বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ০৯:৩২ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৪:২০ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় নিয়ম রক্ষার এক অসম ভোট হচ্ছে রাষ্ট্রপতি পদে। বিএনপির নির্বাচনী জোটের ২৫০ ভোটের বিপরীতে মাত্র ৯০টি ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ফলে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতেই উঠছে বঙ্গভবনের চাবি। আগামী পাঁচ বছরের জন্য তিনিই হতে চলেছেন সেখানকার বাসিন্দা। সবকিছু ঠিক থাকলে রাষ্ট্রপতি পদে তার মেয়াদকালেই অনুষ্ঠিত হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই জাতীয় সনদ এবং বিএনপির দেওয়া নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি পদ তখন আর আলঙ্কারিক থাকবে না। বাড়বে ক্ষমতা ও গুরুত্ব।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যদের রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজ ঐতিহাসিক একটি দিন। অনেক মূল্য দিয়ে আমরা আজ এ জায়গায় এসেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাইকে মনে রাখতে হবেÑ দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অপরিহার্য।
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বহু বছর ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনও হাল ছাড়েননি, তাকে কারাবন্দিও করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। বিশেষ করে সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছেন এই ভোটের রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী এই ভোটের ভোটার শুধু সংসদ সদস্যরা। তারা প্রকাশ্যেই ভোট দেবেন। ঘোষিত তফসিল অনুযায়ী বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত মোতাবেক ভোটাভুটির এই পর্ব সরাসরি টেলিভিশনে প্রচার করা হবে।
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। তাদের মধ্যে সাধারণ আসনের ২৯৯ জন এবং সংরক্ষিত নারী আসনের ৫০ জন। সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। তিন জন রয়েছে জোটের সদস্য। তারা হলেন বিজেপি, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন। এর বিপরীতে জামায়াতের ৭৭ জন, এনসিপির ৮, বাংলাদেশ খেলাফত মজলিশের তিনজনসহ মোট ৯০ জন। তবে স্বতন্ত্র ৮ জন ও ইসলামী আন্দোলনের ১ সদস্যও এই নির্বাচনের ভোটার। জোটের বাইরের এই ভোটাররা কোন দিকে ভোট দেন সেটাই এখন দেখার বিষয়।
একাধিক প্রার্থী, তাই ভোট
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। ৮ অক্টোবর অনুষ্ঠিত সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ও আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মধ্যে ভোট হয়। আবদুর রহমান বিশ্বাস পান ১৭২ ভোট, আর বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে আর ভোটের প্রয়োজন হয়নি। প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত একক প্রার্থী রাষ্ট্রপতি হয়েছেন।
ফখরুলের সামনে বঙ্গভবনের দরজা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ আগস্ট তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতারা মনোনয়নপত্র জমা দেন। মির্জা ফখরুল বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে মন্ত্রিসভার পদ ছাড়তে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিবের পদও শূন্য হবে। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া অনেকটা সময়ের ব্যাপার মাত্র।
৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কি দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন? এই প্রশ্নের সূত্রে রাজনৈতিক অঙ্গনে ৭০ অনুচ্ছেদ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে।’ অর্থাৎ দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ হারানোর ঝুঁকি রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এর ফলে ভোটের ফলাফল নিয়ে বড় কোনো অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। কারণ সংসদে বিএনপির ২৪৭ এবং জোটের তিনজনসহ ২৫০ সদস্যের অবস্থানই সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু
রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও বাংলাদেশের বর্তমান সংসদীয় ব্যবস্থায় তার নির্বাহী ক্ষমতা সীমিত। সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অধিকাংশ সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তবে রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রের প্রধান, সংসদ আহ্বান ও ভেঙে দেওয়ার মতো সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং ক্ষমা, দণ্ড মওকুফ, স্থগিত বা লঘু করার ক্ষমতাও তার রয়েছে। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারেন না। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হয় এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হয়।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। ইসি ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।
শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ
আগামীকাল শুক্রবার সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন। বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
সিইসি বললেন, তাৎক্ষণিক ফল প্রকাশ
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে সংসদ ভবনের অধিবেশন কক্ষেই ভোট গণনা করে তাৎক্ষণিক ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে নিজ দপ্তরে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সিইসি বলেন, ‘দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে। ভোটের পরে আমরা সেখানে তাৎক্ষণিকভাবে গণনা শুরু করব। গণনার পরে নির্বাচনী কর্তা হিসেবে আমি যে ফল ঘোষণা করব, সেটাই আইন অনুযায়ী চূড়ান্ত।’ তিনি জানান, ভোট গণনা শেষে সেখানেই (সংসদ ভবনের অধিবেশন কক্ষে) ফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন ভবনে ফিরে ওই দিনই গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘হাই প্রোফাইল’ উল্লেখ করে এএমএম নাসির উদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত), প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সব সংসদ সদস্য ও হুইপরা এ নির্বাচনে ভোটার হওয়ায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের নির্বাচন।’ তিনি জানান, ‘চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। স্পিকারের সঙ্গে পরামর্শ করেই ভোটের তারিখ নির্ধারণ ও তফসিল ঘোষণা করা হয়েছে।’
অ্যাটর্নি জেনারেল বললেন, আইনগত বাধা নেই
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রিট খারিজের পর গতকাল এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিন্দুমাত্র আইনগত বাধার আশঙ্কা নেই। গত মঙ্গল ও বুধবার দুটি রিট বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন। আদালতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। রিটকারী আইনজীবীর বক্তব্য ছিল, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।