কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূইয়া
বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ০১:১৪ এএম
অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান (মাঝে), ড. জাহাঙ্গীর আলম খান (বাঁয়ে) ও ড. সাজ্জাদ হোসেন ভূইয়া। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূইয়া।
মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী এই তিনজনকে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে আইনের ধারা ৫-এর উপধারা (১) অনুযায়ী বিচারপতি একেএম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে বিচারপতি আসাদুজ্জামানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান। অপর দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে হাইকোর্ট বিভাগের বিচারকের সমান। জনস্বার্থে জারি করা এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্চ কমিটি তিনজনের নাম চূড়ান্ত করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপরই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে দুদকের ২১ বছরের ইতিহাসে দীর্ঘ সাড়ে ৫ মাস শূন্য থাকার পর নতুন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো।
নতুন চেয়ারম্যান বিচারপতি একেএম আসাদুজ্জামানের রয়েছে দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের আগস্টে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হন। ২০২৫ সালের মার্চে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং শপথ নেন। বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ফেব্রুয়ারিতে তিনি অবসরে যান।
নতুন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান কৃষি অর্থনীতি ও গবেষণা খাতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গবেষণা ও কৃষি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে তিনি একুশে পদক পান।
অপর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া দীর্ঘদিন রাজস্ব প্রশাসনে কাজ করেছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও কর কমিশনার ছিলেন। ২০২৫ সালের মে মাসে তাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্য সচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। দুদক আইন অনুযায়ী, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেন। নতুন তিনজনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস পর পূর্ণাঙ্গ কমিশন ফিরে পেল দুর্নীতি দমন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করেছে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার হিসেবে একেএম আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূইয়ার নাম চূড়ান্ত করে।
সামনে বড় চ্যালেঞ্জ
নতুন কমিশনের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হবেÑ দুদক কতটা স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকরভাবে দুর্নীতির অভিযোগ মোকাবিলা করতে পারে। শুধু মামলা করা বা অনুসন্ধান শুরুই নয়; অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রমাণ সংগ্রহ, দ্রুত আইনি প্রক্রিয়া এবং আদালতে মামলার ফলাফল নিশ্চিত করাÑ সবগুলো ধাপেই দুদকের সক্ষমতা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে কাজ করার সক্ষমতাও নতুন কমিশনের গ্রহণযোগ্যতার বড় মাপকাঠি হবে।
সাম্প্রতিক বছরগুলোতে দুদকের কার্যক্রমে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা যেমন আলোচনায় এসেছে, তেমনি সংস্থাটির স্বাধীনতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন কমিশনের ক্ষেত্রে তাই কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে; এর পাশাপাশি কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে নাÑ সেটিও জন-আস্থার পরীক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
কেন এই নিয়োগ গুরুত্বপূর্ণ
নতুন চেয়ারম্যান একজন সাবেক আপিল বিভাগের বিচারপতি। একজন কমিশনারের রয়েছে কৃষি অর্থনীতি, গবেষণা ও প্রশাসনের অভিজ্ঞতা; অন্যজন দীর্ঘদিন রাজস্ব ও আর্থিক ব্যবস্থাপনায় কাজ করেছেন। পেশাগত দিক থেকে এই বৈচিত্র্য কমিশনের কাজের পরিধিতে ভারসাম্য আনতে পারে।
বিশেষ করে অবৈধ সম্পদ, অর্থপাচার, কর ফাঁকি, আর্থিক অনিয়ম ও সরকারি সম্পদ ব্যবস্থাপনার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রাজস্ব ও আর্থিক খাতের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। আর বিচারপতি আসাদুজ্জামানের দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা দুদকের অনুসন্ধান ও মামলার আইনি দিককে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে শেষ পর্যন্ত নতুন কমিশনের মূল্যায়ন হবে তার কাজ দিয়ে। কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, তদন্তে কতটা পেশাদারত্ব দেখায়, দুর্নীতির অভিযোগে কতটা দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ নেয় এবং আদালতে মামলার ফলাফল কতটা নিশ্চিত করতে পারেÑ এসবের ওপরই নির্ভর করবে নতুন কমিশনের সাফল্য।