খাগড়াছড়িতে মাত্র এক হাজার টাকা দিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করা ‘ছাবা মাশরুম এগ্রো ফার্ম’ এখন দেশের বিভিন্ন জেলায় উন্নতমানের মাশরুমের স্পন (বীজ) সরবরাহ করছে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান, নতুন উদ্যোক্তা তৈরি এবং বিভিন্ন জাতের মাশরুম নিয়ে গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি পাহাড়ে বিকল্প কৃষির সম্ভাবনাময় উদ্যোগে পরিণত হয়েছে।
সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পাকুয্যাছড়ি গ্রামের ছায়াঘেরা পরিবেশে গড়ে ওঠা খামারটিতে মাশরুমের পরিচর্যা, স্পন তৈরি, সংগ্রহ ও প্যাকেটজাতকরণের কাজ করেন কয়েকজন নারী-পুরুষ। ওডিস চাকমার উদ্যোগে গড়ে ওঠা এ খামারের নিজস্ব স্পন উৎপাদন ল্যাব রয়েছে। সেখানেই তৈরি হচ্ছে উন্নতমানের মাশরুমের বীজ, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। অনেক নতুন উদ্যোক্তা এখান থেকে স্পন সংগ্রহ করে নিজেদের খামার গড়ে তুলছেন।
চাকমা ভাষায় ‘ছাবা’ অর্থ ছায়া। পাহাড়ি প্রকৃতির সঙ্গে মিল রেখে খামারের নাম রাখা হয় ‘ছাবা মাশরুম এগ্রো ফার্ম’। ২০১২ সালে মাত্র এক হাজার টাকা নিয়ে উদ্যোগটি শুরু করেন ওডিস চাকমা। তখন আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ কিংবা বড় ধরনের বিনিয়োগ কোনোটিই ছিল না। তবে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তিনি উদ্যোগটি সম্প্রসারণ করেন। বর্তমানে ছাবা মাশরুম এগ্রো ফার্মের অন্যতম শক্তি নিজস্ব স্পন উৎপাদন ল্যাব। এখানে উৎপাদিত উন্নতমানের মাশরুমের বীজ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। খামারটিতে অফ-সিজনে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি এবং মৌসুমে ৫০ থেকে ৬০ কেজি মাশরুম বিক্রি হয়। কখনও কখনও বিক্রির পরিমাণ ১০০ কেজিও ছাড়িয়ে যায়।
উৎপাদনের পাশাপাশি বিভিন্ন জাতের মাশরুম নিয়ে গবেষণাতেও গুরুত্ব দিচ্ছেন ওডিস চাকমা। বর্তমানে সাত থেকে আটটি জাতের মাশরুম নিয়ে পরীক্ষামূলক কাজ চলছে। গরম মৌসুমের জন্য পিওটান (ভুটানিজ), ওসি, অ্যাভ্যালু ও ব্ল্যাক ইয়ার এবং শীতকালীন এসকে (হাইব্রিড) ও ওএস জাতের উৎপাদন ও উন্নয়ন নিয়ে নিয়মিত গবেষণা করা হচ্ছে। পাহাড়ের আবহাওয়ার সঙ্গে সবচেয়ে বেশি উপযোগী ও অধিক ফলনশীল জাত নির্বাচন করে কৃষকদের কাছে সহজলভ্য করাই তার লক্ষ্য।
ওডিস চাকমার এক হাজার টাকা দিয়ে শুরু করা উদ্যোগটি নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমান অবস্থানে এসেছে। এখন নিজেরাই উন্নতমানের স্পন উৎপাদন করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। তবে এখন পর্যন্ত কোনো সরকারি কারিগরি বা আর্থিক সহায়তা পাননি বলে জানান তিনি।
তার ভাষ্য, প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ও অর্থায়ন পাওয়া গেলে উৎপাদন কয়েকগুণ বাড়ানো সম্ভব। বর্তমানে তার মাসিক গড় আয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। তবে লাভের চেয়ে মানসম্পন্ন উৎপাদন ও নতুন উদ্যোক্তা তৈরিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন, মাশরুম একটি সম্ভাবনাময় সুপার ফুড এবং পাহাড়ি অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী কৃষিপণ্য।
তিনি জানান, মাশরুম চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার সাতটি উপজেলায় প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম চলছে। ভাইবোনছড়ার উদ্যোক্তা ওডিস চাকমার দীর্ঘ অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।