাকার বিপরীতে খরচ হয়েছে মাত্র ৯৭৪ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১ হাজার ৩৮৮ কোটি টাকার বিপরীতে খরচ হয় ৫১০ কোটি টাকা।

অথচ অর্থের অভাবে দেশের অনেক খাতেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। সে হিসাবে স্বাস্থ্য খাতের চিত্রটা একেবারে উল্টো। বছরের পর বছর ধরে বরাদ্দ অর্থের একটা বড় অংশই খরচ করতে ব্যর্থ হচ্ছে তারা। নেতিবাচক এমন অবস্থা কাটিয়ে উঠতে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানো ও যথাযথ তদারকির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্বাস্থ্য খাতে গত অর্থবছর যা বরাদ্দ ছিল তার ন্যূনতমও খরচ হয়নি। সেখানে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে অনেক। এত বিশাল বাজেট খরচের যে প্রস্তুতি দরকার সেটি নেই। বাজেটের আগেই বাস্তবায়নের প্রস্তুতি নিতে হতো। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর যদি আগে থেকে জানত যে, তারা কত বরাদ্দ পেতে যাচ্ছে, তাহলে সেভাবেই প্রস্তুতি নিতে পারত। রাত-দিন খেটে হলেও কাজ করে বাজেট বাস্তবায়ন এগিয়ে নিতে পারত। এ ছাড়া জিনিসপত্র কিনতে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়। এসব বিষয় মাথায় রাখতে হবে। সেই সঙ্গে গত সরকারের কিছু ব্যয় নিয়ে বর্তমান সরকারের মূল্যায়ন আছে। যেমনÑ অনেক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কিন্তু বাক্সই খোলা হয়নি। বাজেট অনুযায়ী কাঙ্ক্ষিত খরচ করতে পারেনি। মনে হচ্ছে, চলতি অর্থবছরেও তারা খুব বেশি বরাদ্দ খরচ করতে পারবে না।

যদিও এ বিষয়ে পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এবারই প্রথম এ রকম প্রক্ষেপণ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যুক্ত করা হয়েছে। চলতি অর্থবছরের (২০২৬-২৭) সেক্টরভিত্তিক বরাদ্দের ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাত। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫ হাজার ৫৪২ কোটি টাকা। তবে এর মধ্যে প্রকল্পভিত্তিক বরাদ্দ আছে ১১ হাজার ৯৬৫ কোটি এবং থোক হিসেবে রয়েছে প্রায় ২৩ হাজার ৫৭৭ কোটি টাকা।’ তিনি জানান, প্রক্ষেপণ অনুযায়ী আগামী অর্থবছরগুলোতে বরাদ্দ নিশ্চিত করা হবে। 

প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫(ক) অনুসারে চিকিৎসা স্বাস্থ্য জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। এ কারণেই অর্থবরাদ্দে স্বাস্থ্য খাত পেয়েছে বিশেষ গুরুত্ব।

পরিকল্পনা বিভাগের প্রক্ষেপণ

চলতি অর্থবছরের এডিপির আওতায় স্বাস্থ্য খাতে থোক বরাদ্দ ছাড়া প্রকল্পভিত্তিক বরাদ্দ ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এছাড়া ২০২৮-২৯ অর্থবছরে ১৪ হাজার ৪৭৮ কোটি এবং ২০২৯-৩০ অর্থবছরের জন্য ১৫ হাজার ৯২৫ কোটি টাকার বরাদ্দ ধরা হয়েছে। 

স্বাস্থ্য খাতে কৌশলগত উদ্দেশ্য

স্বাস্থ্য খাতকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করার জন্য কৌশলগত উদ্দেশ্যগুলোকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এতে একদিকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে একটি সমন্বিত ও কার্যকর কৌশলকে প্রাধান্য দেওয়া হয়েছে। অপরদিকে সর্বজনীন স্বাস্থ্যসেবাকে গুরুত্বারোপ করা হয়েছে। ডাক্তার, নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক, মেডিকেল টেকনোলজিস্ট ও কমিউনিটি হেলথ ওয়ার্কারসহ সব স্বাস্থ্যকর্মীর দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বৈশ্বিক চলমান ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্য খাতের তথ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কৌশলগুলো হলোÑ প্রথমত, মানসম্পন্ন, ন্যায়সঙ্গত এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। দ্বিতীয়ত, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। তৃতীয়ত, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম আধুনিকায়ন, সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়ন। এবং চতুর্থত, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

চলতি অর্থবছরের উল্লেখযোগ্য কার্যক্রম

২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে স্বাস্থ্য খাতের চলমান প্রকল্পগুলোর অধীনে নেওয়া কার্যক্রমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ ২০২৪ সালের জুন মাসে সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় সারা দেশে অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী ও প্রজনন স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রেখে এই অধিদপ্তরের কার্যাবলি গতিশীল রাখা। পাশাপাশি সেক্টর কর্মসূচি থেকে বের হওয়ার জন্য নতুন কর্মকৌশল গ্রহণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্প নেওয়া হচ্ছে। 

এছাড়া চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতাভুক্ত অত্যাবশ্যকীয় কার্যক্রমসমূহ কার্যকরভাবে সম্পন্ন করে দপ্তরগুলোর নিয়মিত কাজের অংশ হিসেবে মূলধারায় অন্তর্ভুক্ত করতে ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন’ নামের প্রকল্প নেওয়া হবে। 

এছাড়া প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবার গুণগত সম্প্রসারণ, দক্ষতা ও সমতা বাড়ানোর জন্য জলবায়ু সহনশীল ব্যবস্থা ও পরিচালন কাঠামোকে শক্তিশালী করাতে ‘ক্লাইমেট রেসপনসিভ রিপ্রডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেংদেনিং প্রজেক্ট ফর রেজাল্ট’ নামের প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া নার্সিংয়ে উচ্চশিক্ষার মান উন্নত করে এবং পিএইচডি ইন নার্সিং প্রোগ্রাম প্রতিষ্ঠা ও পরিচালনা করে মানসম্পন্ন নার্সিং পেশাদার তৈরি করা হবে। পাশাপাশি নার্সিং অনুষদের শিক্ষাদান ও গবেষণা ক্ষমতা জোরদার এবং পরিবেশ উন্নত করতে আরও একটি প্রকল্প নেওয়া হয়েছে। 

এ ছাড়াও রংপুর ও ঢাকাকেন্দ্রিক হাসপাতালগুলোর ওপর রোগীর অতিরিক্ত চাপ কমাতে আধুনিক, বিশেষায়িত এক হাজার শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলের জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এজন্য নীলফামারীতে ‘চীন সরকারের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা’ প্রকল্প নেওয়া হচ্ছে। শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে, ‘হাব-স্পোক’ নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে নগর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রগুলো সংযুক্ত করতে প্রকল্প নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে খরচের চিত্র

গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বাস্থ্যসেবা বিভাগের ১৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় ৩ হাজার ১২৮ কোটি ৪১ লাখ টাকা। কিন্তু অর্থবছর শেষে খরচ হয়েছে ৯৭৪ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বরাদ্দের মাত্র ৩১ দশমিক ১৫ শতাংশ। ফলে খরচ করা যায়নি ২ হাজার ১৫৩ কোটি ৯১ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৬টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ১ হাজার ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা। অর্থবছর শেষে খরচ হয়েছে ৫১০ কোটি ৩ হাজার টাকা, যা মোট বরাদ্দের ৩৬ দশমিক ৭২ শতাংশ। ফলে খরচ করা যায়নি ৮৭৮ কোটি ৮৮ লাখ টাকা। 

এদিকে ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগের সংশোধিত এডিপিতে ১৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৫ হাজার ৬৭৩ কোটি ৫১ লাখ টাকা। অর্থবছর শেষে খরচ হয়েছিল ১ হাজার ২৩০ কোটি ৬৬ লাখ টাকা, যা মোট বরাদ্দের ২১ দশমিক ৬৯ শতাংশ। ফলে খরচ করা যায়নি ৪ হাজার ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৫টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ২ হাজার ২৮৩ কোটি ১৬ লাখ টাকা। অর্থবছর শেষে খরচ হয়েছিল ৩৫০ কোটি ৬৩ লাখ টাকা, যা মোট বরাদ্দের ১৫ দশমিক ৩৬ শতাংশ। ফলে খরচ করা যায়নি ১ হাজার ৯৩২ কোটি ৫৩ লাখ টাকা।

কেন খরচ করা যায় না বরাদ্দ অর্থ

আইএমইডির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে নানা কারণে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও খরচ করা যাচ্ছে না। এগুলো হলোÑ প্রকল্প পরিচালকদের দক্ষতার অভাব, পূর্ণকালীন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ না দেওয়া, বাস্তবায়নের জন্য সার্বিক কোনো কর্মপরিকল্পনা না থাকা, বাস্তবায়ন মেয়াদ বৃদ্ধি, ঘন ঘন পিডি বদল করা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা। এ ছাড়া ভূমি অধিগ্রহণে সময়মতো উদ্যোগের অভাব, জটিলতা ও সময়ক্ষেপণ। আরও আছে মাসিক তথ্য নির্ধারিত সময়ে আপডেট করতে পিডির গাফিলতি এবং বাস্তবায়নের সময় প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি) ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভা অনুষ্ঠিত না হওয়া। প্রকল্প বাস্তবায়নের পর তিন চ্যালেঞ্জ হলোÑ পরিচালনা করার জন্য রাজস্ব বাজেটস্বল্পতা, সমাপ্ত প্রকল্পের ইন্টারনাল ও এক্সটার্নাল অডিট দ্রুত না করা এবং উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার সাড়ে তিন মাসের মধ্যে প্রকল্প সমাপ্তি প্রতিবেদন আইএমইডিতে না পাঠানো ইত্যাদি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা