× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্ন বিলীন হচ্ছে জীবনের দামে

আজিজুল ইসলাম

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১১:০৩ এএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১১:০৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

চোখের সামনে তৃষ্ণা আর ক্ষুধায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সঙ্গীরা। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে ভেসে থাকায় পচন ধরেছে জীবিতদের শরীরেও। মৃতদেহগুলো থেকে যখন তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করেছে, তখন বাধ্য হয়ে চোখের জলে সঙ্গীদের প্রাণহীন নিথর দেহগুলো ভাসিয়ে দিতে হয়েছে ভূমধ্যসাগরের অতল জলরাশিতে। গ্রিসে পৌঁছানোর রঙিন স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় চড়ে বসা ৩৬ ঘণ্টার এক যাত্রা এভাবেই পরিণত হয়েছিল ১০ দিনের বিভীষিকাময় মৃত্যুযাত্রায়।

বেঁচে ফেরা বাংলাদেশি যুবক আবদুল করিমের এই বর্ণনা শুধু একটি নৌকার নয়, বরং ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে দালালের খপ্পরে পড়া হাজারো তরুণের করুণ নিয়তির প্রতিচ্ছবি। উন্নত জীবনের আশায় ঘরছাড়া অনেক তরুণের মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে; অথৈ নীলজলে মিশে আছে কত মায়ের চোখের জল, কত তরুণের না-বলা আর্তনাদ। জীবনের ঝুঁকি নিয়ে, সহায়-সম্বল বিক্রি করে তারা যে মরীচিকার পেছনে ছুটছেন, তা দিন শেষে তাদের ঠেলে দিচ্ছে এক নির্মম অন্ধকারের দিকে, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই।

ট্রমার নাম ‘লিবিয়া রুট’ 

নোয়াখালীর সেনবাগের ২৫ বছর বয়সী মামুনের গল্পটাও এমনই। ১৬ মার্চ দালালের হাতে ১২ লাখ টাকা তুলে দিয়ে শুরু হয়েছিল তার ‘ইউরোপ যাত্রা’। দালাল হাসান, যার বাড়ি কুষ্টিয়ায় হলেও নিজেকে ময়মনসিংহের বলে পরিচয় দিয়েছিল এবং ঢাকার আশকোনায় যার একটি সুসজ্জিত অফিসও ছিল, সে মামুনকে ইতালির রঙিন স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্নের ফাঁদে পা দিয়ে বাংলাদেশ থেকে ভারত, শ্রীলঙ্কা, মিসর হয়ে লিবিয়াÑ প্রতিটি ধাপে দিতে হয়েছে মুক্তিপণ। শ্রীলঙ্কার বিমানবন্দরে ৩৫০ ডলার এবং মিসরের বিমানবন্দরে আরও ৩০ ডলার ঘুষ দিতে বাধ্য হন তিনি।

কখনও দিনের পর দিন হোটেলে বন্দি (শ্রীলঙ্কায় ১৫ দিন ও মিসরে ২১ দিন), কখনও মাফিয়াদের টর্চার সেল। লিবিয়া উপকূলে সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর তেলের ট্যাংকে পুরে আট ঘণ্টা ঘোরানো হয় তাকে, স্থানান্তর করা হয় একাধিক কারাগারে। লিবিয়া ও বাংলাদেশ সরকারের সহায়তায় ৭ জুলাই শূন্য হাতে দেশে ফিরে এলেও সেই দুঃস্বপ্ন আজও তাড়া করে মামুনকে। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওই দিনগুলোর কথা মনে হলে আমি এখনও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি।’

লক্ষ্মীপুরের ২৭ বছর বয়সী তারিকুর রহমানের অভিজ্ঞতাও অভিন্ন। ২০২০ সালের ১ জানুয়ারি লিবিয়ার ত্রিপোলিতে পৌঁছানো এই তরুণ মাত্র ৪ লাখ টাকার চুক্তিতে ঘর ছেড়ে লিবিয়ায় সাড়ে ছয় বছর আটকে ছিলেন। ত্রিপোলির ক্যাম্পে শত শত তরুণের সঙ্গে মানবেতর জীবন কাটিয়েছেন। দুবার মাফিয়াদের হাতে বন্দি হয়েছেন, আর প্রতিবারই দেশ থেকে সর্বস্বান্ত হয়ে মুক্তিপণের টাকা পাঠিয়েছে তার পরিবার। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘লিবিয়ার আইনশৃঙ্খলা বলতে কিছু নেই, সেখানে মাফিয়াদের দৌরাত্ম্যই শেষ কথা। আর ওই দালালদের হাত অনেক লম্বা।’

দালালদের প্রতারণার শিকার হয়ে এমন হাজারো তরুণ আজ সর্বস্বান্ত। দেশে ফেরার পর ব্র্যাকের মতো সংস্থা তাদের চিকিৎসা ও বাড়ি ফেরার সামান্য ভাড়ার ব্যবস্থা করলেও এই তরুণদের বুকভরা স্বপ্ন আর জীবনের অমূল্য সময় কে ফিরিয়ে দেবে?

লাশের মিছিলে শীর্ষে বাংলাদেশ

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান বা দারিদ্র্যপীড়িত সুদানের মানুষকেও পেছনে ফেলে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ায় এখন শীর্ষে বাংলাদেশিরা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ভূমধ্যসাগরে মৃত বা নিখোঁজ হয়েছেন ১ হাজার ৬৬৮ জন অভিবাসীপ্রত্যাশী। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৩৫ জন। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে এই মৃত্যুমিছিল আরও দীর্ঘ হয়েছে। এর মধ্যে ভূমধ্যসাগরীয় পথে নিহত বা নিখোঁজ হয়েছেন ৮৭২ জন। আর এই পথে মৃত্যুবরণকারীদের ২৬ শতাংশই বাংলাদেশি, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।

ফ্রনটেক্সের বরাতে ব্র্যাক বলছে, এই ছয় মাসে লিবিয়া থেকে সমুদ্রপথে ৩ হাজার ৬০৮ জন বাংলাদেশি গ্রিসে পৌঁছেছেন। কিন্তু যারা পৌঁছাতে পারেননি, তাদের গল্পগুলো চিরতরে হারিয়ে গেছে সমুদ্রের গহিনে। দালালদের প্রলোভনে পড়ে এভাবেই দেশের সম্ভাবনাময় তরুণরা ইউরোপের অলীক স্বপ্নে বিভোর হয়ে নিজেদের সঁপে দিচ্ছেন আন্তর্জাতিক মানব পাচার চক্রের হাতে।

রাবারের নৌকায় ভাসমান মৃত্যু 

৩ আগস্ট লিবিয়ার তবরুক থেকে ৩৮ জন বাংলাদেশিসহ ৪২ জনকে তোলা হয় মাত্র ২৫ জন ধারণক্ষমতার একটি রাবারের নৌকায়। নৌকাটিতে একটিমাত্র সাধারণ স্পিডবোটের ইঞ্জিন লাগানো ছিল। ছিল না কোনো দিকনির্দেশক যন্ত্র, ছিল না পর্যাপ্ত খাবার বা পানি। জ্বালানি ফুরিয়ে গেলে মাঝসাগরে ১০ দিন ভাসার পর ১৩ আগস্ট মিসর উপকূলে ২৯ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তীব্র গরম আর প্রচণ্ড রোদে প্রাণ হারান ৯ বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক। বেঁচে ফেরা করিমের কণ্ঠে সেই ভয়াবহতার চিত্র ফুটে ওঠে, ‘৯ বাংলাদেশি আমাদের চোখের সামনেই মারা যান। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশ পচতে শুরু করেছিল এবং তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল।’

এর আগে গত মার্চেও একই রুটে দিক হারিয়ে ছয় দিন ভাসার পর গ্রিস উপকূল থেকে ২১ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। গ্রিস কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ওই নৌযানে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছিল। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, মানব পাচারকারীর নির্দেশে মৃতদের মরদেহগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। একই মাসে আরেকটি প্রতিবেদনে ১৮ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়; এদের ১২ জনের বাড়ি সুনামগঞ্জ। ঘটনার স্থান বা সময় ভিন্ন হলেও মৃত্যুর ধরন একইÑ অযোগ্য নৌযান, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, দিক হারানো, খাবার ও পানির তীব্র সংকট এবং শেষে অবধারিত মৃত্যু।

শেকড় থেকে আন্তর্জাতিক মাফিয়া

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, এটি কেবল গুটিকয়েক দালালের কাজ নয়; বরং শেকড় থেকে আন্তর্জাতিক মাফিয়া পর্যন্ত বিস্তৃত এক বিশাল সংঘবদ্ধ অপরাধ। ২০১৮ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মানব পাচার-সংক্রান্ত মামলা হয়েছে ৬ হাজার ৮২৫টি। এসব মামলায় আসামি ৩০ হাজার ২৯৫ জন, যার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পেরেছে মাত্র ১১ হাজার ২৮০ জনকে। চলতি বছর জানুয়ারি থেকে মে মাসে ৫০০টি মামলা হয়েছে।

বাংলাদেশ থেকে ভারত, দুবাই বা শ্রীলঙ্কা হয়ে মিসর এবং শেষে লিবিয়াÑ এই দীর্ঘ পথে প্রতিটি ট্রানজিটে যেন ধাপে ধাপে বিক্রি হয় মানুষের জীবন। কখনও বিমানে, কখনও দুর্গম মরুপথে, আবার কখনওবা প্রাণবিনাশী উত্তাল সাগরে। দালালরা প্রতিশ্রুতি দেয় ইউরোপের, কিন্তু বাস্তবে মেলে অন্ধকার কারাগার অথবা উত্তাল সমুদ্রের নোনাজল।

উদ্ধার হয়ে বা ব্যর্থ হয়ে দেশে ফেরা মানুষের সংখ্যাও কম নয়। ব্র্যাকের তথ্য বলছে, ২০২৫ সালে মধ্যপ্রাচ্য থেকে ফেরা ২ হাজার ৭৩৮ জনকে এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ২৭১ জনকে বিমানবন্দরে সহায়তা দেওয়া হয়েছে।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান আক্ষেপ করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর চেয়েও বাংলাদেশিদের এই করুণ পরিণতি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য চরম ক্ষতিকর। তিনি বলেন, ‘এসব ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সর্বোচ্চ পর্যায় থেকে মানব পাচার বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় অঙ্গীকার থাকতে হবে।’

স্বপ্ন বেচাকেনার এই নির্দয় হাটে কেবল দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই মিছিল থামানোর দায়িত্ব এখন কেবল একটি পরিবারের নয়, পুরো রাষ্ট্রের। শক্ত হাতে এই সংঘবদ্ধ চক্রের শেকড় উপড়ে না ফেললে ভূমধ্যসাগর এভাবেই গিলতে থাকবে আমাদের হাজারো তরুণের রঙিন স্বপ্ন ও সম্ভাবনাময় জীবন। আর এভাবেই ভূমধ্যসাগরের প্রতিটি ঢেউয়ের সঙ্গে আছড়ে পড়বে স্বজন হারানো কোনো মায়ের বুকফাটা আর্তনাদ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা