× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাশের ওপর দাঁড়িয়ে আছে জাহাজভাঙা শিল্প

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ০৯:৩১ এএম

সীতাকুণ্ডের সাগরপাড়ের জাহাজভাঙা শিল্প দাঁড়িয়ে আছে লাশের ওপর। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সীতাকুণ্ডের সাগরপাড়ের জাহাজভাঙা শিল্প দাঁড়িয়ে আছে লাশের ওপর। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সীতাকুণ্ডের সাগরপাড়ের জাহাজভাঙা শিল্প দাঁড়িয়ে আছে লাশের ওপর। সেখানে ১৩ বছরে ১৬১ জন মানুষ সংখ্যা হয়ে গেছে। মুছে গেছে নাম, হারিয়ে গেছে শরীর। প্রতিটি মৃত্যুর পর প্রতিবারই কয়েক দিন হইচই হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের। কিন্তু কিছুই আর হয়নি এরপর। গত শুক্রবার সেখানে আবারও এক দিনেই ঝরে পড়ল ৯টি তাজা প্রাণ। আর তার পরদিন প্রকাশ পেল আরও নির্মম তথ্যÑ দুর্ঘটনাটি ঘটেছে একটি ‘গ্রিন সার্টিফায়েড’ ইয়ার্ডে! অথচ সেখানেই তো প্রাণের নিরাপত্তা সবচেয়ে বেশি থাকার কথা। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, এই গ্রিন সনদ আসলে নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু দিতে পারে।

সংখ্যাই বলে দিচ্ছে নিরাপত্তা সত্যিই আছে কি না

পরিসংখ্যান বলছে, গত ১৩ বছরে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেছে ১৬১ জনের। এদের প্রায় সবাই সাধারণ জাহাজভাঙা শ্রমিক। বছরওয়ারি হিসাবে ২০১৪ সালে মারা যান ৯ জন, ২০১৫ সালে ১৬ জন, ২০১৬ সালে ১৭ জন এবং ২০১৭ সালে ১৫ জন শ্রমিক। ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ জনে, আর ২০১৯ সালে ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে তা পৌঁছে সর্বোচ্চে। এরপর ২০২০ সালে ১১ জন, ২০২১ সালে ১৪ জন এবং ২০২২ সালে ১০ জন শ্রমিক প্রাণ হারান। পরবর্তী তিন বছরে মৃতের সংখ্যা কমে এলেও কখনোই একদম থামেনি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে ৫ জন, ২০২৪ সালে ৭ জন এবং ২০২৫ সালে ৩ জনের মৃত্যু ঘটে। আর চলতি ২০২৬ সালের প্রথম সাড়ে সাত মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। যার মধ্যে নয়জনই মারা গেছেন গত শুক্রবার এক দিনেই। এই সংখ্যা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনার ফল নয়। এটি একটি শিল্পের নিয়মিত, নির্মম বাস্তবতা, যা প্রতি বছর জেনেশুনে ঘটতে দেওয়া হচ্ছে।

গ্রিন সনদই যখন প্রতারণার অস্ত্র

প্রতিটি ইয়ার্ডকে লাইসেন্স পেতে নিরাপত্তা ছাড়পত্র নিতে হয়। নিয়মিত তদারকিরও বিধান আছে। ‘গ্রিন শিপইয়ার্ড’ নামে যে নিরাপদ কাঠামো তৈরি করা হয়েছে, বাস্তবে তা কার্যত কাগুজে বাঘ। মালিকরা সরাসরি শ্রমিক নিয়োগ না দিয়ে কাজ চাপিয়ে দেন ঠিকাদার, সাব-ঠিকাদারের কাঁধে। যারা দ্রুত কাজ শেষ করতে গিয়ে সুরক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখান। রাত ৮টার পর জাহাজ না কাটার নির্দেশ থাকলেও এ নিয়ম নিয়মিত লঙ্ঘিত হয়। দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ ও আইনি জটিলতা এড়াতে লাশ গুম বা সাগরে ভাসিয়ে দেওয়ার মতো অভিযোগও উঠেছে বারবার। একসময় সীতাকুণ্ডে ছোট-বড় প্রায় ১৬০টি স্ক্র্যাপ জাহাজ ভাঙার ইয়ার্ড ছিল। বর্তমানে সচল ২৩টি ইয়ার্ডের সবগুলোই এখন গ্রিন তকমাধারী। এভাবে কখনও অসৎ সমঝোতার মাধ্যমে, কখনও-বা অনিয়ম-দুর্নীতি করে গ্রিন ইয়ার্ড সনদ নিয়ে কার্যত অনিয়মের সামনে দেয়াল তোলা হচ্ছে।

যেভাবে থেমে গেল নয়টি জীবন

গত শুক্রবার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজের এলএনজি ট্যাংক কাটার কাজ ছিল প্রায় শেষ পর্যায়ে। কাগজে-কলমে এটিও একটি ‘গ্রিন সার্টিফায়েড ইয়ার্ড’। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ফোরম্যানের নেতৃত্বে সাত-আটজন শ্রমিক ট্যাংকের চারপাশ কেটে সরে যান। মিনিট দশেক পর গর্তটি পুরো খুলতে গেলে প্রথমে দুই শ্রমিক জ্ঞান হারিয়ে পড়ে যান। উদ্ধার করতে গিয়ে একে একে আক্রান্ত হন অন্য শ্রমিকরাও। উদ্ধারে যাওয়া ফোরম্যান ও মাস্ক পরে দেখতে যাওয়া নিরাপত্তা কর্মকর্তাও লুটিয়ে পড়েন বিষাক্ত গ্যাসে। 

নিহত এক শ্রমিকের ভাই শুভ দাসের অভিযোগ, ‘কারখানায় নিজস্ব অ্যাম্বুলেন্স ছিল না। প্রধান ফটক বন্ধ রেখে ঘটনা গোপন রাখার চেষ্টাও হয়েছে। এভাবে সময় নষ্ট করায় আরও কটি প্রাণ ঝরে গেছে।

হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়া

দুর্ঘটনার পরদিন গতকাল শনিবার বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শনে জাহাজের ভেতরে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড শনাক্ত হওয়ার তথ্য সামনে আসে। এরপরই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এসব প্রশ্নÑ এই বিষাক্ত গ্যাসের উৎস কী, কীভাবে তা জাহাজের বদ্ধ অংশে জমেছিল এবং জাহাজ কাটার আগে নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছিল কি না।

বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এসএম সাখাওয়াত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর মাল্টি-গ্যাস ডিটেক্টর দিয়ে জাহাজের ভেতরে পরীক্ষা চালিয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক ধারণা, এই গ্যাসের বিষক্রিয়াই শ্রমিকদের মৃত্যুর মূল কারণ। যেহেতু হাইড্রোজেন সালফাইড পানিতে দ্রবীভূত হয়। তাই সমন্বিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পানি দিয়ে জাহাজের ভেতরের অংশ ধুয়ে গ্যাস অপসারণের ব্যবস্থা নিতে হবে।’

সংশ্লিষ্টদের মতে, পুরনো এলএনজি জাহাজটির ইঞ্জিন রুমের একটি বদ্ধ ট্যাংক বা অংশে কাজের সময় দুজন শ্রমিক অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অন্য শ্রমিকেরা সেখানে গেলে তারাও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। অথচ নিয়ম অনুযায়ী জাহাজ কাটার আগে সেটিকে সম্পূর্ণ গ্যাসমুক্ত করার কথা।

দুর্ঘটনাকবলিত শিপইয়ার্ড পরিদর্শন শেষে শিল্প সচিব আব্দুন নাসের খান বলেন, ‘দুর্ঘটনার আগে-পরে কী ঘটেছিল এবং এর সঙ্গে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে গঠিত কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিচার কার্যত ফাইলবন্দি থাকে

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নিহত শ্রমিকদের অনেকেরই পরিবার ময়নাতদন্তে রাজি হন না। ফলে মামলা গড়ায় দুর্বল অপমৃত্যু বা শ্রম আদালতে। যেখানে বিচার কার্যত ফাইলবন্দি হয়ে পড়ে থাকে। অথচ সাধারণ আদালতে হত্যা মামলা হলে আসামিরা সহজে জামিন পেতেন না। এই আইনি ফাঁকেই পার পেয়ে যাচ্ছেন দায়ীরা। আর পুলিশও দায় এড়িয়ে বলছে, শ্রম আদালতেই তো মামলা হবে।’

তপন দত্ত বলেন, ‘উন্নত বিশ্ব যখন পরিবেশগত কারণে নিজেদের দেশে জাহাজভাঙা বন্ধ করে দিচ্ছে, তখন সেই ঝুঁকিপূর্ণ ও ধ্বংসাত্মক কাজ ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের মতো দেশে। লক্ষাধিক দরিদ্র মানুষ বেকারত্বের তাড়নায় জীবন বাজি রেখে এ পেশায় নামছেন। মালিকপক্ষ, প্রশাসন কেউই তাদের সুরক্ষা দিচ্ছে না।’ 

ক্ষতিপূরণের অঙ্ক আর তদন্তের প্রতিশ্রুতি

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, ‘আইনি বিধানে ৭ লাখ টাকা ক্ষতিপূরণের কথা থাকলেও মালিকপক্ষ মানবিক বিবেচনায় বাড়তি ৩ লাখসহ মোট ১০ লাখ টাকা দিচ্ছে। তবে এই বাড়তি অর্থ কোনো আইনি বাধ্যবাধকতা নয়, নিছক মানবিক সহায়তা মাত্র। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।’ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা