× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনঘনত্ব কমাতে তিন প্রকল্প

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১০:০৩ এএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানী ঢাকার জনঘনত্বের হার স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি। এখানে বসবাসকারী নাগরিকদের মধ্যে আবার শতকরা ৬৪ জনই ভাড়াটিয়া। ঢাকামুখী জনতার স্রোত যে হারে বাড়ছে, তাতে এ মহানগর কয়েক বছরের মধ্যেই বসবাসের উপযোগিতা হারাবে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় জনঘনত্ব কমাতে ঢাকা শহরকে বিকেন্দ্রিকরণের লক্ষ্যে তিনটি প্রকল্পের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক সুযোগ-সুবিধাও মিলবে ওই প্রকল্পগুলোতে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এ খবর জানা গেছে।

সূত্রমতে, ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য ঠিক রেখে আধুনিক বিশ্বের ‘আরবান রি-জেনারেশন’ বা পরিকল্পিত পুনর্জীবন ধারণার আলোকে চীনের সাংহাই শহরের আদলে পুরান ঢাকাকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (ব্লক-‘বি’ ও ‘সি’)’ নামে রাজউকের নতুন প্রকল্পের মাধ্যমে ৭৫৪৪টি ফ্ল্যাট তৈরি করা হচ্ছে নিম্ন ও মধ্যম শ্রেণির নাগরিকদের জন্য। এ ছাড়া পূর্বাচল নতুন শহরকেও শিগগিরই বসবাসযোগ্য করতে বাণিজ্যিক স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল চালুর নির্দেশ দেওয়া হয়েছে প্লট মালিকদের। প্রকল্পের সর্বশেষ নকশা অনুসারে ২৭ লাখ মানুষ সেখানে বাস করতে পারবে।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আবাসিক চাপ ও জনঘনত্ব কমাতে এসব প্রকল্প বাস্তবায়নের দিকে এখন জোর নজর সরকারের। এতে ঢাকা শহরের ওপর থেকে চাপ কমবে, পরিবেশও সুন্দর হবে। পরিকল্পিতভাবে সব সুযোগ-সুবিধা গড়ে তোলার পর মানুষ সেখানে স্থানান্তর হবে।’ 

তিনি বলেন, ‘হংকং, সাংহাই ও টোকিওর মতো শহরগুলো সময়ের সঙ্গে বদলে গেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করেই আধুনিক নগরজীবন গড়ে তোলা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী মৃতপ্রায় নগরজীবনে নতুন প্রাণ ফিরিয়ে আনাই রাজউকের লক্ষ্য।’

আধুনিক মিশ্র নগর হবে পুরান ঢাকা 

সাংহাই মডেলে পুরান ঢাকাকে পুনর্গঠনের লক্ষ্যে ‘ইন্টিগ্রেটেড প্রজেক্ট ফর রিভাইটালাইজেশন অব ওল্ড ঢাকা’ শীর্ষক একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নীতিগত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সাংহাই মডেল বলতে সাধারণত চীনের সাংহাই শহরকেন্দ্রিক নগর উন্নয়ন ও পুনর্গঠনের একটি পরিকল্পিত মডেলকে বোঝায়। বর্তমানে প্রকল্প প্রস্তাবটি বৈদেশিক অর্থায়ন জোগানের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আছে। প্রকল্পটির জন্য প্রস্তাবনা তৈরি করে মাস তিনেক আগে পরিকল্পনা কমিশনে পাঠানো হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে। এ ক্ষেত্রে বিদেশি অর্থায়ন নিশ্চিত হলে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়নে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেওয়া হবে। এরপর ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করে পুরান ঢাকা ও হাজারীবাগ এলাকাকে উন্নত বিশ্বের রি-জেনারেশন কনসেপ্ট (পুনর্জীবনভিত্তিক নগর উন্নয়ন ধারণা) অনুসারে নতুনভাবে পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে নীতিগত নির্দেশনা দিয়েছেন। এজন্য একটি গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে।’ এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত নেওয়া হবে। কোন স্থাপনা সংরক্ষিত হবে, কোনটি পুনর্গঠনের আওতায় আসবে এবং কীভাবে পুরো এলাকাকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে, তা মাস্টারপ্ল্যানে নির্ধারণ করা হবে।

প্রস্তাবিত ‘ওল্ড ঢাকা রিভাইটালাইজেশন’ প্রকল্পের আওতায় প্রায় ৬ হাজার ৫০০ একর এলাকা পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ থেকে ৬১ নম্বর ওয়ার্ড এবং ৬২ নম্বর ওয়ার্ডের একটি অংশ অন্তর্ভুক্ত থাকবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২৫৮ কোটি ৪০ লাখ টাকা। 

প্রকল্পের আওতায় ব্যক্তিমালিকানাধীন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো সামাজিক আবাসন (সোশ্যাল হাউজিং) মডেলে পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মোট ভূমির প্রায় ৬০ শতাংশ উন্মুক্ত স্থান হিসেবে সংরক্ষণ করা হবে। সেখানে প্রশস্ত সড়ক, সবুজ এলাকা, কমিউনিটি পার্কিং, জলাধার, আর্ট মিউজিয়াম এবং ঐতিহ্যবাহী খাবারের কর্নার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে বিস্তারিত সমীক্ষা, বেসলাইন জরিপ ও মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এরপর স্থানীয় বাসিন্দাদের মতামত এবং একটি পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে মূল বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকল্পটির মাধ্যমে অতিরিক্ত জনঘনত্ব, সরু সড়ক, যানজট, পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন, দুর্বল পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা সংকট এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর পাশাপাশি পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা, স্থাপত্য বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ করা হবে।

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (ব্লক-‘বি’ ও ‘সি’)

 জনসাধারণের আবাসন সংকট কমাতে রাজউক ‘ঢাকাস্থ উত্তরা ১৮নং সেক্টরে নিম্ন ও মধ্যম আয়ের জনসাধারণের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ’ নামের একটি প্রকল্প করছে। নিজস্ব অর্থায়নে নেওয়া এ প্রকল্পের মাধ্যমে ২১৪ দশমিক ৪৪ একর জমিতে তিনটি ব্লকে (এ, বি ও সি) ১৬ তলা বিশিষ্ট ২৪০টি ভবন তৈরি করার কথা ছিল। এসব ভবনে ফ্ল্যাট হওয়ার কথা মোট ২০ হাজার ১৬০টি। সে অনুযায়ী ‘এ’ ব্লকে ৭৯টি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। ‘বি’ ও ‘সি’ ব্লকে মালয়েশিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় ফ্ল্যাট তৈরির সংস্থান ছিল। কিন্তু সব শর্ত পূরণ না হওয়ায় সেটি বাতিল করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ অবস্থায় প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এবং প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সিদ্ধান্ত অনুযায়ী ‘বি’ ও ‘সি’ ব্লকের জন্য আলাদা একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ‘রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (ব্লক-‘বি’ ও ‘সি’)’ নামের নতুন এ প্রকল্পের মাধ্যমে ৭,৫৪৪টি ফ্ল্যাট তৈরি করা হবে। অনুমোদন পেলে রাজউকের নিজস্ব অর্থায়নে চলতি বছর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

রাজউক সূত্র জানায়, উত্তরা তৃতীয় পর্বের ১৮ নম্বর সেক্টরের ‘বি’ ও ‘সি’ ব্লক এলাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য স্ব-অর্থায়নে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। দিয়াবাড়ী সংলগ্ন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের আওতাধীন এই এলাকাটি আধুনিক আবাসনের জন্য পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। সূত্র আরও জানায়, এ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের জন্য মাস চারেক আগে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়। এখন সেটি অনুমোদনের অপেক্ষায়।

পূর্বাচল নতুন শহর প্রকল্প 

রাজধানীর জনসংখ্যার চাপ কমিয়ে তিন দশকেরও বেশি সময় আগে পরিকল্পিত নগর গড়ার স্বপ্নে শুরু হয়েছিল পূর্বাচল নতুন শহর প্রকল্প। তবে আজও সেখানে গড়ে ওঠেনি প্রত্যাশিত নগরজীবন। রাতের অন্ধকারে সড়কবাতির অভাবে পুরো এলাকা নির্জন হয়ে যায়। সম্প্রতি প্রশাসনিক সীমানা বদলে পূর্বাচলকে ঢাকা জেলা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আনা হয়েছে। এই পরিবর্তনকে অনেকেই নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখছেন।

১৯৯৫ সালে শুরু হওয়া রাজউকের এই প্রকল্পের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ উপনগরী গড়ে তোলার জন্য ৬ হাজার ১৫০ একর জমিতে ৩০টি সেক্টরে প্রায় ২৬ হাজার আবাসিক প্লট ও লক্ষাধিক অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ব্যয় করা হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। কিন্তু নির্ধারিত সময় ২০১৩ সাল পেরিয়ে গেলেও আজও প্রকল্প পূর্ণতা পায়নি। প্লট হস্তান্তরের সংখ্যা ২১ হাজারের ঘর ছুঁলেও নির্মাণকাজ শুরু হয়েছে মাত্র তিন শতাধিক প্লটে।

সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে পূর্বাচলকে নারায়ণগঞ্জ ও গাজীপুরের অংশ থেকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএমপি ও ঢাকা ওয়াসার আওতায় আনা হয়েছে। ডিএনসিসি জানিয়েছে, নাগরিক সুবিধা নিশ্চিতে রাজউকের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। শিগগিরই প্রশাসনিক ভবন ও জোনাল অফিস স্থাপন করা হবে।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘পূর্বাচলকে দ্রুত বাসযোগ্য করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শুধু অবকাঠামো নয়, প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় চালিয়ে তাদের সমস্যা শোনা হচ্ছে। ফাইল দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। নতুন করে প্রায় ৮ হাজার ৮৭০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এতে সড়ক সম্প্রসারণ, ড্রেনেজ, মার্কেট, খেলার মাঠ ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত। শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ এবং পুলিশের বড় অবকাঠামো গড়ার পরিকল্পনাও চলছে।’ 

সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সেক্টর-১ এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়। পূর্বাচল এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপপুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজও চলমান রয়েছে।

মূল পরিকল্পনা অনুযায়ী মোট ভূমির মধ্যে আবাসিক প্লটে ব্যয় হবে ৩৮ দশমিক ৭৪ শতাংশ ভূমি। এ ছাড়া সড়ক তৈরিতে ব্যয় হবে ২৫.৯০ শতাংশ, সামাজিক অবকাঠামো তৈরিতে ব্যয় হবে ৩.০৪ শতাংশ, লেক তৈরিতে ব্যয় হবে ৭.১০ শতাংশ, প্রশাসনিক ও বাণিজ্যিকে প্লট তৈরিতে ব্যয় হবে ৬.৪১ শতাংশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান নির্মাণে ৬ শতাংশ ব্যয় ভূমি। জনসমাগম ও খেলার মাঠের জন্য ব্যয় হবে ২.৫০ শতাংশ। অবশিষ্ট ১০.৩১ শতাংশ ভূমি সংরক্ষিত। খিলক্ষেত থানায় কুড়িল ফ্লাইওভার থেকে ‘পূর্বাচল নতুন শহর’ পর্যন্ত ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণে ১৫০ একর জমি ব্যবহার করা হয়েছে।

রাজউক সূত্র জানায়, সম্প্রতি পূর্বাচলে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বাণিজ্যিক স্থাপনাগুলো নির্মাণসহ চালুর জন্য সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে রাজউকের একটি মতবিনিময় সভা হয়েছে। সভায় পূর্বাচলকে বাসযোগ্য করতে শিগগিরই এসব প্রতিষ্ঠান চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা