গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে একই সারিতে ছিল বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। অধুনা নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথের কর্মসূচিতে তাদের মধ্যে ছিল নানা মাত্রার সমন্বয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সেই রাজনৈতিক সমীকরণ নতুন এক রূপ পেতে শুরু করে। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর তাদের সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। সরকারের প্রথম ছয় মাসের মধ্যেই সরকার ও বিরোধী দলের সম্পর্ক যেন সাপে-নেউলে হয়ে উঠেছে।
গত ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ঘিরে সূত্রপাত হয় উভয় পক্ষের বিরোধের। জাতীয় নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াত-এনসিপি জোট ৭৭টি আসনে জয়ী হয়। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তখন জাতীয় সংসদ সচিবালয় নির্বাচিত এমপিদের দুটি শপথ গ্রহণের ব্যবস্থা করে। যাতে গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও ভূমিকা রাখতে পারে। কিন্তু জামায়াত-এনসিপি জোটের সদস্যরা তখন দুটি শপথ নিলেও সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় বিএনপির প্রতিনিধিরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
এর প্রতিক্রিয়ায় ওইদিন বিকালেই জামায়াত-এনসিপি জোট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করে। পরে সরকার গণভোট সম্পর্কিত অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস না করায় তা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যায়। এর পরপরই জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এ নিয়ে জামায়াত ও এনসিপি জোট নানা কর্মসূচি পালন করে চলেছে। আগামী সেপ্টেম্বরেও তাদের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি রয়েছে। বিভিন্ন স্থানে সরকারি দলের যুব ও ছাত্র সংগঠনের সঙ্গে ১১-দলীয় (কার্যত ৯-দলীয়) নেতাকর্মীদের সংঘাত-সংঘর্ষও হয়েছে।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সমন্বয়। বিএনপি তাদের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে তুলে ধরেছিল বৃহত্তর গণতান্ত্রিক পরিবর্তনের রূপরেখা হিসেবে। দলটি দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা বলে আসছে। কিন্তু নির্বাচনের পর সংস্কারের প্রশ্নেই বিএনপি ও বিরোধীদের মধ্যে প্রথম বড় রাজনৈতিক সংঘাত তৈরি হয়। বিএনপি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত সরকার হিসেবে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ায় সংস্কার করতে চাইছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি মনে করছে, জুলাই জাতীয় সনদ ও গণভোটের মাধ্যমে যে সংস্কারের রাজনৈতিক ম্যান্ডেট তৈরি হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন বিএনপি ও বিরোধী জোটের সম্পর্কের অন্যতম প্রধান বিরোধের জায়গা। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় (কার্যত ৯-দলীয়) জোট জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, ‘সনদ বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।’
অন্যদিকে সংসদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ একাধিক নেতা জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি দিলেও বিরোধী দল জামায়াত-এনসিপি এখনও সংস্কার প্রশ্নে অনড় রয়েছেন। জাতীয় সংসদে ইতোমধ্যেই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যাতে বিরোধী দলের জন্য সংরক্ষিত ৫টি সদস্য পদে এখনও নাম দেয়নি জামায়াত-এনসিপি। ১২ সদস্যের সংবিধান সংশোধনে বিশেষ কমিটি ইতোমধ্যেই প্রথম বৈঠকে মিলিত হয়েছে। সরকারি দল এখনও আশাবাদী বিরোধী দল তাদের সদস্যদের নাম দেবে।
জুলাইয়ের মালিকানা নিয়ে টানাটানি
জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক মালিকানা নিয়েও দুই দলের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে। ছাত্রদের নেতৃত্বে গঠিত এনসিপি এই আন্দোলনের একক কৃতিত্ব তাদের বলে দাবি করছে। তারা বলছে, গত ১৭ বছর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। এমনকি তাদের নেত্রী খালেদা জিয়ার বাড়ি সামনে থেকে একটি বালুর ট্রাক সরানোর সক্ষমতা দেখাতে পারেনি। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস জাতিসংঘে গিয়ে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে এক ছাত্রনেতাকে পরিচয় করিয়ে দেন। অবশ্য জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণঅভ্যুত্থানের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই।’ আবার বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে আন্দোলনের প্রধান নেতৃত্বের একজন হিসেবে তুলে ধরা হয়েছে।
সংঘাতের চিত্র
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জানুয়ারি-মার্চ ২০২৬-এর হিসাবে রাজনৈতিক দলগুলোর সংঘাতের মধ্যে বিএনপি ও জামায়াতের মধ্যে ১২০টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৯৩৫ জন আহত এবং ৮ জন নিহত হন। একই সময়ে বিএনপি-এনসিপির মধ্যে ১১টি সংঘর্ষে ৯৭ জন আহত হন। বিএনপির অভ্যন্তরীণ সংঘাতের ঘটনাই ছিল ৬০টি; এতে ৫২৫ জন আহত ও ১১ জন নিহত হন। সব রাজনৈতিক দল মিলিয়ে ওই তিন মাসে ২৯০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ২ হাজার ১৯৯ জন আহত এবং ৪৩ জন নিহত হন। এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর সেটি হলোÑ আগে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াতের সংঘাত ছিল তুলনামূলকভাবে সীমিত; কিন্তু নির্বাচনের পর ক্ষমতাসীন বিএনপি এবং প্রধান বিরোধী জামায়াতের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতা মাঠপর্যায়ে সংঘর্ষের রূপ নিয়েছে।
অধিকার-এর এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিক প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতায় ৪১ জন নিহত ও ৯৭০ জন আহতের কথা বলা হয়েছে। একই সময়ে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের ৫৭টি ঘটনায় চারজন নিহত ও ৪০০ জন আহত হন; এনসিপির অভ্যন্তরীণ সংঘর্ষের দুটি ঘটনায় ১৬ জন আহত হন। ক্ষমতার পরিবর্তনের পর সংঘাত সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। জুলাই মাসে এনসিপির ‘জুলাই জাগরণ পদযাত্রা’কে কেন্দ্র করে হবিগঞ্জে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে এনসিপির প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন। দুই পক্ষই পরস্পরকে দায়ী করে।
এর দুই দিন পর সিলেটের গোলাপগঞ্জে এনসিপির বহরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি গাড়ির কাচ ভাঙে। সারজিস আলম এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন। বিএনপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
এনসিপির পক্ষ থেকে বিএনপিকে লক্ষ্য করে কঠোর ভাষার বক্তব্যও এসেছে। অন্যদিকে বিএনপির নেতারাও এনসিপি ও জামায়াতের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছেন। আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় যে রাজনৈতিক শক্তিগুলো একই দাবিতে একত্র হয়েছিল, ক্ষমতার প্রশ্নে তারা এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র নির্বাচনের মাস ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসের প্রতিবেদনে বলেছে, এই সময়ে গণপিটুনি, রাজনৈতিক সংঘাত, সাংবাদিকদের ওপর হামলা এবং কারাগারে মৃত্যুর অনেকগুলো ঘটনা ঘটেছে। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৯টি। কারাগারে বন্দি বা বিচারাধীন থাকার সময় মৃত্যু হয়েছে ৫৫ জনের, ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৬৫টি। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে মব সহিংসতায় মারা গেছে ১২০ জন।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি-এইচআরএসএস-এর রিপোর্ট অনুযায়ী, গত বছরের প্রথম ছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনার বিপরীতে চলতি বছরের প্রথম ছয় মাসে এই সংখ্যা ছিল ৮৩০টি। জানুয়ারি থেকে জুন- এই ছয় মাসে ১,৬২১ জন নারী সহিংসতার শিকার হয়েছেন, যা গত বছরের একই সময়ের ১,০৪২টি ঘটনার তুলনায় ৫৬ শতাংশ বেশি।
এ ছাড়াও আধিপত্য বিস্তার নিয়ে ক্যাম্পাসগুলোয় ক্ষমতাসীন ছাত্রদল ও শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বিরোধী দল এনসিপি ও জামায়াতের ওপর হামলার ঘটনাও ঘটেছে গত কয়েক মাসে।
উস্কানিমূলক বক্তব্যও উত্তেজনা বাড়াচ্ছে
উভয় পক্ষের রাজনৈতিক বক্তব্যের ভাষা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে এনসিপির কয়েকজন নেতার বক্তব্য বিএনপির সঙ্গে বিরোধকে আরও তীব্র করেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগীদের বিচারের বিষয়ে বিএনপির বক্তব্য বাস্তবে বাস্তবায়ন করতে হবে।’ অন্যদিকে বিএনপির নেতারা এবং জামায়াত ও অন্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর বক্তব্য দিচ্ছেন। সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াত ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করার চেষ্টা করছে।
বিরোধী দল সংসদে, আবার রাজপথেও
বিএনপি ক্ষমতায় আসার পর জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের কৌশলও বদলেছে। সংসদে তারা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করছে, পাশাপাশি রাজপথে কর্মসূচি দিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণভোটের রায়, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারÑ এসব বিষয়কে কেন্দ্র করে বিরোধীরা ধারাবাহিক কর্মসূচি নিয়েছে। জুনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট জুলাই মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দেয়। এদিকে এনসিপিও জুলাই পদযাত্রার মাধ্যমে ৬৪ জেলায় কর্মসূচি নেয়। ফলে সরকারের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক একদিকে সংসদীয় বিরোধিতা, অন্যদিকে রাজপথের চাপ।
যা বলছেন নেতারা
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। তবে ক্ষমতার জোরে বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করতে চায়। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করা হবে।’ তিনি বলেন, ‘সরকারের কাছে গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রত্যাশা করেছিল জনগণ। কিন্তু বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জাতির সঙ্গে বেইমানি করেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে।’
অন্যদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব। বিরোধী দল অনেক বেশি অসহিষ্ণু হয়ে পড়েছে। সংবিধান সংশোধন বিষয়ে সরকারের নির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। আমরা জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করব। বিরোধী দলের উচিত ছিল আমাদের ওপর আস্থা রাখা। তারা সেটা না করে রাজপথে আন্দোলন কর্মসূচি দিয়েছে। তাদের মনে রাখা উচিত ছিল সংবিধানের সংশোধন বা সংস্কার যেটাই চান না কেন, সংসদেই আসতে হবে।’ তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে তাদের সদস্যদের নাম দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সময় এখনও শেষ হয়ে যায়নি।’