× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্য পরিশোধ করেও জমির দলিল অধরা

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১১:৫৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জমি বিক্রির কথা বলে ৩০ লাখ টাকা নেওয়ার পর জমি রেজিস্ট্রি না করা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার তদন্তে ব্যাংক লেনদেনসহ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও বিল্লাল প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী শেখ মনিরুজ্জামান। পাওনা টাকা চাইতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

পিবিআই সূত্রে জানা গেছে, শেখ মনিরুজ্জামান স্কয়ার হাসপাতালে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত। ২০২১ সালে সেখানে হৃদরোগের চিকিৎসা নিতে গিয়ে বিল্লাল হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। দুজনের গ্রামের বাড়ি কাছাকাছি হওয়ায় পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মনিরুজ্জামানের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ার বড় ভাটেরচর এলাকায়। বিল্লালের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ায়। ঘনিষ্ঠতার কারণে তারা একে অপরকে ‘মামা’ বলে সম্বোধন করতেন। দুই পরিবারের মধ্যে যাতায়াতও ছিল। এই সম্পর্কের সূত্র ধরে ২০২৩ সালের শুরুতে মনিরুজ্জামানকে নিজের আট শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন বিল্লাল। তখন মনিরুজ্জামান গ্রামের বাড়ির একটি জমি বিক্রি করে স্ত্রীর ব্যাংক হিসাবে ৩০ লাখ টাকা রেখেছিলেন। বিষয়টি জানতে পেরে বিল্লাল তাকে জমিটি কিনে রাখার পরামর্শ দেন এবং ভবিষ্যতে লাভ করা যাবে বলে জানান। বিশ্বাস করে জমিটি কেনার সিদ্ধান্ত নেন মনিরুজ্জামান। ২০২৩ সালের ২২ মার্চ তার স্ত্রী কামরুন্নাহারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সোনারগাঁয়ের মেঘনা শাখার হিসাব থেকে বিল্লালের ব্যবসাপ্রতিষ্ঠান রায়হান এন্টারপ্রাইজের এক্সিম ব্যাংকের সোনারগাঁ শাখার হিসাবে ৩০ লাখ টাকা স্থানান্তর করা হয়। 

পিবিআই জানায়, টাকা নেওয়ার পর নির্ধারিত সময়ে জমি রেজিস্ট্রি করেননি বিল্লাল। বাদীকে তিনি জানান, নির্ধারিত দিনে জমি রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় তা করা সম্ভব হয়নি। পরে রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দেন। জমি রেজিস্ট্রি করতে না পারলে টাকা ফেরত দেবেন বলেও জানান তিনি।

এরপর সময়ক্ষেপণ শুরু হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ‘আজ নয় কাল’ বলে দিনের পরদিন মনিরুজ্জামানকে ঘোরাতে থাকেন বিল্লাল। একপর্যায়ে জমি রেজিস্ট্রি না হওয়ায় ৩০ লাখ টাকা ফেরত চান মনিরুজ্জামান। তখনও টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা দেওয়া হয়নি। পাওনা টাকা আদায়ে ২০২৪ সালের ১১ আগস্ট আইনজীবীর মাধ্যমে বিল্লালকে লিগ্যাল নোটিস পাঠান মনিরুজ্জামান। এরপর মামলা করেন। মামলার তদন্তে দুই ব্যাংক থেকে সংগ্রহ করা সংশ্লিষ্ট হিসাবের নথি পর্যালোচনা করে এই লেনদেনের সত্যতা পায় পিবিআই।

পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নোটিস গ্রহণ করেও বিল্লাল টাকা ফেরত বা জমি রেজিস্ট্রির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। বরং বাদীর অভিযোগ, এরপর তাকে ভয়ভীতি দেখানো হয়। ‘তুই কী করতে পারবি’— এ ধরনের কথা বলে তাকে হুমকি দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বাসুদেব সরকার ২০২৪ সালের ২৮ নভেম্বর সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় সরেজমিনে তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিল্লাল এলাকায় প্রভাবশালী হওয়ায় অনেকে তার বিরুদ্ধে সরাসরি সাক্ষ্য দিতে রাজি হননি। তবে স্থানীয় কয়েকজন তদন্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানান, বিল্লাল বাদীর কাছ থেকে টাকা নিতে পারেন।

তদন্ত কর্মকর্তা বাসুদেব সরকার বলেন, বিল্লাল জমি বিক্রির কথা বলে ব্যাংক হিসাবে ৩০ লাখ টাকা নিয়েছেন। কিন্তু জমি রেজিস্ট্রি করেননি এবং প্রতিশ্রুতি অনুযায়ী টাকাও ফেরত দেননি। তিনি বলেন, বিল্লাল টাকা আত্মসাৎ করেছেন এবং বাদীকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন— এমন অভিযোগের সত্যতা তদন্তে পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এরপর আদালত বিল্লালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শেখ মনিরুজ্জামান বলেন, আমি আমার জমি বিক্রির টাকা দিয়েছি তাকে। আমি জমিও হারালাম, টাকাও হারালাম। আমি ক্ষতিগ্রস্ত। তারপরও বিল্লাল আমাকে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছে। তার দাবি, ওয়ারেন্ট হওয়ার পর বিল্লাল হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন এবং তার মামলার ওপর স্থগিতাদেশ নিয়ে এখন তাকেই উল্টো হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে বিল্লাল হোসেনের বক্তব্য জানতে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা