× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দপ্তর নেই তাই কাজ নেই, অভিজ্ঞতাও মূল্যহীন

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ০৯:৩৬ এএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১১:১৮ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

সচিবালয়ের একটি মন্ত্রণালয়ের নিয়মিত অফিসে আসতেন অতিরিক্ত সচিব পর্যায়ের একজন কর্মকর্তা। দলনিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তা হিসেবে সুনামও ছিল তার। দীর্ঘ প্রশাসনিক জীবনে মাঠপ্রশাসন থেকে মন্ত্রণালয়Ñ সবখানেই গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব পালন করেছেন তিনি। নীতি প্রণয়ন ও বাস্তবায়নের অভিজ্ঞতাও রয়েছে তার। সরকারের সিদ্ধান্তে দেশ-বিদেশে প্রশিক্ষণও নিয়েছেন। কিন্তু এখন তিনি জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে আছেন। তার নেই কোনো ডেস্ক, নেই বসার কোনো দপ্তর, কোনো শাখা বা উইংয়ের দায়িত্বও নেই। এসব কারণে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নেও তার ভূমিকাও নেই। জনপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ জানাতে পারেননি, কেন তাকে ওএসডি করা হয়েছে। অবশ্য মাস শেষে তিনি বেতন-ভাতা ঠিকই পাচ্ছেন। চাকরির অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল আছে।

এই কর্মকর্তা শুধু একা নন। এমনভাবে বিভিন্ন ব্যাচের (প্রশাসন ক্যাডার) ৭১৪ কর্মকর্তা অন্তর্বর্তী ও বর্তমান সরকারের আমলে ওএসডি অথবা সংযুক্ত অবস্থায় রয়েছেন। তাদের কোনো মন্ত্রণালয়, বিভাগ, শাখা বা উইংয়ে নিয়মিত দায়িত্ব নেই। এসব কর্মকর্তার বেতন-ভাতা ও সংশ্লিষ্ট সুবিধা বাবদ মাসে গড়ে প্রায় ৫ কোটি ৭৩ লাখ ১২ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। বছরে এই ব্যয় প্রায় ৬৮ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ দায়িত্বহীন অবস্থায় থাকা দক্ষ কর্মকর্তাদের পেছনে একই হারে ধরলেও পাঁচ বছরে ব্যয় হতে পারে প্রায় ৩৪৪ কোটি টাকা।

নীতিনির্ধারণ পর্যায়ের অনেকেও তালিকায় 

জনপ্রশাসনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রশাসন ক্যাডারে বিভিন্ন পর্যায়ে মোট ৬ হাজার ৭২৩ কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে সচিব ও সিনিয়র সচিব ৮৩ জন, গ্রেড-১-এর অতিরিক্ত সচিব সাতজন, অতিরিক্ত সচিব ৩৫৩ জন, যুগ্ম সচিব ১ হাজার ২৬ জন এবং উপসচিব ১ হাজার ৪৮৫ জন। সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পর্যায়ে রয়েছেন আরও ৩ হাজার ৭৬৯ জন। এই কাঠামোর মধ্যে ওএসডি বা সংযুক্ত কর্মকর্তাদের সংখ্যা ৭১৪। তাদের মধ্যে উপসচিব ২৫৩, যুগ্ম সচিব ৩৩৭, অতিরিক্ত সচিব ১১৩ এবং সচিব ও গ্রেড-১ পর্যায়ের ১১ জন। অর্থাৎ তালিকাটি শুধু অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাদের নয়। নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারাও এতে রয়েছেন। এতে দুটি ধরনের ক্ষতি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত. এসব কর্মকর্তার বেতন-ভাতায় সরকারি অর্থ যাচ্ছে। দ্বিতীয়ত. তাদের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাও কাজে লাগানো হচ্ছে না।

বেতন আছে, কাজ নেই

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া মানে চাকরি থেকে বরখাস্ত হওয়া নয়। কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই থাকেন এবং বিধি অনুযায়ী বেতন-ভাতা পান। ওএসডি কোনো অস্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থা নয়। সমস্যা হয় তখন, যখন এই ব্যবস্থা সাময়িক না থেকে দীর্ঘস্থায়ী হয়। প্রশাসনিক কর্মকর্তার কর্মজীবন সাধারণত মাঠপ্রশাসন দিয়ে শুরু হয়। ভূমি প্রশাসন, আইনশৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ নানা ক্ষেত্রে কাজ করেন তিনি। পরে মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালনের মাধ্যমে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করেন।

একজন যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ মানবসম্পদ। সেই কর্মকর্তাকে কোনো নির্দিষ্ট কাজ ছাড়াই বসিয়ে রাখলে রাষ্ট্রের একদিকে আর্থিক ক্ষতি হয়, অন্যদিকে বঞ্চিত হয় দক্ষতা থেকে।

কর্মকর্তাকে দক্ষ করতে রাষ্ট্রের বিনিয়োগ

প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে দায়িত্ব পালনের উপযোগী করে তুলতে বছরের পর বছর প্রশিক্ষণ দিতে হয়। চাকরির শুরুতেই লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া হয় প্রায় চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ। এরপর আইন, বিধি ও প্রশাসন বিষয়ে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও বিসিএস প্রশাসন একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ নিতে হয় তাকে। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ভূমি প্রশাসন সংক্রান্ত ‘সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট’ প্রশিক্ষণ নেন। পদোন্নতির সঙ্গে সঙ্গে প্রশিক্ষণের ধরনও বদলায়। উপসচিব পর্যায়ে অ্যাডভান্স কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকার্ড), যুগ্ম সচিব পর্যায়ে সিনিয়র স্টাফ কোর্স এবং অতিরিক্ত সচিব পর্যায়ে পলিসি, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের (পিপিএমসি) মতো প্রশিক্ষণ রয়েছে। অর্থাৎ একজন কর্মকর্তার পেছনে মাসিক বেতন ছাড়াও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগও থাকে। প্রশ্ন উঠেছে, সেই কর্মকর্তা কাজ করতে না পারলে ওই বিনিয়োগের ফল কোথায়?

ওএসডি বাবদ মাসে প্রায় ছয় কোটি টাকা

গ্রেড অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার পরিমাণ ভিন্ন। তবে গড় হিসাব অনুযায়ী, পঞ্চম গ্রেডের একজন উপসচিব প্রায় ৬৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডের একজন যুগ্ম সচিব প্রায় ৮৫ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডের একজন অতিরিক্ত সচিব প্রায় ৯২ হাজার টাকা এবং সচিব ও গ্রেড-১ পর্যায়ের কর্মকর্তা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন-ভাতা ও সুবিধা পান। এই গড় হিসাব ধরে ৭১৪ কর্মকর্তার জন্য মাসে ব্যয় হচ্ছে প্রায় ৫ কোটি ৭৩ লাখ টাকা। তবে এতে চিকিৎসা, প্রশিক্ষণ, গাড়ি, দাপ্তরিক সুবিধা বা অন্যান্য আনুষঙ্গিক ব্যয় ধরা হয়নি। ফলে রাষ্ট্রের প্রকৃত ব্যয় আরও বেশি কি না, তা পৃথকভাবে হিসাব করা প্রয়োজন।

আদালতের নির্দেশনার পরও প্রশ্ন 

২০২০ সালের জানুয়ারিতে হাইকোর্ট ঘোষণা করেন, সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের (পাঁচ মাস) বেশি ওএসডি করে রাখা বেআইনি। আদালত বলেছিলেন, দীর্ঘদিন ওএসডিতে থাকা কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। পরবর্তী পূর্ণাঙ্গ রায়েও আদালত স্পষ্ট করেন, কোনো কর্মকর্তাকে ওএসডি করার পর তার বিরুদ্ধে অভিযোগ বা অনিয়মের বিষয় থাকলে তা তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ১৫০ দিনের পরও ওএসডি অব্যাহত রাখা আইনগত কর্তৃত্বের বাইরেÑ সুপ্রিম কোর্টের অনলাইন বুলেটিনে রায়ের এই সারাংশ প্রকাশিত হয়েছে। তবে ২০২০ সালে সরকারের আবেদনের পর হাইকোর্টের ওই রায়ের ওপর চেম্বার জজ স্থগিতাদেশ দেন। ফলে ওএসডি নিয়ে প্রশাসনিক বাস্তবতা, আদালতের নির্দেশনা এবং দীর্ঘমেয়াদি পদায়নের প্রশ্নটি এখনও অমীমাংসিত আছে।

কেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)

 প্রশাসনিক প্রয়োজন, পদোন্নতির পর উপযুক্ত পদ না থাকা, শৃঙ্খলাজনিত অভিযোগ কিংবা বিশেষ পরিস্থিতিতে কোনো কর্মকর্তাকে ওএসডি করা হতে পারে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময়ে ওএসডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও উঠেছে। সরকার পরিবর্তনের সঙ্গে কর্মকর্তাদের ‘এই পক্ষ’ বা ‘ওই পক্ষ’ হিসেবে চিহ্নিত করার সংস্কৃতি প্রশাসনের পেশাদারত্বকে দুর্বল করেÑ এমন অভিযোগ দীর্ঘদিনের। বিশেষজ্ঞরা বলছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ থাকলে সেটির নিষ্পত্তি না করে কোনো কর্মকর্তাকে দীর্ঘদিন দায়িত্বের বাইরে রাখা হলে সেটি কার্যত শাস্তিমূলক ব্যবস্থার মতো হয়ে ওঠে।

দপ্তর নেই, তারপরও কাজেরও কি অভাব 

প্রশাসনের কর্মকর্তাদের একটি অংশ মনে করে, ওএসডি বা সংযুক্ত কর্মকর্তাদের বসিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। সব কর্মকর্তাকে তাদের আগের পদেই দিতে হবেÑ এমনও নয়। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার চাইলে তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন অধিদপ্তর, কমিশন, প্রকল্প বা বিশেষায়িত কাজে ব্যবহার করতে পারে। যে কর্মকর্তা ভূমি প্রশাসনে অভিজ্ঞ, তাকে ভূমি-সংক্রান্ত কাজে; যিনি প্রকল্প বাস্তবায়নে দক্ষ, তাকে প্রকল্প তদারকিতে; যিনি নীতি বিশ্লেষণে অভিজ্ঞ, তাকে নীতি গবেষণা বা সংস্কার কার্যক্রমে কাজে লাগানো যেতে পারে। পদোন্নতি না দিয়েও তাদের দাপ্তরিক কাজে নিয়োজিত করা সম্ভব। এতে একদিকে নতুন জনবল নিয়োগের চাপ কমবে, অন্যদিকে অভিজ্ঞ কর্মকর্তাদের দক্ষতাও কাজে লাগবে।

প্রশাসন কি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠবে না?

 সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আনোয়ার ফারুকের মতে, ‘রাজনৈতিক বিভাজন যতদিন প্রশাসনে থাকবে, ততদিন এ ধরনের সমস্যা পুরোপুরি দূর করা কঠিন। সরকার পরিবর্তনের সঙ্গে কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয়ে ভাগ করার প্রবণতা বন্ধ না হলে এক সরকারের সময়ে সুবিধাপ্রাপ্ত কর্মকর্তারা অন্য সরকারের সময়ে বঞ্চিত হতে পারেন।’

তিনি বলেন, ‘সরকার আসবে, সরকার যাবে; কিন্তু পেশাদার ও নিরপেক্ষ সিভিল সার্ভিসকে স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে হবে। কারণ একজন কর্মকর্তা ২০-২৫ বছর চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন করেন, সেটি কোনো নির্দিষ্ট সরকারের সম্পদ নয়। সেটি রাষ্ট্রের সম্পদ।’

এখন সিদ্ধান্তের সময়

৭১৪ কর্মকর্তার বিষয়টি তাই শুধু মাসে ৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ের প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের জনবল ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক নিরপেক্ষতার প্রশ্ন। রাষ্ট্রের প্রশাসন কোনো সরকারের সাময়িক সম্পদ নয়। এটি রাষ্ট্রের স্থায়ী কাঠামো। তাই একজন কর্মকর্তার রাজনৈতিক পরিচয় নয়, তার দক্ষতা, সততা ও পেশাগত সক্ষমতাই দায়িত্ব পাওয়ার প্রধান মানদণ্ড হওয়া উচিত।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা