× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও বাড়ল গ্যাস সংকট

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২২:৪১ পিএম

গ্যাসের চাপ কম থাকায় ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে আসা পরিবহনের দীর্ঘ লাইন। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পরিবহন চালকদের। ছবি: ফোকাস বাংলা নিউজ

গ্যাসের চাপ কম থাকায় ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে আসা পরিবহনের দীর্ঘ লাইন। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পরিবহন চালকদের। ছবি: ফোকাস বাংলা নিউজ

নতুন করে গ্যাস সংকট দেখা দিয়েছে। মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ওই টার্মিনাল থেকে বুধবার বিকালে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সামিট ও এক্সিলারেটের এফএসআরইউ সম্মিলিতভাবে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি রূপান্তর করতে পারে। এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ কমে গেছে। 

সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী, আগামী রবিবার ২৩ আগস্টের আগে এক্সিলারেটের টার্মিনালটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। 

দোহায় বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের সময় তিনি বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে অভিহিত করে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এই সহযোগিতার আশ্বাস দেন।

সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা কার্গো এখনও আসেনি 

পেট্রোবাংলার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর গত শনিবার সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে সরবরাহ বাড়ে। তবে নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে তিন দিন ধরে সরবরাহ কমছে। গতকাল বুধবার বেলা ৩টায় এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে গ্যাস সংকট আবারও বাড়ছে। 

পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র বলছে, নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কম দামে এলএনজি কিনতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়। এ মাসেই তার চারটি আসার কথা, তবে একটিও আসেনি। সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা কার্গোগুলো না আসায় সংকট আরও বেড়েছে। এখন টার্মিনাল তৈরি থাকলেও এলএনজি সরবরাহ করা যাচ্ছে না। আজ বৃহস্পতিবার একটি কার্গো আসার কথা রয়েছে, যা সামিটের টার্মিনালে যুক্ত হতে পারে। এক্সিলারেটের জন্য কার্গো রবি কিংবা সোমবার আসতে পারে। তার মানে আগামী কয়েক দিন এক্সিলারেট বন্ধ থাকবে এবং গ্যাস সংকট বাড়বে।

আরও ১৪ কার্গো এলএনজি আমদানি করছে সরকার  

চলমান জ্বালানি সংকটের মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে এসেছে। তাই দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য’ সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব কার্গো কেনার প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। 

ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার কমিটির সভাপতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজির এসব কার্গো ক্রয় প্রস্তাব গৃহীত হয়।

বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরপত্র ছাড়া সরাসরি কেনাকাটা করতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকের নীতিগত অনুমোদন লাগে। এদিনের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সাতটি কোম্পানি থেকে দুই কার্গো করে মোট ১৪টি কার্গো কেনা হবে।

আবার কমল গ্যাস সরবরাহ  

মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। টার্মিনালটি কার্যক্রম শুরুর কয়েক দিনের মধ্যেই আবারও বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে আরেক দফা সংকট তৈরি হলো। পেট্রোবাংলার একাধিক কর্মকর্তা জানান, গতকাল বেলা ৩টার দিকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

বর্তমানে সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটিসহ দেশে মোট গ্যাস সরবরাহ ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে। যেখানে জাতীয় পর্যায়ে গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।

সামিট ও এক্সিলারেটের এফএসআরইউ সম্মিলিতভাবে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি রূপান্তর করতে পারে। এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ কমে গেছে। সর্বশেষ এই পরিস্থিতির ফলে এক্সিলারেটের টার্মিনালে নতুন এলএনজির চালান পৌঁছানোর আগ পর্যন্ত আমদানি করা এলএনজির জন্য বাংলাদেশ আবারও পুরোপুরি সামিটের টার্মিনালের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। 

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী, আগামী রবিবারের আগে এক্সিলারেটের টার্মিনালটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা