× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোখ রাঙাচ্ছে সার

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১০:৩০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আমনের ভরা মৌসুমে মোট চাহিদার তুলনায় সরকারি বাফার স্টক বা নিরাপত্তা মজুদে নেই পর্যাপ্ত সার। এতে সংকটে পড়েছেন কৃষক, যার সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন খরচে। সংশ্লিষ্টরা বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে সার আমদানির অনুমোদন না দেওয়ায় বাজারে তৈরি হয়েছে সরবরাহের এই ঘাটতি। 

অন্যদিকে গ্যাস, জ্বালানি ও কাঁচামালের চরম সংকটের কারণে দেশের ৭টি সরকারি সার কারখানার মধ্যে ৬টিরই উৎপাদন সম্পূর্ণ বন্ধ। সারের বাস্তব সংকটের সঙ্গে মুনাফা সন্ধানীরা বাড়তি সুযোগ যুক্ত করে ৫০ কেজির প্রতি বস্তা সার কৃষকের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাম নিচ্ছে।

কৃষক ও কৃষি অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরে অতিবৃষ্টির কারণে সিলেটে বোরো ধানের মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে বৃষ্টি ও বন্যায় নষ্ট হয়েছে ৪৩টি জেলার আউশ আবাদ। বোরো ও আউশের এ ক্ষতি পুষিয়ে নেওয়ার একমাত্র উপায় ছিল আমন আবাদ। কিন্তু সারের অভাবে আমনের ফলন ব্যাহত হওয়ার পথে। এমনটি হলে দেশব্যাপী তীব্র খাদ্য সংকট তৈরি হতে পারে।

যদিও সরকারি কর্মকর্তারা বলছেন, আমনের চাহিদামতো সার রয়েছে। কোনো ধরনের সংকট নেই। ডিলাররা অসততার আশ্রয় নিয়ে বিভ্রান্ত করছে মিথ্যা তথ্য দিয়ে। যারা সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দাম নিচ্ছেন, তাদেরকে আর্থিক জরিমানার পাশাপাশি বাতিল করা হচ্ছে ডিলারপিশও।

কোন সারের মজুদ ও চাহিদা কত

কৃষি মন্ত্রণালয় প্রতিবছর সারের চাহিদা নিরূপণ করে থাকে। তাদের হিসাবে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারের মোট চাহিদা ৫৮ লাখ ৫০০ টন। তার মধ্যে ইউরিয়ার চাহিদা ২৬ লাখ ২০ হাজার টন, নন-ইউরিয়া সার যেমন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ১৪ লাখ ৮৫ হাজার, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ৭ লাখ ৫০ হাজার ও মিউরেট অব পটাশের (এমওপি) ৯ লাখ ৫০ হাজার টন। এসবের মধ্যে ১৯ আগস্ট পর্যন্ত সরকারের ভান্ডারে মজুদ রয়েছে ইউরিয়া ৫ লাখ ১৭ হাজার ৯০০ টন, টিএসপি ৩ লাখ ৪০ হাজার ৯০০ টন, ডিএপি ৩ লাখ ৩২ হাজার ৫০০ টন এবং এমওপি ১ লাখ ৫৪ হাজার ৮০০ টন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, মৌসুম বোরো, আমন ও আউশÑ এই তিন ফসলে কী পরিমাণ সারের দরকার হবেÑ সেটি নির্ধারণ করে থাকে। সে হিসাবে আমনে মোট ১৮ লাখ ৬ হাজার ৭৪৬ টন সার দরকার হয়। ১৮ আগস্ট পর্যন্ত ৮ লাখ ৩৭ হাজার ৮০৫ টন ইউরিয়ার চাহিদার বিপরীতে বিতরণ হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৮০০ টন। ২ লাখ ৪৬ হাজার ৬২৪ টন টিএসপির বিপরীতে বিতরণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০০ টন, ৪ লাখ ১৮ হাজার ৯৩৩ ডিএপির বিপরীতে বিতরণ হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩০০ টন, ৩ লাখ ৩৩৮৪ টন এমওপির বিপরীতে বিতরণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার টন। এসব হিসাবে দেখা গেছে টিএসপি ছাড়া বাকি সব ধরনের সারে চাহিদার চেয়ে মজুদ ঘাটতি রয়েছে। 

কী বলছেন সরকার ও কর্মকর্তারা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গত ১৮ আগস্ট বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় অতিরিক্ত মজুদ রয়েছে। গত বছরের তুলনায় এবার মজুদও বেশি। সারের কৃত্রিম সংকটের কথা বলে যারা বিভ্রান্তি তৈরি করছে, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। 

আবার গত ১৫ ও ১৬ আগস্ট রাজশাহী ও রংপুরে সফরকালে কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষক যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার পেতে পারেন, সে বিষয়ে কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। সারের নিরাপত্তা মজুদ কম কেন জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) আহমেদ ফয়সল ইমাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একটা সিকিউরিটি রিজার্ভের টার্গেট ঠিক করি ওই রিজার্ভটা যে সব সময় থাকতে হবে, এটা নেসেসারি না। আমরা আগস্টেই সেপ্টেম্বরের সারের বরাদ্দ দিয়ে ফেলছি। আবার প্রতি সপ্তাহে সারের জাহাজ আসতেছে, তাই যেমনি গোডাউন খালি হচ্ছে তেমনিভাবে হরদম ভরছে। আর সিকিউরিটি রিজার্ভটা এই জন্য রাখি যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা, ঝড়-জলোচ্ছ্বাসের সময় দ্বিতীয়বার সার ব্যবহার করতে হলে ঘাটতি না হয়।

তিনি বলেন, নতুন আইপি দিলে সার পৌঁছতে ১৫ দিন থেকে তিন মাস লাগে। মরক্কো থেকে আসতে দুই মাস লাগে, সৌদি আরব ও চীন থেকে আসতে ১৫ দিন। দূরের দেশ হলে তিন মাস। এসব সার ট্রাকযোগে গোডাউনগুলোতে পৌঁছানো থেকে শুরু করে কৃষক পর্যায়ে যেতে এক থেকে দেড় মাস লাগে। এই মুহূর্তে মরক্কো, সৌদি আরব, কানাডা, রাশিয়া থেকে সার আনছি। তিউনিসিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে। 

আমনের চাহিদার চেয়েও নিরাপত্তা মজুদ কম কেনÑ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা মজুদ হচ্ছে রেগুলার চাহিদার বাইরে। ধরুন, এক বছরে ডিএপি সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টন। এই ১৫ লাখের বাইরে আরও ৫ লাখ টন নিরাপত্তা মজুদ রেখেছি এজন্য যদি কোনো সময় যদি ক্রাইসিস হয়, আর তখন কোনো কারণে আন্তর্জাতিক বাজারে সমস্যা তৈরি হলে যাতে তিন মাস চলতে পারি। 

কৃষককে সার কিনতে হচ্ছে অতিরিক্ত দামে

নওগাঁয় চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে। এরই মধ্যে রোপণ শেষ হয়েছে ৮০ ভাগ জমির। জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে ইউরিয়া সার ৫০ কেজির প্রতি বস্তা ১৩৫০ টাকা, টিএসপি ১৩৫০, ডিএপি ১০৫০ ও এমওপি সার ১০০০ টাকায় বিক্রির কথা। কিন্তু বাজারে বস্তাপ্রতি ৩৫০ থেকে সাড়ে ৪০০ টাকা পর্যন্ত বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। 

দেশের বিভিন্ন এলাকায় কথা বলেছে প্রতিদিনের বাংলাদেশ। বাড়তি দাম নেওয়ার তথ্যও মিলেছে। রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার কৃষক ওয়ারিশুল ইসলাম বলেন, মুন্না ট্রেডার্স থেকে ৫ বস্তা সার কিনেছিÑ সারের দাম হিসাবে মেমো দিল ৫ হাজার ৭৫০ টাকার। আর টাকা নিল ৬ হাজার ৪০০। জমিতে সার দেওয়া দরকার তাই বেশি দামে কিনতে বাধ্য হলাম। তার অভিযোগ, টিএসপি বস্তাপ্রতি ১৬৮০ টাকা, ডিএপি ১৪০০ থেকে ১৫০০ টাকায় কিনতে হচ্ছে। 

নওগাঁর বিএডিসি সার ডিলার সভাপতি রেজাউল ইসলাম বলেন, বেশি দামে সার বিক্রির সুযোগ নেই। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান বলেন, জেলায় সারের কোনো ক্রাইসিস নেই। ডিলাররা অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

পটুয়াখালীর বাউফলের চরকালাইয়া গ্রামের কৃষক মো. আনোয়ার প্যাদা বলেন, ডিলারের দোকানে সরকারি দামে সার পাওয়া যায় না, খুচরা ব্যবসায়ীরা সংকট দেখিয়ে বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেশি দামে বিক্রি করছেন। 

জয়পুরহাটের কালাইয়ে সার সংকটে পড়েছেন কৃষকরা। ১ বস্তা টিএসপি কিনতে হচ্ছে ১৮০০ টাকায়। এতে কৃষকদের বস্তাপ্রতি ৫০০ টাকা বেশি দিতে হচ্ছে। ভুক্তভোগী রুবেল, শাহাদাত, তুহিনসহ একাধিক কৃষক জানান, সরকার নির্ধারিত দামে কোথাও সার পাওয়া যাচ্ছে না। দোকানে গেলে ডিলার বলেন টিএসপি-ডিএপি সার নেই। আবার প্রতি বস্তায় ৫০০ টাকা অতিরিক্ত দিলে সার পাওয়া যায়। 

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, সারের সংকট নিরসনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিক্রয়কেন্দ্র ও গোডাউনে যৌথ অভিযান চালাচ্ছে।

নারায়ণগঞ্জে আমনে সারের সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫০ কেজির বস্তায় ২৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। কৃষকরা জানান, ইউরিয়ায় ২৫০, টিএসপিতে ৩৫০, ডিএপিতে ৩৫০ এবং এমওপিতে ২৫০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। এতে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে।

নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, ইতোমধ্যে প্রায় ৩৫ শতাংশ জমিতে আমন চারা রোপণ হয়েছে। 

সার বিক্রেতারা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছেÑ এক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্ট করে জরিমানা করছি। ডিলারশিপ বাতিল করছি। আর আমাদের স্বভাবগত একটা বিষয় হচ্ছে খারাপ কাজ করা। ডিলারদের সরকার প্রতি কেজিতে ২ টাকা কমিশন দিচ্ছে, এতেও তারা সন্তুষ্ট না। তাই তারা সংকট তৈরি করে বলে যে সার পাই নাই, সার নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বাস্তব ডিমান্ডের চাইতে ৩০ শতাংশ সার বেশি দিয়ে রাখি। যে পরিমাণ জমি চাষ হয় তার চেয়ে ৩০ শতাংশ বেশি সার প্রতিবছরই ডিলারদের দেওয়া হয়। 

সরকারি ৭টি সার কারখানার ৬টিই বন্ধ

সরকারি সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে দেশে ৭টি সার কারখানার মধ্যে সচল রয়েছে শুধু ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি (জিপি) সার কারখানা। বন্ধ রয়েছে বাকি ৬টিই। এগুলো হলোÑ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল), যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল), আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি (এএফসিএল), ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) ও শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি (এসএফসিএল)। বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক, উৎপাদন ও গবেষণা) মো. মনিরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘোড়াশাল ছাড়া বাকি কারখানাগুলো বন্ধ রয়েছে। তবে দুয়েক দিনের মধ্যে এসএফসিএল গ্যাস পাবে। 

বিশেষজ্ঞ অভিমত

সঠিক সময়ে সার দিতে না পারলে ফসল উৎপাদন কমবে; এতে খাদ্য নিরাপত্তার আশঙ্কা রয়েছে বলে অভিমত দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রিপন কুমার মণ্ডল। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সার দিতে ১০ দিন দেরি হলেও চারা উৎপাদন থেকে শুরু করে পুরো উৎপাদন প্রক্রিয়ায় একটা নেতিবাচক প্রভাব পড়বে। সারের সংকটটা মূলত বৈশ্বিক চাপে। এটার জন্য সাপ্লাইটা কম ও আমাদের দেশে বিতরণ পদ্ধতিটাও জটিল। 

তিনি বলেন, আপাতত হাতে যে সার আছে, তা দ্রুত বিতরণ করা দরকার। ডিলাররা যাতে স্টক করার সুযোগ না পায়, সেটার তদারকি বাড়াতে হবে। আবার ডিলারশিপ নিয়োগের যে ঝামেলা, সেটাও দ্রুত সমাধান করতে হবে।

প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নওগাঁর প্রতিবেদক এমআর ইসলাম রতন, পটুয়াখালীর বাউফলের এমএ হান্নান, জয়পুরহাটের কালাই উপজেলার মো. মোছাদ্দেকুল ইসলাম ও নারায়ণগঞ্জ অফিসের এমআর কামাল।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা