× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটি ছাড়াই বারবার বিদেশ ভ্রমণে এক চিকিৎসক

হাসনাত শাহীন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১১:১০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোহাম্মদ আনিসুল গনি খান। যথেষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসকের বিরুদ্ধে দাপ্তরিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ এবং প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে হাসপাতালে অনুপস্থিত থাকা, ডিউটি রোস্টার না মানা, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও কক্ষ বরাদ্দে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে আনিসুল গনি খান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, তাকে ঘিরে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো অপপ্রচারের অংশ। তদবির করে সুবিধা আদায়ে ব্যর্থ একটি মহল অসন্তোষ থেকেই এসব অভিযোগ করছে। আর কর্মস্থলে অনুপস্থিতির বেশিরভাগই অনুমোদিত ছুটি বা শ্রান্তি-বিনোদন ছুটির আওতায় ছিল এবং সরকারি আদেশ (জিও) না পাওয়ায় প্রস্তুতি থাকলেও তিনি বিদেশ সফরে যাননি। 

অথচ হাসপাতালের হাজিরা নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৫ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে তার কর্মস্থলে অনুপস্থিতির তথ্য পাওয়া যায়। এই সময়ে তিনি ছুটি নেননি বা অসুস্থও ছিলেন না। যেসব দিন উপস্থিত ছিলেন সেসব দিনে প্রবেশের সময় উল্লেখ থাকলেও তিনি কখন বেরিয়ে গেছেন তার উল্লেখ নেই। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই সময়ে তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিদেশ ভ্রমণে ছিলেন। এজন্য তিনি একটি সাধারণ পাসপোর্ট ব্যবহার করেছেন। যার নম্বর- ‘এও-৪৭৪৩৬৫৯’।

ইমিগ্রেশন অফিসের তথ্য যাচাই করে দেখা গেছে, ডা. মোহাম্মদ আনিসুল গনি খান গত বছরের ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপ ভ্রমণ করেন। ২৮ আগস্ট ঢাকা থেকে মাদ্রিদের উদ্দেশে যাত্রা করেন কিউআর-৬৪১ ফ্লাইটে। ৪ সেপ্টেম্বর মাদ্রিদ থেকে ঢাকায় ফেরেন ইকে-৫৮২ ফ্লাইটে। এরপর ২১ অক্টোবর এসভি-৮০৩ ফ্লাইটে মিসরের কায়রো গিয়ে ২৬ অক্টোবর এসভি-৮০৮ ফ্লাইটে ফিরে আসেন। একই বছরের ২১ অক্টোবর ইউএল-১৯০ ফ্লাইটে কলম্বো যান এবং ২৬ অক্টোবর মালে থেকে বিএস-৩৩৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন। এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বিএস-২১৭ ফ্লাইটে তিনি ব্যাংকক সফরে যান। ৫ অক্টোবর দেশে ফিরে আসেন বিএস-২১৮ ফ্লাইটে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তাদের হাজিরায় দেখা যায়, গত বছরের ২৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডা. আনিসুল গনি খান। এর মধ্যে দুদিন সরকারি ছুটি ছিল। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন। যদিও এই সময়ের মধ্যে তিন দিন সরকারি ছুটি ছিল। এ ছাড়া ২০ ও ২১ সেপ্টেম্বর এবং ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিনি হাসপাতালে অনুপস্থিত ছিলেন। এ সময় এক দিন সরকারি ছুটি ছিল।

হাসপাতালের এইচআরআইএস নথি সংরক্ষণ খাতায় দেখা গেছে, আনিসুল গনি খান ২০২৫ সালের ২২ ও ২৩ অক্টোবর দুদিন নৈমিত্তিক ছুটি ভোগ করেন। বাকি অনুপস্থিতির কোনো কারণ বা ছুটি গ্রহণ করেছেনÑ এমন প্রমাণ পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও উল্লিখিত এই সময়ে বহিঃবাংলাদেশ ছুটির কোনো প্রমাণ নেই।

২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ২-এর খ উপধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের আচরণ সংক্রান্ত বিদ্যমান বিধিমালার কোনো বিধানের পরিপন্থী কোনো কার্য, অথবা কোনো সরকারি কর্মচারীর পক্ষে শিষ্টাচার-বহির্ভূত কোনো আচরণ শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে। তা ছাড়া সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট বিধি অনুযায়ী, পাসপোর্ট আবেদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তি সনদ গ্রহণ করা বাধ্যতামূলক। 

এসব বিষয়ে ডা. মোহাম্মদ আনিসুল গনি খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দীর্ঘ সময়ের অনুপস্থিতির মধ্যে শ্রান্তি-বিনোদন ছুটি ছিল। সরকারি নিয়ম অনুযায়ী আমরা তিন বছর পর পর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি পাই; সেই ছুটি দুই ভাগে ভাগ করে অনুমোদন করিয়ে নিয়েছি। এ ছাড়া স্ত্রী খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে নিয়ে কেমোথেরাপির জন্য বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, যার জন্য নৈমিত্তিক ছুটি (CL) নিয়েছিলাম। জরুরি পরিস্থিতিতে দুয়েকবার ফোনে কর্তৃপক্ষকে জানিয়ে অনুপস্থিত থাকার ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

হাসপাতাল থেকে প্রস্থানের ফিঙ্গারপ্রিন্ট না থাকার বিষয়ে তিনি বলেন, হাসপাতালের ১৫ থেকে ২০টি কমিটির সঙ্গে আমি যুক্ত। প্রশাসনিক, একাডেমিক ও চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালনের কারণে প্রায়ই নির্ধারিত সময়ের পর হাসপাতাল ছাড়তে হয়। ফলে প্রবেশের সময় ফিঙ্গারপ্রিন্ট দিলেও তাড়াহুড়ো করে বের হওয়ার সময় অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি; এটা আমার ভুল। এ বিষয়ে এখন থেকে সচেতন থাকবে।

তবে বিদেশ ভ্রমণ নিয়ে ডা. আনিসুল গনির বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ইউরোপ সফরের জন্য ভিসা ও টিকিটের প্রস্তুতি নেওয়া হলেও জিও না হওয়ায় শেষ পর্যন্ত যেতে পারিনি। কারণ জিও না হলে আমি তো ইমিগ্রেশন পার করতে পারব না, ওখানেই আটকে দেবে। বিদেশ ভ্রমণ-সংক্রান্ত অন্যান্য জিও, পাসপোর্ট ও অন্যান্য অনুমোদনের নথি রয়েছে বলেও দাবি করেন তিনি।

তার ব্যাপারে তদন্ত কমিটি গঠনের প্রসঙ্গে জানতে চাইলে ডা. আনিসুল গনি বলেন, বিষয়টি এখন তদন্তাধীন। আমি তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্রও জমা দিয়েছে। যদি ফল্ট পায়, তারা ব্যবস্থা নেবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা